ছাত্র-তরুণের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।’

ফেসবুকে দেয়া ওই পোস্টের কমেন্টে একটি ফর্মও যুক্ত করেছেন তিনি। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামের ওই ফর্মটিতে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক কি হতে পারে সে বিষয়ে পরামর্শ চাওয়ার পাশাপাশি নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা ছাড়াও বেশকিছু মতামত চাওয়া হয়েছে।

এদিকে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনে অন্তত ১ লাখের বেশি জনমত সংগ্রহের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাবের আমন্ত্রণ জানানো হয়।

দুপুরে রাজধানীর বাংলামোটরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে। আমরা পরোপুরিভাবে এখনো বিজয় লাভ করতে পারিনি। রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। ২০২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে আমার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, প্রতিটি মানুষ নানা মত ধারণ করে। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো থেকে কি চায় মানুষ, সে হিসাবেই আমরা নতুন দল গঠন করতে যাচ্ছি।

বিদেশে পালানো হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

0

ডেস্ক রিপোর্ট : বিদেশে পলাতক হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের অনেককে আমরা ধরতে সক্ষম হয়েছি। তবে যারা বিদেশে পালিয়ে আছে, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা থাকা ১০৫ আসামির মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো বড় সংখ্যক আসামি ধরা না পড়ায় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, “আসামিদের মধ্যে অনেকে বিদেশে পালিয়ে থাকায় সরাসরি তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।”

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

0

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাতে দেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন বলে আওয়ামী লীগ দল থেকে প্রচার করা হয়েছে। আর খুনি, ফ্যাসিস্ট ও পলাতক আসামির ভাষণের প্রতিবাদ জানাতে ভাষণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আরিফ সোহেল তার ওই পোস্টে লেখেন, বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ০৯ টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। আগামীকাল রাত ০৯ টায় বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ওপর বিশেষ বুলেটিন প্রচার করতে হবে। এখানে কোনো সুশীলতা চলবে না। করতে হবে মানে করতেই হবে। এছাড়া দেশের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশেও লেখেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও শেখ হাসিনার ভাষণের বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া আরেক স্ট্যাটাসে বলা হয়- ‘যে সকল মিডিয়া হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় মাস আজ ৫ ফেব্রুয়ারি। গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ পট পরিবর্তনের জন্য আত্মত্যাগ করা পরিবারগুলো এখনো বয়ে বেড়াচ্ছে দুঃসহ স্মৃতি। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির মামলায় দেশে বিচারের কাঠগড়ায় থাকা শেখ হাসিনা এখনো ভারতে আশ্রয়ে আছেন।

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ: বিল গেটসের সমর্থন

অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে একটি নতুন আইন পাস করেছে। এতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মকে কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে হবে, না হলে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে।

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস এই উদ্যোগকে ‘বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ বলে সমর্থন করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, প্রযুক্তির ঝুঁকি এড়ানো কঠিন, তবে অভিভাবকদের উদ্বেগ কমাতে পদক্ষেপ নেওয়া জরুরি।

এদিকে, যুক্তরাজ্যের ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিরাপদ করতে কাজ করছে, তবে সেখানে এখনো সরাসরি নিষেধাজ্ঞার পরিকল্পনা নেই। তবে ব্রিটিশ সরকার অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত পর্যবেক্ষণ করছে এবং এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছেন।

দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

0

দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আজ মঙ্গলবার সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সব নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না: রিজভী

0

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা ও খুব দ্রুত নির্বাচন দেয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে।

তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে যাবে গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখনো সন্ত্রাসী কাজ করছে। তারা রাজনীতি করতে পারবে কি না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।

জাতীয় নির্বাচনের জন্য ঢাকা দক্ষিণে জামায়াতের প্রার্থী ঘোষণা

এমএইচ সুমন, শরিফ হাসান, মো আল-আমিন, দোহার প্রতিনিধি : আগামী ত্র‍য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ তথা  দোহার- নবাবগঞ্জ ও কেরাণিগঞ্জের যথাক্রমে ঢাকা – ১,২,৩ আসনের প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার রাতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে মিয়া গোলাম পরওয়ার ও মুহাম্মদ ইজ্জত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ নির্বাচনে যারা জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন: ঢাকা -১  ( দোহার-নবাবগঞ্জ) আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২  (কেরাণীগঞ্জ উপজেলা আংশিক, সাভার উপজেলা আংশিক, কামরাংগীচর থানা) আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা -৩ (কেরাণীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন)আসনে মো: শাহীনুর ইসলাম।

