কিভাবে চলছে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ

0

নিউজ৩৯.নেট  অনিয়মের আখরায় পরিণত হয়েছে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ। এখানে অনিয়মই নিয়ম আর নিয়মই অনিয়ম। ৯ মাস ধরে ইউনিয়নের মেম্বারদের নিয়ে মাসিক কোন বৈঠক করেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পরস্পরের প্রতিপক্ষ হিসাবে দাড়িয়ে গেছেন ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান ও ৮ ইউপি মেম্বার। পরস্পরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দাড় করিয়েছেন তারা। ফলে  স্থবির হয়ে গেছে এই ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম। 

জানা যায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে চেয়ারম্যান শামীম আহমেদ  হান্নানের সাথে মেম্বারদের দ্বন্দ্ব থেকেই এই এই অচল অবস্থার সৃষ্টি।  ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে চেয়ারম্যান শামিম আহমেদ হান্নানের একক কর্তৃত্ব  ও কোন ইউপি মেম্বারদের সাথে পরামর্শ না করে নিজের ইচ্ছা মতো কাজ করার ফলে এই দ্বন্দ্ব সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।

এর পর কাবিখা,  টাবিখার বিভিন্ন কাজে চেয়ারম্যানের  দুর্নীতির কথা বলার কারনে ইউনিয়ন পরিষদের মিটিং স্থগিত করেন। তারপর থেকে আর কোন মিটিং হয় নি নয়াবাড়ি ইউনিয়নে। 

নয়াবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার শামছু আহমেদ নিউজ৩৯-কে বলেন, “আমরা  মেম্বাররা চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করায় এই ব্যবস্থা নিয়েছেন চেয়ারম্যান। কাবিখা,  টাবিখার বিপুল পরিমান কাজ নয়াবাড়িতে আসলেও সেই কাজ  কিছু না করিয়েই তার টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান নিজে। আর এই ব্যাপারে প্রতিবাদ করার কারনে তিনি যা তা বলে গালাগালি করেন মেম্বারদের এবং তিনি নীতিবিরুদ্ধ ভাবে বিভিন্ন কাজে হস্তক্ষেপ করেন। এই কারনে আমরা মাননীয় টিএনও  ও জেলা প্রশাসককে এই ব্যাপারে লিখিত ভাবে জানিয়েছি এবং তিনি যথাযথ ভাবে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।“

দোহারে অশালীন ভিডিও ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় সাইফুল ইসলাম সাইমুন (৩০) নামে এক বখাটে যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়েছে।

রোববার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার আদালত তাকে এ কারাদণ্ড দেন। সাইমুন উপজেলার মুকসেদপুর  ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সালাম মোল্লার ছেলে।

গৃহবধূর পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে ছিলেন। একদিন দুপুরে টিনের বেড়ার গোসলখানায় গোসল করছিলেন। ওই সময়ে বখাটে সোহাগ,  সাইমুন ও সাইফুল বেড়ার ফাঁক দিয়ে গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয় তারা।

ঈদুল  আজহার আগে গৃহবধূর পরিবার বিষয়টি অবগত হয়। গৃহবধূর বাবা এ বিষয়ে থানা পুলিশে অভিযোগ করেন। শনিবার রাতে পুলিশ সাইমুনকে গ্রেফতার করে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম  কারাদণ্ড প্রদান করেন।

দোহারে ফেন্সিডিল সহ যুবক আটক

ঢাকার দোহার উপজেলার খাড়াকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৩১ বোতল ফেন্সিডিলসহ আ. মান্নান নামে এক যুবককে আটক করে দোহার থানা পুলিশ। আটককৃত আ. মান্নান (৩০) ওই গ্রামের প্রয়াত শাহমুদ্দিনের ছেলে।

দোহার থানার উপপরিদর্শক মো. সেকান্দার জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আ. মান্নানকে আটক করে থানা পুলিশ। মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় ফেন্সিডিল ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে দোহার থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান। 

