স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির প্রতি ক্ষোভ ঝাড়লেন আব্দুর রহিম মিয়া

দোহারের বটিয়ায় নব নির্মিত দোহার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উদ্ভোধন উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বি.এন.পি. সরকারের প্রতি ক্ষোভ ঝাড়লেন দোহার থানা বি.এন.পি.র বর্ষিয়ান নেতা ও দোহার পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রহিম মিয়া।

তিনি বলেন,”দোহারে অনেক আগেই ফায়ার সার্ভিস ষ্টেশন হতো। আমি তা নির্মানের জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তৎকালীন বি.এন.পি. সরকার আমার প্রস্তাব মেনে নেয় নি। তারা আমার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। যাই হোক বর্তমান সরকার দোহারে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ করেছে তার জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

পরে স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দোহার ফায়ার সার্ভিস এর উদ্ভোধন করেন।

নারিশায় পদ্মা থেকে বালু উত্তোলন; দেখার কেউ নেই

নভেম্বর মাস থেকে কোন রকম সরকারি অনুমতি ছাড়াই দোহার উপজেলার নারিশা ইউনিয়নে নদীর বিস্তীর্ণ এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুব্যবসায়ীরা। শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী জনবসতি,আবাদি জমি ধ্বস ও ভাঙনের আশংকায় ভীত হয়ে পড়েছে এলাকাবাসি। বালু উত্তোলন বন্ধ করতে বার বার তাগিদ দিয়েও বালু ব্যবসাযীরা কোন পাত্তাই দিচ্ছেনা ।

এলাকাবাসির অভিযোগে জানা যায়, প্রভাবসালী বালুব্যবসায়ী ড্রেজিং বসিয়ে বালুর স্তূপ করে বালু বিক্রী করছে। অপর দিকে জয়পাড়াতে আক্তার নামে এক ব্যক্তি শ্যালো মেশিন বসিয়ে পাইপের সাহায্যে বালু তুলছে। শুকনো মওশুমে পদ্মানদীর উল্লেখিত পয়েন্ট থেকে প্রতিদিন কমপক্ষে ৫ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করছেন।

অবৈধ বালু ব্যবসায়ীরা প্রশাসনকে না জানিয়ে কিভাবে নদী থেকে বালু তুলে বিক্রি করছে সেটা তাদের বোধগম্য নয়। এলাকাবাসি বলছেন শুকনো মওশুমের কারণে নদীর পানি বর্তমানে কমে গেছে, তাই ভাঙন ভয়াবহ আকার ধারণ করেনি। কিন্তু বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে প্রবল স্রতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। তখন বাড়িঘর ও আবাদি জমির নদী গর্ভে বিলিন হবার আশংকায় তারা রীতিমত প্রমোদ গুণছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে সরকার মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে নদী ভাঙনের ফলে ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নূরুল করিম ভূঁইয়া বলেন সরকার অনুমোদিত বালু মহাল ছাড়া অন্য কোন স্থান থেকে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। তবে বেআইনিভাবে বালু তোলার প্রমাণ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন ও অন্যায়কারী যেই হোক না কেনো তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন ।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দোহারে তৈরি হবে অর্থনৈতিক অঞ্চল

দেশে দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি বৃদ্ধিকে উৎসাহিত করতেই সম্ভাবনাময় এলাকাগুলোয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। আর এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সম্ভাব্য স্থানের জায়গায় সবার উপরেই আছে দোহার উপজেলা।

ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলেছে। দেশের বিভিন্ন স্থানে ৩০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যাবতীয় বিষয় তত্ত্বাবধান করছেন। প্রতি মাসেই প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর অগ্রগতির খোঁজ রাখছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আগামী ১৫ বছরের মাঝেই সম্পূর্ণ হবে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কিছু অঞ্চলের। দোহারেও ইতিমধ্যে স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও এই কাজের স্থান নির্বাচনের জন্য বেশ কয়েকবার ঘুরে গেছেন। এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য সবচেয়ে এগিয়ে আছে দোহারের কার্তিকপুরের মৈনট। আর গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ফুলতলা পুলিশ ফাঁড়ির ভবন ও ফায়ার ষ্টেশনের আনুষ্ঠানিক উদ্ভোধনের সময়ও একই কথা আবার বলে গেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, কৌশলগত কারণেই অনুমোদিত এই ৩০টি অর্থনৈতিক অঞ্চলে চীন ও জাপানের বিনিয়োগকারীদের জন্য ২টি অর্থনৈতিক অঞ্চল সংরক্ষিত আছে। ভারতের বিনিয়োগকারীদের জন্যও এ রকম একটি অর্থনৈতিক অঞ্চল সংরক্ষিত রাখার পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে আরও ৬টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এ সব অর্থনৈতিক অঞ্চলে সরকারের পক্ষ থেকে জমি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ অবকাঠামো যোগানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

নবাবগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

নবাবগঞ্জ উপজেলায় ফাহাদ ও শেখ সাইদুল রহমান নামে ২ ইয়াবা ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়ার আদালত এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত ফাহাদ উপজেলার পানালিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে ও সাইদুল রহমান জালালচর গ্রামের শেখ সালামের ছেলে।

নবাবগঞ্জ থানা সূত্র জানায়, শনিবার রাতে ইয়াবা বিক্রির সময়ে ফাহাদ ও সাইদুল রহমানকে আটক করা হয়। পরে রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে রোববার দুপুরে সবুজ মণ্ডল নামে মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। সে কাশিমপুর গ্রামের অজিত মণ্ডলের ছেলে।

বর্ধনপাড়া থেকে তিন নারী ছিনতাইকারী আটক

নবাবগঞ্জের বর্ধনপাড়া থেকে তিন নারী ছিনতাইকারী আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বর্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় জনতা তাদের আটক করে। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের নবীন হোসেনের স্ত্রী সালেহা, একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মদিনা ও আঞ্জব আলীর মেয়ে জানু।

জানা যায়, রোববার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা গ্রামের বাসিন্দা বৃদ্ধ ইউনুছ বেপারী ও তার স্ত্রী আনোয়ারা বেগম অটোবাইকযোগে মেয়ের বাড়ি নবাবগঞ্জের পানালিয়া আসছিলেন। পথিমধ্যে আরও ৫ নারী ওই গাড়িতে ওঠে। বর্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ওই নারীরা নামছিল। এ সময় বৃদ্ধা আনোয়ারা বেগমের গলায় থাকা সোনার চেইন না দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ওই নারীরা পালানোর চেষ্টা করে। পরে জনতা ধাওয়া করে ৩ নারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আরিফুল কায়সার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

দোহার উপজেলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দোহার উপজেলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে উপজেলার আড়িয়ল বিল এলাকায় আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারসহ ট্যুরিজম পল্লী নির্মাণ করা হবে।

দোহারের বটিয়া গ্রামে নব নির্মিত ফায়ার সার্ভিস & সিভিল ডিফেন্সের উদ্ভোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,”এই দোহার আমার জন্মভূমি আমার জীবনের অনেকটা সময় আমি কাটিয়েছি আমার এই প্রিয় জন্মভূমি দোহারে। আমি আগেও বলেছি এখনও বলছি দোহারের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাব। আজকে দোহারে একটি সি ক্যাটাগরির ফায়ার স্টেশন উদ্ভোধন করলাম কথা দিচ্ছি অতি তারাতারি এটাকে বি ক্যাটাগরিতে উন্নতি করব। এছাড়াও অন্যান্য সকল উন্নয়নমূলক কর্মকান্ডে আমি যথাসাধ্য চেস্টা করে যাব।”

তিনি বলেন, আগামীতে দোহারকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি কী পারেন, তা আপনারা একটু অপেক্ষা করে দেখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ দোহারে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ফুলতলা সাইনপুকুর পুলিশ ফাঁড়ির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বারুয়াখালীতে এক রাতে তিন বাড়িতে চুরির চেষ্টা

0

নবাবগঞ্জের বারুয়াখালীতে এক রাতে তিন বাড়িতে চুরির চেষ্টা করেছে সংঘবদ্ধ চোরের। বারুয়াখালি ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে একরাতে ৩ বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গত শক্রবার দিবাগত রাত ২ টায় এ চুরির চেষ্টা চালানো হয়। উপজলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির সিন্দুকের তালা ভেঙ্গে ভিতরে থাকা নগদ টাকা ও কাপড় চোপড় ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায়। একই সাথে পাশের ঘরের নুরু মিয়ার বসত ঘরের মাটি খুঁড়ে ভিতরে ঢুকার চেষ্টা করে।এর কিছুক্ষণ পরে একই গ্রামের আলাউদ্দিন খন্দকারের বসত ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করে।

শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে ৪ দিন ব্যাপী বিজয় মেলা

শনিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলার  শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে ৪ দিন ব্যাপী বিজয় মেলার শুরু হয়েছে। এই উপলক্ষে বিজয়স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিকী(আবু)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষার্থীরা। শনিবার থেকে  মঙ্গলবার পর্যন্ত ৪ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। প্রতিদিনই মেলায় থাকবে সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত হন। বিজয়স্তম্ভের এক পাশে নবাবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সদস্যদের মিলন মেলায় পরিণত হয়।

