বান্দুরায় মাদক বিক্রেতাদের হামলায় যুবক আহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বহনে সহায়তা না করায় সুমন রাজবংশী নামে এক যুবককে ক্ষুরের আঘাতে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নতুন বান্দুরা মোটরসাইকেল স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন ওই গ্রামের লক্ষণ রাজবংশীর ছেলে। সে মোটরসাইকেলে যাত্রী বহনের কাজ করে।

স্থানীয়, পুলিশ ও অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে রাহুতহাটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন মোল্লা মোবাইল ফোনে মোটরসাইকেল চালক সুমনকে আসতে বলে। সুমন এতে অপরাগতা প্রকাশ করে। রাত ১০টার দিকে সুমন বাড়ি ফিরছিল। বাড়ির সামনে এলে আগে থেকে ওতপেতে থাকা এলাকার মাদক ব্যবসায়ী রতন মোল্লা, রাকিব ও নুর ইসলাম তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। পরে ধারালো ক্ষুর দিয়ে পিঠ ও মাথায় আঘাত করে। সুমনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

নবাবগঞ্জে অপহৃত ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৪

অপহৃত নবাবগঞ্জ উপজেলার ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল নবাবগঞ্জ ও সিংগাইর থানার সীমান্তবর্তী এলাকার খতিয়া গ্রামে পাট ক্ষেত থেকে চালক সাইদুল ইসলামের (১৭) লাশ উদ্ধার করা হয়। সাইদুর ইসলাম উপজেলার কৈলাইল গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেমর দুপুরে সাইদুল ইসলামের ইজিবাইক ভাড়া করে স্থানীয় শাহ আলম। সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইদুলকে নবাবগঞ্জ ও সিংগাইর থানার সীমান্তবর্তী এলাকায় নিয়ে যায়। পরে ইজিবাইকটি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা মুক্তা-মিতু এন্টারপ্রাইজ নামে একটি গাড়ির গ্যারেজে ৪৫ হাজার টাকায় বিক্রি করে নগদ ১৫ হাজার টাকা দেয় এবং গাড়ির মালিক এলে বাকি টাকা দেয়া হবে বলে জানায়।

এ ঘটনায় নিহতের পরিবার নবাবগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার কৈলাইল গ্রামের আরিফ, শহীদ, রানা এবং জাহিদুল নামে ৪ যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে খতিয়া এলাকা থেকে সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুল ইসলাম জানান, ঘটনার মূলহোতা শাহ আলম ইজিবাইকটি বিক্রি করে মেয়ের জন্মদিন পালন করবে বলে পরিকল্পনা করে। সেই অনুযায়ী সাইদুল ইসলামকে নবাবগঞ্জ ও সিংগাইর সীমান্তবর্তী এলাকায় নিয়ে ইজিবাইকটি বিক্রি করে দেয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি শাহ আলমকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দোহারে নির্বাচনী জনসংযোগে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

0

ঢাকার দোহার উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী  ইঞ্জিনিয়ার মেহবুর কবিরের জনসংযোগে দুর্বত্তরা হামলা চালিয়েছে। দুর্বৃত্তদের হামলায় রুহুল আমিন (৪৮), গাজী আক্তার হোসেন (৫৫) ও মনির তালুকদার (৪০) আহত হয়েছে। এ ঘটনায়  এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে নির্বাচনী জনসংযোগের কাজে গাড়ীতে করে স্বতন্ত্র প্রাার্থী ইঞ্জিনিয়ার মেহবুর কবিরের পক্ষে জনসংযোগ করতে বের হয়ে উপজেলার মেঘুলা বাজার গ্রামীণ ব্যাংকের নিকট এলে আগে থেকে ওৎ পেতে থাকা  ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল লোহার রড় নিয়ে গাড়ীর গতিপথ রোধ করে। এসময়ে গাড়ীতে থাকা রুহুল আমিন, গাজী আক্তার হোসেন ও মনির তালুকদারকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করে। এদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিযে যায়।

আহত অবস্থায় এদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে এদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সময়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুর কবির উপজেলার ঝনকী গ্রামে নির্বাচনী জনসংযোগে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নি।

পূর্ণাঙ্গ সরকারি হতে যাচ্ছে জয়পাড়া কলেজ

0

পূর্ণাঙ্গ সরকারি কলেজ হতে যাচ্ছে দোহার উপজেলার প্রথম কলেজ কলেজ জয়পাড়া বিশ্ব্যবিদ্যালয় কলেজ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ করা হবে। এই সুবাদে দোহারের জয়পাড়া বিশ্ব্যবিদ্যালয় কলেজ হতে যাচ্ছে সমপূর্ন সরকারি কলেজ।

এ বিষয়ে জয়পাড়া বিশ্ব্যবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন নিউজ৩৯.নেট-কে জানান “সরকারি প্রকল্পের আওতায় প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ স্থাপন করা হবে। এ কথা জানার পরে আমরা শিক্ষামন্ত্রীর কাছে জয়পাড়া কলেজকে সরকারি করণের আবেদন জানাই, তিনি আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আশা করা যায় যাবতীয় কাজ কর্ম অতি দ্রুত শেষ করে তিনি আমাদের কলেজকে সম্পূর্ন সরকারি কলেজে পরিনত করবেন।”

