সন্তান শিক্ষিত হলে  ভালো মানুষ হয়ে উঠবে: খোন্দকার আবু আশফাক

আল-আমিন/ফয়সালঃ ঢাকা জেলা বিএনপির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক বলেছেন, “সন্তান শিক্ষিত হলে সে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনবে। তেমনি, শিক্ষার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সম্ভব।”

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর আড়াইটায় নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে পেরে অত্যন্ত আনন্দিত। দোয়া করি, এই কলেজ জীবনের বিদায় যেনো জীবনের অগ্রযাত্রায় সৌন্দর্য বয়ে আনে। তোমরা যেন সাফল্যের সাথে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাও।”

অনুষ্ঠানের প্রধান আলোচক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, “আজ যারা বিদায় নিচ্ছে, তাদের অনেকেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। সেটা যেমন দেশ গড়ার আন্দোলন ছিল, ঠিক তেমনি সামনে তোমাদের পরীক্ষা—এটা জীবন গড়ার আন্দোলন। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেলিম মিয়া ও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, কলেজের বিদ্যোৎসাহী সদস্য হেদায়েত হোসেন চৌধুরী, হিতৈষী সদস্য মোহাম্মদ নজরুল ইসলামসহ অনেকে।

দোহার পদ্মা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজার রোগীর চিকিৎসা সেবা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে দারিদ্র্য দূরীকরণ সংস্থা (দাদূস) ও বন্ধু কল্যাণ সোসাইটি ৯৩ এসএসসি ব্যাচের যৌথ আয়োজনে একদিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবায় প্রায় এক হাজার রোগী বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ আর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) প্রফেসর লিজা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমএইচ-এর প্রাক্তন বিভাগীয় প্রধান মেজর জেনারেল (অব.) কেএম ওমর হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব রুকিয়া পারভীন জুঁই, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব নাঈমুল আজম খান, পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. ফেরদৌসুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান বাবুল শিকদার, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিএফও আবুল বশির খান প্রমুখ।

দাদূস-এর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান এবং বন্ধু কল্যাণ সোসাইটি ৯৩ ব্যাচের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন, যাতে দোহার এলাকার সাধারণ মানুষ সহজে ও বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পান।

ক্যাম্পে উপস্থিত দেশবরেণ্য চিকিৎসক ও সেবাদানকারীরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: থানায় অভিযোগ

মাহমুদুল হাসান সুমন,  দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে। আয়েশা আক্তার, দোহার বার্তা, ওবাইদুল ইসলাম আকাশসহ কয়েকটি ভুয়া (ফেক) ফেসবুক পেজে এই পোস্ট আপলোড করা হয়। পোস্টটি ইতোমধ্যে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আতাউর রহমান সানী দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ জমা দিয়েছেন। একইসাথে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদলিপি দাখিল করা হয়েছে।

মো. আতাউর রহমান সানী বর্তমানে সাপ্তাহিক নববাংলা ও জাগ্রত জনতা পত্রিকার সম্পাদক এবং বিজয় টিভির ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আতাউর রহমান সানী বলেন, “গত ১৭ জুন ফেসবুকে যে ছবিটি ব্যবহার করে ভিডিও আপলোড করা হয়েছে, তা আসলে আমার নয়। এটি ভারতের একটি পর্নো সাইটের ভিডিও, যা আমি ইতোমধ্যে সংগ্রহ করেছি। ভিডিওতে দেখা যায় ছেলেটির হাতে একটি ব্যাজ পরা রয়েছে, যা আমি কখনো পরিনি। একপাশ থেকে আমার মতো মনে হলেও সেটি আমি নই।”

তিনি আরও বলেন, “আমি টানা দুইবার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। কিছু ব্যক্তি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য আমাকে সামাজিকভাবে হেয় করা। আমি এ ঘটনায় আইনগত সহায়তা নিয়েছি এবং দোষীদের শাস্তি চাই।”

প্রেসক্লাবের সদস্য ও পদ্মা সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান সুমন বলেন,“মাদক যেমন সমাজের ক্ষতি করে, তেমনি ফেসবুকের ফেক আইডির অপব্যবহারও সামাজিক অবক্ষয়ের চরম উদাহরণ। আমরা দোহারে ফেক আইডির ব্যাপকতা দেখতে পাচ্ছি। এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি ও আইনগত পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু বলেন,“সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার সমাজের ভালো মানুষদের নিয়ে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে। একজন দায়িত্বশীল সাংবাদিকও এর হাত থেকে রেহাই পাচ্ছেন না—এটা খুবই দুঃখজনক।”

