আল-আমিন, (দোহার): ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে পরিচালিত বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে হাওলাদার ফাউন্ডেশন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলার চালনাই ইটভাটা এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। মানবিক এ উদ্যোগে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংবাদিক আবু নাইম দোহারী, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল হান্নান সোহাগ, আপ বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সদস্য সচিব আছিফুর রহমান, শিক্ষক মৌমিন মুন্না, সদস্য অরিন মোড়ল, আবিদ হজরত, মো. রফিকুল এবং শিক্ষিকা মেহিরিমা প্রমুখ।
স্কুল ব্যাগ বিতরণ করেন হাওলাদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও দোহার উপজেলার সন্তান জসিম উদ্দিন। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের শিক্ষার অগ্রগতিতেই আমাদের মূল লক্ষ্য।”
বিদ্যালয় কর্তৃপক্ষ হাওলাদার ফাউন্ডেশনকে এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানায়। ব্যাগ পেয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।