দোহারে জাটকা ধরার অপরাধে চারজন আটক

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪ মণ নিষিদ্ধ জাটকা ও মা ইলিশসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মৈনটঘাট ও বাংলা বাজার থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় মৈনটঘাট ও বাংলা বাজার এলাকা থেকে নিষিদ্ধ জাটকা ও মা ইলিশ বিক্রির সময়ে কার্তিকপুর গ্রামের মৃত নাসির বেপারীর ছেলে জিলু বেপারী, পালামগঞ্জ গ্রামের মৃত সরবেশ বেপারীর ছেলে লিয়াকত বেপারী, বাস্তা গ্রামের মৃত নিতাই রাজবংশীর ছেলে নিরঞ্জন রাজবংশী, পালামগঞ্জ গ্রামের ইউসুফ বেপারীর ছেলে ইমন আহাম্মেদকে আটক করে উপজেলা মৎস অধিদপ্তর।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের আদালত তিনজনকে দুই হাজার টাকা এবং ইমন আহাম্মেদকে এক হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছ স্থানীয় মেঘুলা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, ইসলামাবাদ জামিয়া এমদাদুল মাদ্রাসা ও শিলাকোঠা এমদাদুল-উলুম মাদ্রাসায় বিতরণ করা হয়।

ঈদে ভাঙ্গনে সর্বহারা মানুষের পাশে কেউ নেই

নিউজ৩৯ঃসাত রাত সাত দিন বসে ছিলাম বড় সড়কের পাড়ে।ওই সড়ক শেষ হতো গিয়ে বাড়ির দখিন ধারে,ওই নদী শুরু হতো আরো সাতটি গ্রাম পরে,আমরা বসেছিলাম সাত রাত সাত দিন ধরে,সাত রাত সাত দিন বড় সড়কের পাড়ে,…সাত রাত সাত দিন ক্ষুধা পেটে অনাহারে,…ভাঙ্গা ঘর, দক্ষিন দাওয়া ডাকেনি আমারেআমরা শহরে এলাম পাকা রাস্তা ধরে ধরে,…..বানের পানি নিয়ে গেছে ধুয়ে মুছে,….নদীর ভাঙ্গন মুছে দিয়েছে অভিধানদুঃস্বপ্নের মতো জীবন মরণের ব্যাবধান সবদেখতে দেখতে বিলীন হয়ে গেছে আমাদের বৈভব,…আজ নিঃস্ব হয়ে এভাবেই রাস্তার পাশে দিন কাটাচ্ছে দোহার নবাবগঞ্জবাসী। দেশ আজ ভূলে গেছে তাদের কথা। আল্লাহ ছাড়া তাদের যেন আজ আর কেউ নেই। অথচ মানুষ মানুষের জন্য। আর্থসামাজিক অবস্থায় গোটা দোহারই বেশ উন্নত, এমন ধারণা অনেকের। কিন্তু ভালোর মাঝেও যে নানা প্রাকৃতিক দুর্যোগে কিছু মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়, এটাও সত্যি। দোহারের নয়াবাড়ী, মাহমুদপুর ও নারিশা ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদের আনন্দ নেই। সম্প্রতি পদ্মার ভাঙনে বসতভিটে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। ঈদের আনন্দ তাদের স্পর্শ করছে না। অনেকেরই দিন কাটছে কান্না আর হাহাকারে।