বীর মুক্তিযোদ্ধা ও কলাম লেখক ইব্রাহিম খলিল সবুজ বলেন,“ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের অপমান করা হচ্ছে। প্রশাসনের উচিত বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব বলেন, “এ ধরনের পোস্ট আইনবিরোধী ও সামাজিক শিষ্টাচার পরিপন্থী। এটি ব্যক্তি মর্যাদা ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

দোহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম বলেন,“অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। যারা এই ঘৃণিত কাজ করেছে তারা খুব দ্রুত আইনের আওতায় আসবে।”

দোহার জামায়াতের জয়পাড়া খালের কচুরিপানা অপসারনে পরিদর্শন

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহারের প্রাচীন ও ঐতিহ্যবাহী জয়পাড়া খালের কচুরিপানা অপসারনে পরিদর্শন করেছে উপজেলা জামায়াতে ইসলাম ও ইসলামি ছাত্রশিবির। রাজনৈতিক এ দলটি খালের মৃতপ্রায় অবস্থা থেকে কচুরিপানা অপসারনের মাধ্যমে জয়পাড়া খালকে পুনরুজ্জীবিতকরন ও নৌযান চলাচলকে স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহন করেছে।

শনিবার ২১ জুন থানা নায়েবে আমীর মাওলানা মো:দলিলুর রহমান, পৌর সভাপতি মো:সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল ওয়াহাব দোহারী,উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ জামায়াতের অনেক নেতাকর্মী উপস্থিত থেকে খালটি পরিদর্শন করেন।

সরেজমিনে দেখা যায়,জয়পাড়া খালটির প্রায় পুরোটাই কচুরিপানায় পরিপূর্ণ।কসাই পট্টির বর্জ্য ফেলে খালের একাংশকে ভরাট করা হয়েছে।এই খালকে ঘিরেই উদ্ভব হয়েছে দেবীনগর বাজার বা হাট।প্রতি বৃহস্পতিবার এ হাটে আসার প্রধান মাধ্যম ছিল খালটি। অথচ পানির নাব্যতা কমে যাওয়ার ও কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় এখন এই খাল আর ব্যবহৃতই হয়না। এ ব্যাপারে থানা নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান বলেন, কচুরিপানা ও কসাই পট্টির বর্জ্যের কারনে  নৌযান চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে,পাশাপাশি মশার উপদ্রপ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সকল বয়সের মানুষেরা। তাই আমরা কচুরিপানা অপসারনের উদ্যোগ গ্রহন করেছি।

পৌর আমির মো:সাখাওয়াত হোসেন বলেন, উন্মুক্ত এ খালটি আজ কচুরিপানায় আবদ্ধ হয়ে গেছে।মানুষের অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। জনগণের দূর্দশা লাঘবে আমরা এই কচুরিপানা অপসারন করব। সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারী বলেন, জনগণের সকল সমস্যা নিরসনে দোহার জামায়াত আপনাদের পাশে আছে। এই সামাজিক কাজের মাধ্যমে আমরা আপনাদের আরো কাছে পৌছতে চাই। আমরা কাজের মাধ্যমে আপনাদের মন জয় করতে চাই।

ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক বলেন, খালের পানি প্রবাহ সঠিক রাখতে কচুরিপানা অপসারনের বিকল্প নেই। ইসলামি ছাত্রশিবির জামায়াতের সাথে পরামর্শ করে এই খালটির কচুরিপানা অপসারন করবে ইনশাআল্লাহ।

পথচারী ও এলাকাবাসীর পক্ষে আবু তালেব বলেন, আমরা জয়পাড়াবাসী দীর্ঘদিন খালের কচুরিপানার এই সমস্যাতে জর্জরিত ছিলাম। জামায়াতের কচুরিপানা অপসারনের  এই উদ্যোগকে আমি ধন্যবাদ ও সাধুবাদ জানাই।