এছাড়া বিজয় মেলাকে কেন্দ্র করে বিকেল হলে শত শত দর্শনার্থীরা ভীড় করে টিএইচসি কলেজ প্রাঙ্গণে। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে বিজয় মেলার সমাপনি দিন মঙ্গলবার বিকেলে। বিজয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ সচিবালয়ের যুগ্ম সচিব নাজমুল হক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রাজিবুল আহসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মদ,হাজী শোয়েব মিয়া,আলীমোর রহমান খান পিয়ারা  প্রমূখ।

দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলা, হত্যার হুমকি

ঢাকার দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায়  দোহার থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

দোহার থানা সুত্রে জানা যায়, বুধবার প্রায় ১০/১২ জনের একদল সন্ত্রাসী দোহার থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী মোহাম্মাদ নাসির উদ্দিনের বাড়িতে হামলা চালায়।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতা আবুল কাশেম মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। । সন্ত্রাসীরা তাকে শারীরিক ভাবে নির্যাতন করে, বাড়ি ঘর ভাংচুর করে। সভাপতির পিতা কাশেমকে হুমকি দিয়ে তার লন্ডন প্রবাসী ছেলেকে ১৫ দিনের মধ্যে দেশে হাজির করতে বলে, তা না হলে তাকে খুন করার হুমকি প্রদান করে ।

এর আগে ২০০৭ সালে নাসির প্রেসক্লাবের সভাপতি থাকাবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ লেখায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটায়। এ সময় নাসির বাড়িতে না থাকায় প্রানে বেঁচে গেলেও তার বাবা, ভাই, চাচা ও দুই প্রতিবেশী ধারালো অ¯্ররে আঘাতে গুরতর ভাবে আহত হয়। ঐ ঘটনায় নাসির বাদী হয়ে দোহার থানায় অজ্ঞাত ২০/২২ জনের নামে একটি মামলা করে। ফলে নাসিরের ঝুকি আরও বেড়ে যায়।

২০০৯ সালে সরকার পরিবর্তনের সাথে সাথেই নিরাপত্তার জন্য সে লন্ডন চলে যায়। সম্প্রতি ৭ অক্টোবর ঐ মামলায় চার্জশিট ভুক্ত সকল আসামীকে বিনা দন্ডে খালাস দেয় আদালত। ধারনা করা হচ্ছে ঐ মামলার জের ধরেই বর্তমান হামলার ঘটনা ঘটে।

এদিকে বর্তমান হামলার বিষয়টি থানায় সাধারন ডায়েরী করা হয়েছে এবং পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

দোহার প্রজন্ম লীগের নতুন কমিটি ঘোষনা

দোহার প্রজন্ম লীগের কমিটি ঘোষিত হয়েছে। দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তায় বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের দোহার উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা-২০১৫ অনুষ্ঠিত হওয়ার পর দোহার উপজেলা প্রজন্ম লীগের কমিটি ঘোষনা করা হয়। দোহার উপজেলা বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি আব্দুল মালেক দোহারীর সভাপতিত্বে ১১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উদ্ভোদক ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গ্রহ এবং মালেক দোহারীর সভাপতিত্বে সভা সঞ্চালন করেন দোহার উপজেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক আলতাব চোকদার।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রজন্মলীগের সভাপতি মনির আহমেদ মনা। তিনি বলেন প্রজন্মলীগ গাড়ীর চাকার মতো। গাড়ী যেমন চাকা ছাড়া অচল হয়ে পড়ে। তেমনি করে প্রজন্মলীগ ছাড়া কোন সংগঠন গতিশীল হতে পারে না।তাই এই সংগঠনকে সারা দেশের ন্যায় দোহারে শক্তিশালী করার লক্ষ্যে  প্রজন্মলীগের সকল নেতাকর্মীকে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন প্রজন্মলীগ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এই সংগঠন। মানুষের সেবা ও ন্যায় বিচার নিশ্চিত করাই সংগঠনের মূল উদ্দেশ্য। পরে মিষ্টি বিতরনের মাধ্যমে সভা সমাপ্তি ঘটে।

এ সময়ে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগে কেন্দ্রীয় সাধারন সম্পাদক রেজাউল মল্লিক টুটুল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম লিপু, দোহার উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি লুৎফর রহমান, দোহার পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সেন্টু , সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।