নবাবগঞ্জের কাঠালীঘাটায় ডাকাতের গুলিতে নিহত ১

নবাবগঞ্জের কাঠালীঘাটা গ্রামে ডাকাতের গুলিতে সাত্তার বেপারী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত হয়েছে তারই স্ত্রী হাসিনা বেগম (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে একদল ডাকাত কাঠালীঘাটা গ্রামের সাত্তার বেপারীর বাড়িতে প্রবেশ করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা সাত্তার বেপারী ডাকাতদের চিনে ফেলায় তার মাথায় গুলি করে এবং তারই স্ত্রী হালিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় সাত্তার এবং গুরুত্বর আহত অবস্থায় তার স্ত্রীকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। আজ বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সুজায়েত হোসেন নিউজ থার্টিনাইনকে বলেন,”লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ট) হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

আজ ৮ মার্চ; ৭১ এর এই দিনে

আজ ৮ মার্চ; ১৯৭১ এর এই দিনে সকাল সাড়ে আটটায় ঢাকা বেতার কেন্দ্র থেকে রেসকোর্স ময়দানে প্রদত্ত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়। প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা রিলে করা হয়।

ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসুর সহ-সভাপতি আ. স. ম. আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলার বর্তমান মুক্তি আন্দোলনকে ‘স্বাধীনতার আন্দোলন’ ঘোষণা করে স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের ঐতিহাসিক সনসভায় যে প্রত্যক্ষ কর্মসূচি ঘোষণা করেছেন আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলার সংগ্রামী জনতার প্রতি আহবান জানাচ্ছি।

রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষিত নির্দেশের ব্যাখা প্রদান করেন। এতে বলা হয়, ব্যাংকসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকগুলো বাংলাদেশের ভেতরে নগদ জমা, বেতন ও মজুরী প্রদান, এক হাজার টাকা পর্যন্ত প্রদান এবং আন্তঃব্যাংক ক্লিয়ারেন্স ও নগদ লেনদেন করতে পারবে। বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় বিভাগগুলো খোলা থাকবে। সার সরবরাহ ও পাওয়ার পাম্পের ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। পোস্ট অফিস সেভিংস ব্যাংক খোলা থাকবে। পানি ও গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ পৃথক আরেকটি বিবৃতিতে সামরিক শাসন কর্তৃপক্ষ প্রদত্ত প্রেসনোটের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রেসনোটে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে বলা হয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ক্ষেত্রেই গুলিবর্ষণ করা হয়েছে বলে কথিত বক্তব্য সত্যের অপলাপ। নিজেদের অধিকারের স্বপক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত নিরস্ত্র বেসামরিক অধিবাসীদের ওপরই নিশ্চিতভাবে গুলি চালানো হয়েছে। পুলিশ ও ইপিআর গুলিবর্ষণ করেছে বলে যে প্রচারণা করা হয়েছে তা বাঙালিদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে।

বৃটেনে প্রবাসী প্রায় ১০ হাজার বাঙালি লন্ডনস্থ পাকিস্তানি হাই কমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

ইসলামাবাদে পিপলস পার্টির চেয়াম্যান জুলফিকার আলী ভুট্টো ২৫ মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে বঙ্গবন্ধুর দেয়া শর্ত সম্পর্কে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

 

আজ সকালে দেশে ফিরেছে লিবিয়ায় প্রতারিত ২৭ শ্রমিক

অবৈধভাবে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হওয়া ২৭ শ্রমিক বুধবার সকালে দেশে ফেরত এসেছে। র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, এসব শ্রমিক অবৈধ পথে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হন। পরে পরিবারের সহায়তায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে এসব শ্রমিককে দেশে ফেরত আনা হয়।

পাশাপাশি মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

নবাবগঞ্জে ছাত্রলীগের বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নবাবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্রশ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষ্যে গতকাল ৭ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও পরে কলেজ সংসদ সভা কক্ষে আলোচনা সভা করে।

সভায় ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে সমগ্র বাঙালী জাতি জেগে উঠে ছিলো। যার ফলোশ্রুতিতে আজ আমরা পেয়েছি বহু প্রত্যাশিত স্বপ্নের স্বাধীনতা ।

এসময় উপস্থিত ছিলেন, দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ঢাকা জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, কলেজ শাখার সভাপতি শোভন শিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, মেহেদী হাসান রানা,মো. রবিন প্রমূখ।

 

ডিএন কলেজ ঢাকা জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দোহার-নবাবগঞ্জ কলেজ ঢাকা জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। জেলা শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানের আলোকে সম্প্রতি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা কার্যালয়। ঢাকার শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হামদ-নাত, দেশাত্মবোধক গান, অভিনয়, লোকসঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া কলেজটি জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবেও নির্বাচিত হয়।

এ বিষয়ে দোহার-নবাবগঞ্জ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, ‘কলেজটি ঢাকা জেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। কলেজটি এ অঞ্চলের মানুষকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করেছে। আর এ গৌরব ও সফলতার সমান অংশীদার কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা সবাই।’ শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন নিউজ থার্টিনাইনকে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নেতৃত্বে দোহার-নবাবগঞ্জ কলেজ আজ একটি আর্দশ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এছাড়া শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও কলেজটি এগিয়ে যাচ্ছে দুর্বারগতিতে। আগামীতে এ সফলতা ধরে রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