সেভ দ্যা সোসাইটি আন্ড থান্ডারস্টোম এওয়ারনেস ফোরামের সাধারন সম্পাদক মো: রাশিম মোল্লাও ইত:মধ্যে এ খালটি পরিদর্শন করেছেন।তিনি দোহারের প্বার্শবর্তী থানা নবাবগঞ্জের ইছামতি নদীকে ইতমধ্যে কচুরিপানা অপসারনে মূখ্য ভূমিকা রেখেছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,দোহারের রাজনৈতিক দল বা প্রশাসনের  উচিত ছিল এমন উদ্যোগ আরো আগেই গ্রহন করা। আজ যারা এই কচুরিপানা অপসারনের উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। কচুরিপানা অপসারনে আমাদের সহযোগিতা চাইলে আমরা সামাজিক এই কাজে সহযোগিতা করব।

দোহারে ছাত্র শিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্টার: দোহার উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে  দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহবুবুল আলম সিয়াম। তিনি বলেন, “আধুনিক বিশ্বে আমাদের টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রযুক্তি ও জ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি সাধন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পরীক্ষার রুটিন ও ফাইল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ যিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আজকের এই দোয়া অনুষ্ঠান ও উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

দোহার উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক বলেন, “আমরা সব সময় ভালো কাজের মাধ্যমে ছাত্রদের মনে জায়গা করে নিতে চাই। শিক্ষার্থীদের পাশে থেকে গঠনমূলক কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির জাতির উদ্দেশে ভাষণ

ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক  কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ইরানি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। বুধবার (১৮ জুন) বার্তাটি সম্প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনেয়ি বলেন, ‘আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত সবার জন্য কষ্টদায়ক। আমি ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তাঁর বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।’

ইসরায়েল মারাত্মক ভুল করে ফেলেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না, তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না।’

ইসরায়েলকে প্রতিহত করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন বলেও ভাষণে উল্লেখ করেন তিনি।

দেশটির সর্বোচ্চ এই নেতা আরও বলেন, ‘আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ  বিভিন্ন  মহল ও ব্যক্তি থেকে একই রকম বার্তা জারি করা হয়েছে। সকলেই মনে করেন যে আমাদের অবশ্যই  ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।’

শত্রুর প্রতি কড়া বার্তা দিয়ে খামেনেয়ি বলেন, ‘নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ট হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে এবং ইরানি জাতি আল্লাহর ইচ্ছায় ইসরায়েলকে ইসলামি প্রজাতন্ত্র পরাজিত করবে বলে জানান তিনি।

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান রিজভী

নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নরসিংদী জেলা বিএনপির নেতারা। এ সময় নবনির্বাচিত নেতাদের নিয়ে শপথ বাক্য পাঠ করান।

জুলাই ঘোষণাপত্রসহ তিন দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জেলা ও উপজেলায় কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৯ জুন) দলটির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন রিফাতের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন নির্দেশনা দিয়েছেন।

সভা শেষে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কুসুমহাটিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রবিবার ১৬ জুন দুপুর ১২টা ২০ মিনিটে কুসুমহাটি ফকিরবাড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন সড়কে মোঃ আমজাদ মোল্লা তার বাড়ি অতিক্রম হওয়ার সময় রাশেদ (৩০), পিতা: মৃত চুন্নু মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আমজাদ মোল্লার পক্ষের লোকজন ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে রাশেদ পক্ষের মোঃ আশিকুর রহমান গুরুতর আহত হন। তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন।

অন্যদিকে আমজাদ মোল্লার পক্ষের অভি ভূঁইয়া (২৩), পিতা: সালাউদ্দিন ও নাজমুল ভূঁইয়া (২৩), পিতা: লুৎফর রহমান দুজনই আহত হয়ে বর্তমানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় দোহার থানা পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।

দোহারের খারাকান্দায় ধর্ষণের প্রধান আসামি মনি গ্রেফতার

ঢাকার দোহার উপজেলার খারাকান্দা এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সিফাত হোসেন মনি (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। রোববার (১৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মে রাতে জয়পাড়া কলেজের পেছন থেকে ঐ নারীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পালবাড়ী ব্রীজ সংলগ্ন রাব্বিল এর গ্যারেজে নিয়ে যায়। সেখানে সিফাতসহ আরও দুজন মিলে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীর বাবা দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা রোববার  রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে প্রধান অভিযুক্ত মনিকে গ্রেফতার করে। পরে তাকে দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অপর আসামী মুশফিকুর রহমান ওরফে অপুকে নবাবগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

র‍্যাব জানায়, গ্রেফতার সিফাত হোসেন মনির বিরুদ্ধে দোহার থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে। পলাতক অপর দুই আসামিকেও দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুন্নবী খান জানান, “ভুক্তভোগীর পরিবারকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”