তিনি আরও জানান বাংলা, ইংরেজি, সমাজকল্যাণ এবং মার্কেটিং এই চারটি বিষয়ে অর্নাস কোর্স খোলার প্রক্রিয়া চলমান আছে। অতি শীঘ্র তা অনুমোদন করিয়ে বর্ত্তমানে ৩টি এবং অনুমোদনের অপেক্ষায় থাকা ৪ টি বিষয়সহ মোট ৭ টি বিষয়ে অর্নাস খোলার কথা।

সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে খালাসের রায় বাতিল

0

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলাটি হাইকোর্টে পুনঃশুনানির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালতে নাজমুল হুদা নিজের পক্ষে শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৭ সালের ১১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করে দুদক। একই বছরের ১৮ নভেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৮ সালের ৩ এপ্রিল বিচারিক আদালত আসামিকে ১২ বছরের কারাদ-াদেশ দেন। পরে নাজমুল হুদা হাইকোর্টে আপিল করেন।

২০১০ সালের ১৮ আগস্ট হাইকোর্ট তাঁকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। আপিল বিভাগ আজ হাইকোর্টের ওই রায় বাতিল করেছেন। একই সঙ্গে মামলাটি হাইকোর্টে আবার শুনানির নির্দেশ দিয়েছেন।

ডিএন কলেজে ছাত্রসমাজের কমিটি গঠন

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল কলেজ ক্যাম্পাসে নেতাকর্মীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। 

কমিটিতে খলিল দেওয়ানকে আহ্বায়ক, মো. রকিবুল ইসলাম, আবির মাহমুদ জয়সহ দুজন যুগ্ম আহ্বায়ক ও পণির ম-লকে সদস্য সচিব করে ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবাবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসাইন মাহিন, সহসভাপতি আতিকুর রহমান খান এর অনুমোদন দেন।

 এ সময় উপস্থিত ছিলেন গালিমপুর ইছামতি ডিগ্রি কলেজ ছাত্র সমাজের সভাপতি ইফতিয়াজ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ প্রমুখ।

নবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

0

ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই উপজেলা নিয়ে চলছে ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এরই অংশ হিসেবে সোমবার বিকালে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল নবাবগঞ্জ উপজেলা একাদশ ও কেরানীগঞ্জ উপজেলা একাদশের মধ্যকার ফুটবল ম্যাচ। এতে নবাবগঞ্জ উপজেলা ১-০ গোলে কেরানীগঞ্জকে হারায়।

খেলায় শত শত দর্শকের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নেয়। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান আবদুর রহিম, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস নবী, যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিন মৃধা, কেরানীগঞ্জ ক্রীড়া সাধারণ সম্পাদক জাকির আহমেদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, যমুনা গ্রুপের পরিচালক মো. সোহরাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ব্যারিস্টার এনায়েত বাতেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ওসি সায়েদুর রহমান, অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ ও আবদুল মজিদ। 

নবাবগঞ্জের পরবর্তী ম্যাচ ১০ সেপ্টেম্বর ধামরাইয়ের সঙ্গে ধামরাই মাঠে অনুষ্ঠিত হবে।

মালিকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

ঢাকার দোহার উপজেলায় ১০ কেজি গাঁজাসহ রুবেল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। রোববার রাত সাড়ে ৯টার দিকে দোহার উপজেলার মালিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুমিল্লার সদর উপজেলার বাগিচাগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার মালিকান্দা এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে এক দল র‌্যাব সদস্য অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে রুবেল মিয়া নামে মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে রাতেই তাকে দোহার থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে দোহার থানায় ওই মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে

ভোট কেনার অভিযোগে বিএনপির ৩ কর্মী আটক

0

ঢাকার দোহারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভুলুর পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

দোহার থানা পুলিশ জানায়, দোহারের বউ বাজার এলাকায় গরিব ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় বাবু, সালাম ও লিয়াকত নামে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ভুলুর পক্ষে ভোট কেনার জন্য তারা টাকা বিতরণ করছিলেন। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দোহার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২১ সেপ্টেম্বর।

নবাবগঞ্জে প্যারাগন হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর, সিরাজদিখান, কেরানীগঞ্জ, সিংগাইর ও হরিরামপুর এলাকাবাসীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে ব্যক্ত করে নবাবগঞ্জ উপজেলা সদরে উদ্বোধন করা হয়েছে প্যারাগন হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার। রোগীদের উন্নত মানের সেবায় অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সমন্বয়ে হাসপাতালটি যাত্রা শুরু করছে বলে মালিকপক্ষ জানান। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন কাশিমপুর এলাকায় একটি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক রইস উদ্দিন। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম জরুরি কাজে বিদেশ থাকায় অনুষ্ঠানের বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক প্রধান অতিথির স্থলাভিষিক্ত হন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু, ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম, দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) একেএম শামীম হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।