মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান

0

টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি- তারা এখনো রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। তাই অর্থ ফেরতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছেন তারা। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা।

রাকিবুল ইসলাম নামক এক শ্রমিক বলেন, টাকা দিয়ে দুই বছর সময় পার করেও মালয়েশিয়া যেতে পারিনি, আমরা আর মালয়েশিয়া যেতে চাই না, আমাদের টাকা ফেরত চাই। সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে।

আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাকা ফেরত চাওয়াসহ তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে– কর্মীদের সমস্যার সমাধান না করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখা, রিক্রুটিং এজেন্সির রক্ষাকবচ হিসেবে কাজ করা ট্রাভেল এজেন্ট, সাব এজেন্ট ও দালালদের অবিলম্বে গ্রেফতার, মন্ত্রণালয় ও বিএমইটিতে অভিযোগ করার ৩-৪ মাস অতিবাহিত হওয়ার পরও নিষ্পত্তি না হওয়ার ব্যাখ্যা, দালালদের দৌরাত্ম্য বন্ধে নির্ধারিত অভিবাসন ব্যয় সরকারি কোনো ব্যাংকে জমা নেওয়ার ব্যবস্থা গ্রহণ, ক্ষতিপূরণ আদায় করে না দিতে পারলে সরকারকে ব্যর্থতার দায়গ্রহণ এবং সরকারি খরচে প্রত্যেককে মালয়েশিয়া ছাড়া অন্য যেকোনো দেশে বিনাখরচে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।

রেমিট্যান্স যোদ্ধাদের সৌদি আরবে যেতে টিকার বাধ্যবাধকতা নেই

রেমিট্যান্স যোদ্ধা তথা প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে মেনিনজাইটিসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মেনিনজাইটিসের টিকা শুধু তাদের জন্য বাধ্যতামূলক যারা সৌদি আরবে হজ ও ওমরাহ করতে যাবেন। এছাড়া যারা সৌদি আরবে ভিজিট ভিসায় যাবেন তাদের জন্যও এই টিকা দেওয়া বাধ্যতামূলক। যারা ওয়ার্ক পারমিটে যাবেন এবং যারা প্রবাসী শ্রমিক তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয়।

এদিন সকালে টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হয়। এক ঘণ্টা পর প্রবাসীরা সড়ক থেকে সরে যান।

এর আগে, সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

এতে আরও বলা হয়, এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না।

নবাবগঞ্জে ডোবায় বৃদ্ধের লাশ

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার একটি ডোবা থেকে আনোয়ার হোসেন মোল্লা নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা যায়, মৃত আনোয়ার মোল্লা (৬৫) নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের মৃত ছত্তার মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে যান। এ সময় পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করে। পরে এলাকাবাসী এসে লাশটি শনাক্ত করেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ আছে।

দিঘীরপাড় এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, আনোয়ার মোল্লা মানসিক ভারসাম্যহীন ছিল বলে শোনা যাচ্ছে। বেশ কয়েক দিন ধরেই তিনি ওখানে ঘোরাফেরা করছিলেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুর ইসলাম বলেন, লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সারাদেশে আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

0

সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।গতকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

আজ সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্তি এবং মৃতদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।

পুলিশ,র‍্যাব,আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

0

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনটা সংস্থার (পুলিশ, র্যাব ও আনসারের) জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। এক সঙ্গে সব করা সম্ভব নয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।

তিনি বলেন, আজকে পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা হয়তো প্রধান উপদেষ্টাকেও দেখানো হতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তাহলেই অনেককিছুই পরিবর্তন হবে। গত ১৫ বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে।

জানা গেছে, ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুলসহ ৫ জন

0

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

অপরদিকে, যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে এসব মামলার তদন্ত কর্মকর্তাদের অবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

এদিকে, নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার ও রিমান্ড দেন।

এছাড়াও জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে, যাত্রাবাড়ী থানার পাঁচটি মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে, যাত্রাবাড়ী থানার সাতটি, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

দোহারে শিক্ষক ও অভিভাবকদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ আল-আমিন: ঢাকা জেলার দোহার উপজেলায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে মত-বিনিময় সভা, নবীন বরণ ২০২৫ এবং মেধা পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম।

এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উজ্জীবিত করবে এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ককে আরও মজবুত করবে।

অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় মোবাইল কোর্টে অর্থদণ্ড

দোহার উপজেলার জয়পাড়া এলাকায় দুইটি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

গতকাল(১৫ই জানুয়ারি) অভিযানে দুই রেস্তোরাঁকে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসরিফ সিবগাত উল্লাহ।

এছাড়া একই দিনে কাচারিঘাট এলাকায় একটি বেকারি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে দোহার উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

0

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৮ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বের হন।

বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন।

লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে।

গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানানো হয়।

২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারে পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর।

এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।

দুটি শ্রেণিকক্ষের অভাবে শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে পাঠদান

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর ইসলামী ইবতেদায়ী মাদ্রাসায় শ্রেণিকক্ষ সংকটে চলছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের পাঠদান। আর এতে করে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা।কার্যক্রম।

সরজমিন দেখা যায়, কুয়াশায় ঢাকা শীতের সকালে মাদ্রাসা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। শীতের সঙ্গে তীব্র বাতাসে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায়, প্লে শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৭টি শ্রেণিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। মাদ্রাসায় সাতটি কক্ষ প্রয়োজন থাকলে বর্তমানে রয়েছে পাঁচটি। এরইমধ্যে নতুন বছরে ভর্তি হয়েছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের বসিয়ে পাঠদান করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।
শ্রেণিকক্ষের সংকট নিরসনে ভবনের দ্বিতীয়তলার পিলার নির্মাণের কার্যক্রম শেষ হলেও অর্থের অভাবে এখন নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রাশিম মোল্লা। তিনি বলেন, এ বছর ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রেণির কক্ষ সংকট প্রকট আকার ধারণ করেছে। এমতাবস্থায় আমরা এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ভবনের দ্বিতীয়তলার কাজ শুরু করেছি। এরইমধ্যে সবগুলো পিলার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু অর্থের অভাবে ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রয়েছে।
মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মুফতি কবির আহমেদ বলেন, আমাদের শ্রেণিকক্ষ দরকার সাতটি আছে পাঁচটি। শ্রেণিকক্ষের অভাবে ক্লাস করাতে হচ্ছে বারান্দায়, খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে।

শিক্ষার্থীরা বলেন, শীতে খোলা আকাশের নিচে ক্লাস করা খুবই কষ্টদায়ক। আমরা চাই আমাদের দ্রুত একটা শ্রেণিকক্ষের ব্যবস্থা করে দেয়া হোক। অভিভাবকরা বলেন, এভাবে কি বাচ্চারা পড়াশোনা করতে পারে। শিক্ষকরা অনেক আন্তরিক কিন্তু শ্রেণি সংকটের কারণে বাচ্চাদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। গরমের দিনে সূর্যের তাপে বসা যায় না, আবার শীতের মধ্যেও খোলা আকাশের নিচে ক্লাস করা যায় না। মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. আফসার উদ্দিন বলেন, মাদ্রাসা ভবন সংকটের কারণে সবাইকে ভর্তি করা যাচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে যথা সামান্য যে বেতন নেয়া হয় তা দিয়ে শিক্ষকদের বেতনও হয় না। এমতাবস্থায় ভবনের দ্বিতীয়তলায় পিলার নির্মাণের কাজ শেষ হয়েছে। অর্থের অভাবে ছাদ নির্মাণ করা যাচ্ছে না। প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া ভবনের কাজ সম্পন্ন করা সম্ভব নয়।

সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার বলেন, আমি মাদ্রাসায় পরিদর্শনে গিয়েছিলাম। মাদ্রাসাটির পড়ালেখার মান খুবই ভালো। শিক্ষার্থীরা আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক ও ইংরেজিতে খুবই পারদর্শী। তবে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। শ্রেণিকক্ষ সংকট দূরীকরণের লক্ষ্যে ঊর্ধ্বমুখী ভবন নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। আশা করি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি বিবেচনায় নিবেন।