ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ। পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তৌকির দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসনাবাদ এলাকার কথিত মাদক ব্যবসায়ী ইখতিয়ারের সহযোগী হিসেবে এলাকায় এবং বান্দুরা বাসস্ট্যান্ডে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে স্থানীয়দের ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এলাকাবাসী জানান, কয়েকদিন আগে নবাবগঞ্জ থানা পুলিশের একটি অভিযানে তৌকিরের সহযোগী সেন্টু বিপুল পরিমাণ মাদকসহ আটক হলেও তৌকির তখন পালিয়ে যেতে সক্ষম হন। তবে সর্বশেষ স্থানীয় যুবকদের উদ্যোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বর্তমানে তৌকির নবাবগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
