হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে নয়াবাড়ীতে মানববন্ধন

আবু নাইম: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টারের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড়ে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, হারুন-অর-রশীদ মাস্টার শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখা একজন সমাজহিতৈষী মানুষ ছিলেন। তাঁর এই নির্মম মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান ও জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব মিয়া, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান, আল-মামুন লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন ও নজরুল ইসলাম লিটন।

হারুন মাস্টার হত্যার বিচার

এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভূইয়া, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, লাভলু দেওয়ান, সেলিম রেজা, গৌতম সরকার, সাইদুর রহমান শিপু, মনির মোল্লা, মজনু মিয়া, ওয়াসিম মোল্লা, ফিরোজ আলমসহ অনেকে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হারুন মাস্টারের হত্যার প্রতিবাদে আদর্শ শিক্ষক পরিষদের মানববন্ধন

ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টারের হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দোহার উপজেলা শাখা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দোহার উপজেলা শাখার সভাপতি মো. নূরে আলম ঝিলু, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, মাওলানা দলিলুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাসুম হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।

নবাবগঞ্জ রোইং ক্লাবের ১০ বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার:১০ বছরে পদার্পণ করল নবাবগঞ্জ রোইং ক্লাব। এই উপলক্ষে ক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় নানা আয়োজনের মাধ্যমে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম ক্লাবটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার বিকেলে নবাবগঞ্জের সিঞ্জুর কালিগঙ্গা নদীর তীরে বেলুন উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক খালিদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক দুলাল দেওয়ান, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির উপদেষ্টা কাইয়ুম ভান্ডারী, সদস্য ইমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রতিনিধিরা বাইচের নৌকার মালিকদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুলাই, নবাবগঞ্জ রোইং ক্লাব প্রতিষ্ঠা করেন মো. রাশিম। ঐতিহ্যবাহী নৌকা বাইচকে টিকিয়ে রাখার লক্ষ্যে এই ক্লাবের যাত্রা শুরু হয়। পরবর্তীতে, ২০১৮ সালের ২১ জানুয়ারি ক্লাবটি বাংলাদেশ রোইং ফেডারেশনের এফিলিয়েশন সনদ লাভ করে। সংগঠনটির নিবন্ধন নম্বর ১৩৫।

এই সময়ের মধ্যে ক্লাবের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পদক অর্জন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা ও দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি, মো. রাশিম বাংলাদেশ রোইং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ২৮ মে তিনি ফেডারেশনের এডহক কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০২২ সালের ৩০ মার্চ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতায় ক্লাবটি আন্তর্জাতিক ও জাতীয়—উভয় বিভাগেই অংশগ্রহণ করে। আন্তর্জাতিক ইভেন্টে “বাংলাদেশ সাদা দল” হিসেবে অংশ নিয়ে তারা তৃতীয় স্থান অর্জন করে। একইভাবে জাতীয় বিভাগেও নবাবগঞ্জ রোইং ক্লাব তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে।

নবাবগঞ্জে পুলিশি অভিযান আতঙ্কে সাবেক যুবদল নেতার মৃত্যু

নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ (৫৫) শনিবার ভোরে হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পরিবার, প্রতিবেশি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের ভোররাতে হঠাৎ অভিযান চালানোর কারণে তিনি আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন।

জানা গেছে, আমজাদ হোসেন আজাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। আজ ভোররাতে পুলিশ তার বাড়িতে গিয়ে অভিযান চালায়। এ সময় তিনি প্রচণ্ড ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন। দৌড়েঁ পালিয়ে যান ঘর থেকে। ওনার হার্ডে তিনটি ব্লক ছিলো। ফজরের নামাজ শেষে একালার দুতিনজন লোক তার বাসার পিছনে প্রায় ১৫০ মিটার দূরে তাকে অজ্ঞান অবস্থালয় দেখে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন এবং মৃত্যুবরণ করেন।

এই ঘটনার পর স্থানীয় লোকজন, বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, “সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক ঘটনাটা উদঘাটন করা হোক।”

নবাবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। মৃত্যুর ব্যপারে তারা অবগত ছিলো না।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযান: ৫ ডাকাত ও ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযানে পাঁচজনকে এবং পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায়, ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে, উপ-পরিদর্শক মোঃ ইয়াকুব আলী, উপ-পরিদর্শক আব্দুল বাছেদ ও উপ-পরিদর্শক সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্টের চন্ডিতলা কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলো: মোঃ রুবেল @ পিচ্চি রুবেল (২৫), মোঃ বাবু (২৩), ইসমাঈল হোসেন (২০), হৃদয় @ আলামিন সর্দার (২৪) ও আশিক (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার হাতুড়ি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

