সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে ২১ নভেম্বর

0

যথাযথ মর্যাদা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী প্রদান করবেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আগামী ২১ নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও, তিন বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে এবং বঙ্গভবনে  রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণ’কে সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক), সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার পক্ষ হতে ২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সংবর্ধনায় উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে থাকবেন প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতিগণ, প্রাক্তন প্রধান উপদেষ্টাগণ, উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ, আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মুখ্য সচিব, বাহিনীত্রয়ের প্রাক্তন প্রধানগণ, প্রাক্তন সামরিক কর্মকর্তাগণ, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্বাধীনতা যুদ্ধের সকল বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারীগণ, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত কর্মকর্তা/তাদের উত্তরাধিকারীগণ, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তাগণ এবং তিন বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে।

আইএসপিআর আরও জানায়,  ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস/ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ ২১ নভেম্বর বেলা ২ টায়  হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাঁটসমূহে অবস্থান/নোঙ্গরকৃত অবস্থায় রাখা হবে।

২০ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘‘বিশেষ অনির্বাণ’’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার আগামী ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটিকায় ‘‘বিশেষ দুর্বার’’ অনুষ্ঠান সম্প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলসমূহে পরে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে। দিবসটি উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেনের নির্দেশ

ব্যাংকের প্রতিটি শাখায় , টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্টসংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ লেনদেনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না। যার ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক হতে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছে না। এ পরিস্থিতিতে জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রথমত জনসাধারণের চাহিদা মোতাবেক ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা লেনদেনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত লেনদেন স্বাভাবিক রাখার লক্ষ্যে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা সংরক্ষণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সংখ্যা মানতে হবে। তফসিলি ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় ১ টাকার কয়েন ২৪ হাজার পিস, ২ টাকার কয়েন ২৪ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ১৫ হাজার পিস রাখতে হবে।

এ ছাড়া অন্যান্য প্রতিটি শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ৫ হাজার পিস রাখতে হবে। আর প্রতিটি উপশাখায় ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ১ হাজার পিস রাখতে হবে।

তবে লেনদেনের ফলে ধাতব মুদ্রার স্থিতি হ্রাস পেতে পারে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, স্থিতি ন্যূনতম সংখ্যা থেকে হ্রাস পেলে জনসাধারণ, ফিডিং শাখা ও প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক হতে সংগ্রহ করতে পারবে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা জেলায় নতুন এসপি

0

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।

এতে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলার এসপি হিসেবে, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার কুমিল্লা এবং বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা পালিয়েছেন জানার পর যে অনুভূতি হয়েছিল, জানালেন ড. ইউনূস

0

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণস বিভিন্ন বিষয় নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তার এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

সেখানে একটি অংশ সাক্ষাৎকারগ্রহণকারী ড. ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল। তিনি অবাক হয়েছিলেন কিনা।

জবাবে তিনি বলেন, সবাই অবাক হয়েছিল। কারণ এটি খুব দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে, কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল। তারা ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে আশা ছিল এমন কিছু হবে। কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল।

সাক্ষাৎ ইউনূসকে প্রশ্নকারী বলেন, না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে।

জবাবে ড. ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আপনি কী নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম। কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তার সরকারি বাসভবন গণভবনের দিকে লাখ লাখ মানুষ রওনা দেন। এরপর অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন।

নবাবগঞ্জ আওয়ামীলীগ নেতা সাংবাদিক ইব্রাহিম খলিল আটক

0

ফয়সাল / রাকিব / আশিক: নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল আটক হয়েছেন। ইব্রাহিম খলিল কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
রোববার গভীর রাতে বাড্ডা থানার পুলিশ তাকে ঢাকা গ্রেপ্তার করে। তাঁর নামে নবাবগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম বলেন, রোববার রাতে বাড্ডা থানার পুলিশ তাঁকে রাজধানীর একটি বাসা থেকে ইব্রাহিম খলিলকে আটক করে। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে, আমরা তার নামে মামলা আছে বলে তথ্য দেই। পরবর্তীতে, সোমবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে ইব্রাহীম খলিলকে হস্তনান্তর করে বাড্ডা থানা।
তিনি আরও বলেন, জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট নবাবগঞ্জ উপজেলার ফাতেমা বেগম নামে এক মহিলা গুলিবিদ্ধ হলে, ২রা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ১৭৪ জনের নামে নবাবগঞ্জ থানায় মামলা করেন।

এছাড়াও, গত ২১ সেপ্টেম্বরে এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩৩ জনের নামে আরেকটি মামলা করে নবাবগঞ্জ থানায়। এ দুই মামলায় কলাকোপা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইব্রাহীম খলিল এজাহার নামীয় আসামী।

বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এ সভা। ১৬ ডিসেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক রঙের পতাকা টানানো হয়। এইটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

বিজয় দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর সবার জন্য। এ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দলের খারাপ সময়ে যারা ছিল, তারাই আগামীতে মূল্যায়ন পাবে: খন্দকার আবু আশফাক 

ফয়সাল /আশিক/রাকিব, নিউজ৩৯: আগামী বছরই হতে পারে বিএনপির জাতীয় কাউন্সিল। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ। গঠনতন্ত্র-গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের ৩ বছর পরপর বাধ্যবাধকতা রয়েছে কাউন্সিলের। তবে আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা, দমন-পীড়নসহ নানা বাধায় সেটি করতে পারেনি দলটি।