সরেজমিন দেখা যায়, পদ্মাপারের কয়েক শ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদীতে। তাদের কেউ রাস্তায়, আবার কেউ অন্যের জমি ভাড়ায়, কেউবা অস্থায়ীভাবে টিনের চালা তুলে বাস করছে। কাল সোমবারে ঈদ, কিন্তু তাদের ঘরবাড়ি, ফসলি জমি কিছুই নেই। চোখে মুখে শুধুই হতাশা।নদীভাঙনে সব হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা মাঠে।এবার বর্ষা মৌসুমে দোহারের নারিশা ইউনিয়নের রানীপুর, বেলতলা, মধুর চর ও পশ্চিম চর এলাকার প্রায় তিন হাজার পরিবার ভাঙনের কবলে পড়ে। এ ছাড়া মাহমুদপুর, বিলাশপুর ও নয়াবাড়ী ইউনিয়নের দুই হাজার পরিবার ভিটেমাটি হারিয়েছে। বাহ্রাঘাট, ধোয়াইর, নয়াডাঙ্গী, দেওয়ান গ্রাম, চর বিলাশপুর, কুলছুরি, রাধানগর গ্রামে বেশির ভাগ পরিবারই ছিল দিনমজুর। রানীপুর এলাকার সামসু মিয়া (৬০) বলেন, ‘বাবা, আমাগো আর ঈদ নাই। সব আনন্দো দুয়ে মুছে পদ্মায় নিয়ে গেছে। গায়ে খাইডা আর জানডা চলে না। কেউ আমাগো খবরও নিল না।’ পশ্চিম চরের রওশনারা বেগম বলেন, ‘প্রতিবছর ঈদে বাচ্চাগো নিয়ে কত আনন্দ করতাম। নদীর বাঙ্গন সব মাটি করে দিছে। আল্লায় যুদি কোনো দিন বালোবাবে ঈদ করতে দেয় সেদিন করুম।’ সরকারি কোনো সাহায্য-সহযোগিতাও পায়নি বলে জানান তিনি।তবে এ ব্যাপারে নিয়মিত আন্দোলন করে আসছে – দোহার নবাবগঞ্জ সোস্যাল মুভমেন্ট। সামনে আরো কিছু কর্মসূচী আসছে। নিউজ৩৯ কে এ ব্যাপারে এই আন্দোলনে সম্পৃক্ত তারেক রাজীব বলেন, আমরা সরকারের সুদৃষ্টি চাই। বাঁধ নির্মান করতে হবে। তবে তারও আগে আক্রান্ত জনগণের মুখে হাসি ফোটাতে তাদের পূনর্বাসন সহ নগদ অর্থ সহায়তা দিয়ে স্বচ্ছল করতে হবে। আমাদের এই আন্দোলন আজ দেশের বাইরেও  সম্প্রসারিত হচ্ছে। আর এই ঈদে আমরা তরুণেরা দোহার নবাবগঞ্জ সীস্যাল মুভমেণ্ট যার যার স্ব-উদ্যোগে ঈদ আনন্দ এদের সাথে ভাগ করে নিব। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, সরকারি কোনো বরাদ্দ না থাকায় ঈদের আগে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোনো সহায়তা করা যায়নি। তবে সরকার শিগগির তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেবে।  

নবাবগঞ্জে আগুনে পুড়ল কুরবানীর গরু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা গছে কৃষকের ৬টি গরু। শুক্রবার গভীর রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কৃষক জহির উদ্দিনের বাড়ির উত্তর পাশের  গোয়ালঘরে অগ্নিসংযোগ করে। রাত দেড়টার দিকে বাড়ির লোকজন বিষয়টি টের পায়। তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘরে থাকা কোরবানির জন্য কেনা দুটি ষাঁড়সহ ছয়টি গরু আগুনে পুড়ে মারা যায়।

জহির উদ্দিন জানান, “পরিকল্পিতভাবে একটি মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করেছে।“ ৬টি গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে তিনি দাবি করেন। এছাড়া পুরো ঘরটিও আগুনে পুড়ে গেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কয়েক কোটি টাকা নিয়ে ম্যাগনেট মাল্টিপারপাস উধাও

নিউজ৩৯.নেট ♦ গ্রাহকদের কাছ থেকে আমানত হিসাবে সংগ্রহ করা ৩০ কোটি টাকা নিয়ে দোহার থেকে উধাও হয়ে গিয়েছে ম্যাগনেট মাল্টিপারপাস নামের একটি মাল্টিপারপাস কোম্পানি।  গ্রাহকদের ক্রমাগত চাপ ও নগদ অর্থের সংকটের কারনে তারা তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছে একটি সূত্র।

স্থানীয় সূত্রের কাছে জানা যায়, স্বাভাবিক ভাবে প্রতিদিনের মতো রবিবার ম্যাগনেট মাল্টিপারপাসের অফিস খোলার কথা থাকলেও সেদিন তারা অফিস খুলে নি। অফিসের সামনে গ্রাহকরা এসে জমা হলে গ্রাহকরা অফিসের কর্মকর্তাদের বাসায় গেলে বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন ৩০ কোটি টাকা নিয়ে তাদের উধাও হয়ে যাবার সংবাদ ছড়িয়ে পড়ে।

দোহারের গ্রাহকদের কাছ থেকে আমানত হিসাবে তারা ৩০ কোটি টাকা সংগ্রহ করে। এর মাঝে ১০ কোটি টাকা বিভিন্ন স্থানে ধারে এবং ২৫ কোটি টাকার জমি সময় মত বিক্রি করতে না পারায় গ্রাহকদের টাকা ফেরত দিতে তাদের সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। এর প্রেক্ষিতে তারা দোহারে থেকে উধাও হয়।

তবে তাদের একটি সূত্র জানিয়েছে আইনগত ঝামেলা মিটিয়ে তাদের শ্রীনগরের জমি বিক্রি করে তাদের কাছে দেয়া গ্রাহকদের আমানত শীঘ্রই ফেরত দিবেন।