ঢাকা -১ (দোহার-নবাবগঞ্জ)  সংসদীয়  আসনের বাংলাদেশ  জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ঘোষিত  হয়েছে- বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল,  ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের গোল্ড মেডেলিস্ট এবং অল ইউরোপিয়ান মুসলিম সোসাইটির কনভেনর নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সন্তান  ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর মেয়ের জামাই।

ঢাকা – ২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে ইঞ্জিনিয়ার তৌফিক হাসানকে৷ তিনি বুয়েট তিতুমীর হল শিবিরের সাবেক সভাপতি। শিক্ষাগত যোগ্যতা :বিএসসি ইন্জিনিয়ার,সিভিল ( বুয়েট), এমবিএ (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন,ঢাকা বিশ্ববিদ্যালয়।বর্তমানে ঢাকা জেলা শুরা সদস্য। পেশায় ব্যবসায়ী।

জন্মসূত্রে তিনি কেরানীগঞ্জ উপজেলার তারানগরের বাসিন্দা।

ঢাকা – ৩ আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম। তিনি দক্ষিণ কেরাণিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং দক্ষিণ কেরাণিগঞ্জ সাউদার্ন কলেজের প্রিন্সিপাল

শিক্ষাগত যোগ্যতাঃ  এম এ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্তমানে নায়েবে আমীর হিসেবে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন করছেন।

বাদ যাচ্ছে ১০ লাখ মৃত ভোটার, নতুন যুক্ত হচ্ছে ৩৭ লাখ

বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে মৃত ভোটার রয়েছে ১০ লাখের মতো। রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত এমন তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত আমরা ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছি। আর নতুন করে ভোটার হবে এমন ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিকের তথ্য সংগ্রহ করেছি। সোমবারের তথ্য এখনো যোগ হয়নি। তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।

২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ছিল তথ্য সংগ্রহের শেষ দিন।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

এক সতর্কবার্তায় ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

আন্দোলন দমনে গুলি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আন্দোলন দমনে বা রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের সময় পুলিশের গুলিতে মানুষের মৃত্যুর ঘটনা যেন আর কখনো না ঘটে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসন নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার নবাবগঞ্জে আসছেন মিজানুর রহমান আজহারী

শরীফ হাসান দোহার (ঢাকা) প্রতিনিধি : জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ০৮ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আসছেন। নবাবগঞ্জের বারুয়াখালী মাঠে বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটি আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামবে, তাই আগত দর্শক-শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে আসার অনুরোধ জানান আয়োজকরা।

এ বিষয়ে হারুন উর রশিদ জানান, ৮ ফেব্রুয়ারী দুপুরে মিজানুর রহমান আজহারী আমাদের এখানে ওয়াজ মাহফিল করবেন। সে জন্য আমরা মাহফিল শোনার জন্য ৭টি মাঠ তৈরি করেছি এর মধ্যে ৬টি মাঠ পর্দাসহকারে শোনার জন্য মহিলাদের জন্য রেখেছি। সেই সাথে মাহফিলের ৭টি স্থানেই দেওয়া হবে এলইডি প্রজেক্ট। ১২টি মাঠ গাড়ি ও মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন পার্কিং এর জন্য রাখা হয়েছে। মাহফিলে চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ বিষয় স্থানীয় বাসিন্দা মুসলেম বেপারি জানান, মাহফিল বাস্তবায়নের জন্য কমিটির লোকজন দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন স্থানে পেন্ডেল এর কাজ করা হচ্ছে দিনে ও রাতে মিলিয়ে। আমার দেখা আমাদের বারুয়াখালীতে এটাই বড় মাহফিল আমরা আশা করছি এ মাহফিলে প্রায় ১০-১২ লক্ষ লোক আসবে বিভিন্ন স্থান থেকে।

মাহফিলের বিষয় দোহার সার্কেল এ এসপি আশরাফুল আলম জানান, মাহফিল বাস্তবায়নের জন্য কমিটির সাথে আমাদের কথা হয়ে। মাহফিলের দিন আমাদের ট্রাফিকের টিম থাকবে কারণ তারা জানিয়েছেন ১০-১২ লক্ষ লোক উপস্থিত হবে এ মাহফিলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন ধরনের গোয়েন্দা বিভাগের লোক এ মাহফিলে উপস্থিত থাকবে।