এই ব্যাপারে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, নির্বাচনের আগেই বিএনপির কাউন্সিল হতে পারে।  এ ব্যাপারে দলের শীর্ষ নেতারা আলাপ-আলোচনা করে দেখছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতেই আমরা কাউন্সিল করতে চাই।

তিনি বলেন, ‘দলের খারাপ সময়ে যারা পাশে ছিল, দেশের জন্য কাজ করেছে তাঁরা ওপরের দিকে উঠে আসবে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন ঘোষণা দিয়েছেন, এটা আমাদেরও দাবি।’

এবার দলটি নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায়। শীর্ষ পদে পরিবর্তন না এলেও স্থায়ী কমিটিসহ নানা পর্যায়ে নতুন মুখের দেখা মিলবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। আর এক্ষেত্রে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পর্যালোচনা করা হবে গত ১৬ বছরের আমলনামা। সেই আলোকেই নতুন আঙ্গিকে ভোটে যাবে দলটি। ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ৩ ও ৩৭ ভাইস-চেয়ারম্যানের মধ্যে ৯টিসহ সব মিলে কেন্দ্রীয় কমিটিতে পদ শূন্য প্রায় ১৩০টি। এছাড়া পুরো কার্যকর হয়নি এক নেতার এক পদ নীতি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা—কাউন্সিলের মাধ্যমে যোগ্যদের দিয়েই পূরণ করা হোক শূন্য পদ।

শহীদ শেখ রাকিবের বাসায় খন্দকার আবু আশফাক

0

আসাদ/সুমন /ফয়সাল: শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপি’র সভাপতি জননন্দিত নেতা খন্দকার আবু আশফাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নবাবগঞ্জ উপজেলার শেখ রাকিবের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। পরিবারের খোজ খবর নিয়ে, তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেন।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে মিছিলরত অবস্থায় গত ১৯শে জুলাই আনুমানিক বিকাল ৫ ঘটিকায় যমুনা ফিউচার পার্কের সামনে পুলিশ- ফ্যাসিস্ট আওয়ামিলীগের গুলিতে শহীদ হন শেখ রাকিব।

খন্দকার আবু আশফাক অশ্রুসজল চোখে বলেন, আমরা এই বাংলাদেশ পেয়েছি শহীদদের আত্মত্যাগে। রাকিবের মতো এইরকম শহীদ পরিবারের পাশে বিএনপি দাঁড়াবে। রাকিবের পরিবারের দায়িত্ব আমাদের। ছাত্র-জনতার আন্দোলনকারীরা তাদের দায়িত্ব পালন করেছে, এখন আমাদের দায়িত্ব এই দেশকে পুনর্গঠন করা।

শেখ রাকিবের গ্রামের বাড়ী নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে। সে মো: মিজানুর রহমান ওরফে হুমায়ুন কবির ও সুইটি বেগমের জেষ্ঠ্য পুত্র। পুলিশ গুলিতে রাকিবের বুক ও গলা ঝাজরা হয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডা: তাকে মৃত ঘোষণা করেন। তিনদিন রাকিবের লাশ কুর্মিটোলা হাসপাতালে পরে থাকার পর ২১জুলাই শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ময়না তদন্ত শেষে ঐ দিন রাতেই রাকিবের গ্রামের ঠিকানায় তার লাশ দাফন করা হয়। হতদরিদ্র শহিদ রাকিবের পরিবারে রয়েছে মাতা ও তার দুই ভাই। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। ২০ বছর আগে, রাকিবের বাবা একাধিক বিয়ে করায় পরিবারের সাথে নেই কোন যোগাযোগ। তার মা বর্তমানে গাজীপুরে গার্মেন্টসে কর্মরত। একমাত্র উপার্জনক্ষম ছেলে রাকিবকে হারিয়ে ছেলে হত্যার বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে তার পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ খন্দকারসহ চূড়াইন ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

মুক্তিযোদ্ধা কোটায় ৪৩ হাজার চাকরি, তালিকা হচ্ছে

0

সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন ৪৩ হাজার ৩৪৮ কর্মকর্তা-কর্মচারী। কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই-বাছাই করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মুক্তিযোদ্ধা কোটায় কারা সরকারি চাকরি বাগিয়েছেন তা জনগণকে জানাতে শিগগিরই এই তালিকা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তাঁদের মধ্যে কেউ ‘ভুয়া সনদে’ চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপসে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ রাখা হবে।

জাল সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের খুঁজে বের করতেই এ তালিকা করা হচ্ছে বলে সূত্র বলছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেছেন, ‘আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি। ৪০ হাজারের বেশি নামের তালিকা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন। যাচাই শেষে এগুলো শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে, যাতে যে কেউ এসব সনদের বিষয়ে অভিযোগ করতে পারেন। এ জন্য অভিযোগ করার সুযোগ রাখার চিন্তা-ভাবনা চলছে।

নবাবগঞ্জে যৌথ অভিযানে আটক ২

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারশত লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিলাম্বভরপট্টি গ্রামের মৃত মুসলিম খানের ছেলে মো. জালাল খান (৩৮) ও রূপারচর এলাকার সাগর বেপারীর স্ত্রী পিয়ারা বেগম (২৬)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুনর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামে অভিযান চালিয়ে ৪ শত লিটার দেশীয় চোলাই মদ, ১০ কেজি গাঁজা ও মদ তৈরীর সরঞ্জামাদী সহ ২ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।