দোহারের তিন জামায়াত শিবির নেতাকর্মী আটক

নিউজ৩৯♦ দোহার ও নবাবগঞ্জের তিন জামায়াত শিবির নেতাকর্মীকে আটক করেছে স্থানীয় থানা প্রশাসন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নিজ বাড়ীর মসজিদের সামনে থেকে আটক করা হয় ইঞ্জিনিয়ার জুবায়ের নামে এক শিবির কর্মীকে। তবে তার পরিবারের অভিযোগ, জুবায়ের একজন ব্যবসায়ী। শুক্রবার ছোট বোনের বিয়ের দিন বিয়ের আসর থেকে সন্দেহের বশবর্তী হয়ে পুলিশ তাকে আটক করেছে।

তবে দোহার থানা পুলিশ জানিয়েছে, জামাত-শিবিরেরে একটি পুরানো মামলায় তাকে আটক করে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এছাড়া রবিবার একই মামলায় অভিযুক্ত আসামী শামীমুল ইসলামকে না পেয়ে তার ছোট ভাই সায়েমকে আটক করেছে পুলিশ। তাকেও এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এছাড়া রবিবার সকালে নিজ বাসা থেকে আটক হন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও ডি এন কলেজের সাবেক প্রিন্সিপাল হাবিবুর রহমান। বর্তমানে তাকে দোহার থানায় রাখা হয়েছে।

সাইনপুকুরে ৭ বছর আগের পলাতক আসামী গ্রেফতার

গোপন সংবাদ এর ভিত্তিতে ৭ বছর আগের ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী লতিফ শিকদার (৪৫) ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত হুকুম আলিকে গ্রেফতার করেছে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

লতিফ ছত্রভোগ গ্রামের মৃত রমিজ শিকদারের ছেলে, তার মামলা নং ০৪ (১) ৯৪। মাদক মামলার সাজা প্রাপ্ত আসামি হুকুম আলী দোহার উপজেলার ঝনকি গ্রামের মৃত হেকিম আলীর ছেলে, মামলা নং ২৪ (৪) ০৭ ।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে তাদের নিজ নিজ এলাকা ছত্রভোগ ও ঝনকি থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশদলের নেতৃত্বে ছিলেন সাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই মসিউর রহমান। মসিউর রহমান জানান, “তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।“

এভাবে পুলিশ অভিযান চালালে এলাকায় অপরাধ অনেক কমে যাবে বলে মনে করেন স্থানীয়রা।

নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ আহত ২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইয়ারন বেগম (৩৫) নামে এক নারী নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন মোতালেব হোসেন ওরফে মোতা (৪৫) ও তাঁর নাতনি রিয়া আক্তার (৮)। নিহত ইয়ারন বেগমের স্বামী মোতালেব হোসেন ওরফে মোতা খোকা মিয়া জমিদার বাড়ির তত্ত্বাবধায়ক। তারা সপরিবারে ওই বাড়িতে বসবাস করতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে নবাবগঞ্জ থানার পুলিশ ওই এলাকার সোনা মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও মহিউদ্দিন ভূঁইয়ার ছেলে নূর উদ্দিনকে (৩৮) আটক করেছে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচ-ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত বক্তারনগর গ্রামে খোকা মিয়া জমিদারের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে মোতালেব হোসেন, তাঁর স্ত্রী ইয়ারন বেগম ও নাতনি রিয়া আক্তারকে এলোপাতাড়ি কোপায়। স্বামী-স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইয়ারন বেগমকে মৃত ঘোষণা করেন। মোতালেবের অবস্থাও আশঙ্কাজনক। তবে শিশু রিয়ার আঘাত গুরুতর নয়।

এলাকাবাসীর ধারণা, জমিদারবাড়ির পরিত্যক্ত ভবনের আশপাশে বখাটেরা মাদক কেনাবেচা ও অসামাজিক কর্ম করত। এতে বাধা দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।মোতালেবের বোন জোসনা বেগম বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে আমার ভাই ও ভাবিকে দুর্বৃত্তরা কুপিয়েছে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রহমান বলেন, “স্থানীয় কিছু লোকের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় আগেও এঁদের হুমকি-ধমকি দিয়েছে। সেই চক্রটি এ ঘটনায় জড়িত থাকতে পারে।“

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান বলেন, কিছু কুচক্রী মহলের মদদে এ ঘটনায় ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।