এছাড়া, একই তারিখে পৃথক আরেকটি বিশেষ অভিযানে রাত ৭টা ৪৫ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলোমোড়া এলাকা থেকে মোঃ বিপ্লব (২৮)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় এবং রাত ৯টা ৩০ মিনিটে আরশিনগর এলাকা থেকে মোঃ রাব্বি মিয়া (২৮)-কে ১৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানায় ডাকাতির প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে পিচ্চি রুবেলের নামে দুইটি, বাবুর নামে একটি ডাকাতির প্রস্তুতির মামলা, হৃদয় @ আলামিন সর্দারের নামে তিনটি এবং ইসমাঈল হোসেনের নামে একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবির এমন ধারাবাহিক অভিযানে এলাকায় অপরাধ দমনে জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দোহারে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার দোহার পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হুসাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দোহার থানা নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান, থানা সেক্রেটারি নুরে আলম ঝিলু, সাবেক থানা আমীর অধ্যাপক শফিকুর রহমান, পৌর আমীর সাখাউয়াত ও পৌর সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ।

এছাড়াও সম্মেলনে রাইপাড়া ইউনিয়নের আমীর আল আমিন, সুতারপাড়া ইউনিয়নের আমীর কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব দোহারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সহ-সভাপতি দেওয়ান ডা. শহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে নেতারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যখনই তারিখ ঘোষণা করবে, তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।

এর আগে মেঘলা পর্যটন এলাকার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা।

এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেবো না।

শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শাফিকুর রহমান বলেন, ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে।

স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, কিশোর, তরুণ ও যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই—যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সকলকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, আজ ফেনীতে রুকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষ্যে সকালে ফেনী আসার পথে কুমিল্লায় একাধিক পথসভায় বক্তব্য দেন তিনি।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিল হামাস

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৪ জুলাই) হামাস মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক জবাব’ দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। এই চুক্তিতে জিম্মিদের মুক্তি এবং সংঘাত অবসানের বিষয়ে আলোচনার কথা রয়েছে।

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কাতার ও মিশরকে তাদের জবাব দিয়েছেন এবং এটি চুক্তি অর্জনে সহায়ক হবে বলে মনে করেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন বন্ধের জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে তারা নিজেদের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস এই যুদ্ধবিরতির কাঠামোর ভিত্তিতে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ৬০ দিনের একটি চূড়ান্ত যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করেন। তিনি জানান, ইসরাইল ইতোমধ্যেই যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এবং এই সময়ে সংঘাতের স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে। শুক্রবার গাজা সিটির আল-সাবরা গার্লস স্কুল ও আল-হুররিয়া স্কুলে ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। খান ইউনিস এবং জাবালিয়াতেও অনেকে প্রাণ হারিয়েছেন। রাফায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ফিল্ড হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রেড ক্রস জানিয়েছে, এমন ঘটনা গাজায় প্রতিদিনের বাস্তবতা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইল গাজার ৮৫ শতাংশ এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে। শুধু মার্চের পর নতুন করে সাত লাখ ১৪ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। গত চার মাস ধরে গাজায় এক ফোঁটা জ্বালানিও প্রবেশ করেনি, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। নাসের হাসপাতাল এখন একটি বিশাল ট্রমা ওয়ার্ডে পরিণত হয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও নিরাপত্তা মিলছে না।

জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত ত্রাণকেন্দ্র ও ত্রাণবহরের আশেপাশে অন্তত ৬১৩ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও তরুণ।

জালাল হোসেন পদ্মা কলেজের নতুন অধ্যক্ষ

মাহমুদুল হাসান সুমন: ঢাকা জেলার দোহার উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পদ্মা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জালাল হোসেন। তিনি পূর্বে এই কলেজেই উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করবেন।

সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ অবসরে যাওয়ার পর শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হন। তার স্থলাভিষিক্ত হয়ে মো. জালাল হোসেন কলেজের প্রশাসনিক নেতৃত্ব গ্রহণ করছেন।

মো. জালাল হোসেন তার শিক্ষা ও কর্মজীবনে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। শিক্ষকতা পেশায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে ইছামতী কলেজ, নবাবগঞ্জ এবং ইসলামপুর ডিগ্রি কলেজ, জামালপুরে শিক্ষকতা করেন।

পরবর্তীতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুরের পিয়ারপুর মহারাজা শশিকান্ত স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার আরামবাগ স্কুল অ্যান্ড কলেজে।

২০১৪ সালের ৯ জুন তিনি পদ্মা সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দেন এবং ২০১৭ সালের ৩০ আগস্ট থেকে ২০২৩ সালের ২২ অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

উল্লেখযোগ্যভাবে, এই মেধাবী শিক্ষাবিদের শিক্ষা জীবন শুরু হয় নওগাঁ জিলা স্কুলে, যেখানে তিনি এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য,তিনি BNCC এর পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষা ও ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সততা পদ্মা সরকারি কলেজের আগামী দিনগুলোতে অগ্রগতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।