নবাবগঞ্জের বান্দুরায় রাস্তার দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জের পুরাতন বান্দুরা ভাঙ্গা চালা মেইন রোড থেকে সোহেল শিকদারের বাড়ি পর্যন্ত রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পুরাতন বান্দুরা ও মহব্বতপুর বর্ডারের সর্বস্তরের জনগণের উদ্যোগে গতকাল ৭ মার্চ মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী, পুরুষ, শিশুসহ প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে বক্তারা জানান, পুরাতন বান্দুরা ভাঙা চালা মেইন রোড থেকে সোহেল শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটি মহ্ববতপুর ও পুরাতন বান্দুরা গ্রাম দুইটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি প্রায় ১২ বছর পূর্বে নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও নানাবিধ সমস্যার কারণে কাজ শেষ হয়নি। চেয়ারম্যান তিনবার রাস্তাটির জন্য বরাদ্দও দিয়েছিলেন।

মানববন্ধনে এলাকাবাসী রাস্তাটি নির্মাণে স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন— পুরাতন বান্দুরা মাদক বিরোধী সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, আক্কাছ মিয়া, ফজলুর রহমান, আওলাদ হোসেন, সোহেল শিকদার, চান্দু মেম্বার, ওয়াদুদ মিয়া, আলামিন, ফরমান প্রমুখ।

 

রাগ নিয়ন্ত্রণ করার উপায়

আমাদের সবারই কম বেশি রেগে যাওয়ার বদ অভ্যাসটি আছে। কখনো কখনো খুব কাছের মানুষটিও আপনার ওপর রাগ করে ফেলে। তবে কারো রাগ কমানোর থেকে কঠিন কাজ হচ্ছে নিজের রাগ কমানো। আপনি যখন নিজের রাগের উপর নিয়ন্ত্রণ টানতে পারবেন তখনই আপনি পাবেন যেকোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে। আর এই রাগ কমাতে আপনি যা যা করতে পারেন তা হচ্ছে-

কেন রাগ করছেন তা খুঁজে বের করুন : প্রথমেই নিজের রাগের মাত্রা সম্পর্কে সতর্ক হোন।কি কারনে রাগ করছেন তা খুঁজে বের করুন। কারনের পিছনে আপনার কোন কাজ দায়ি কিনা তাও খুঁজে বের করে নিন।

রাগের সমাধান : কেনো রাগ করছেন তার উত্তর খুঁজে পেলেই আপনি পেয়ে যাবেন এর সমাধান। এই ক্ষেত্রে আপনার কোনো মানুষের ওপর রাগ হতে পারে কিংবা কোনো কাজের ওপর। যেই বিষয়ের ওপরেই রাগ হোক তা নিয়ন্ত্রণ করুন এবং তাকে কিভাবে নিজের আয়ত্ত্বে রাখবেন তা ভেবে বের করুন।

উত্তেজনা বিচার করুন : অল্পতেই কি খুব রেগে যাচ্ছেন? আপনার রাগ হয়তো আপনার কাছের মানুষ সহ্য করবে, কিন্তু সবাই না। তাই কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে নিজের রাগকে সবার থেকে আলাদা রাখবেন তা খুঁজে বের করুন।

কথা বলুন : স্পষ্টভাবে কথা বলুন। কাউকে কিছু বলতে চাইলে তা মনের ভেতর পুষে রাখবেন না। তাকে তার সাথে খোলামেলাভাবে উপস্থাপন করুন। তাকে বলুন যে আপনার এই কাজটিতে মেজাজ খারাপ হচ্ছে। একি সাথে আপনার কোন কাজে সে কষ্ট পাচ্ছে কিনা তাও জিজ্ঞেস করুন।

ব্যায়াম : গড়ে দৈনিক অন্তত ১০ মিনিট করে হলেও ব্যায়াম করুন। এখানে আপনি রাখতে পারেন ইয়োগা এবং ফ্রি হ্যান্ডের ব্যায়ামগুলো। এগুলো আপনাকে আপনার নিজের ওপর এবং আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ আনতে শেখাবে।

 

যেসব কারণে বন্ধ হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

যেসব কাজ করলে ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হতে পারে, তা ব্যবহারকারী জেনে রাখা ভালো। সাধারণত ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারে কিছু বিধি-নিষেধও আছে, যা না মানলেই বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

এবার জেনে নিন

সাধারণত আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে। অথবা কোনো স্টেটাসে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে এবং কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে।

আবার প্রতিদিন একই মেসেজ বন্ধু-বান্ধবদের বার বার পোস্ট করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই বার্তা বার বার দিতে চাইলে কনটেন্টে কিছু না কিছু বদল আনা দরকার। একদিনেই বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

নিজের নামের পরিবর্তে সেলিব্রিটির নাম ব্যবহারের অভিযোগ এলে বন্ধ হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক ওয়ালে যদি আপনি একই পোস্ট বার বার দেন, তবে সে কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে পারে ফেসবুক অ্যাকাউন্ট। অতএব এই ব্যাপারগুলো জেনে সর্তকতার সাথে ফেসবুক ব্যবহার করুন।
সূত্র : ইন্টারনেট

 

দোহারের মইতপাড়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা

দোহার উপজেলার মইতপাড়া এলাকায় রাশেদা বেগম ও তার স্বামী ফেরদৌস মোল্লার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা আবদুল লতিফ মোল্লা গং জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা হলে বিবাদী পক্ষকে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ওই আদেশ অমান্য করে পুকুরসহ জমিটি দখলের পাঁয়তারা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার মইতপাড়ায় সিএস খতিয়ান নং ৩০৬, এসএ খতিয়ান নং ২৩৭, আরএস খতিয়ান নং ২৩৯, সিএস ও এসএর দাগ নং ৭৭৮, আরএস দাগ নং ৯২৯, মোট জমির পরিমাণ ৭৮৮ শতাংশ ইহার কাতে ৯৮.৫০ শতাংশ এবং সিএস খতিয়ান নং ৩০৫, এসএ খতিয়ান নং ২৩৬, আরএস খতিয়ান নং ৩৫, সিএ ও এসএ দাগ নং ৮০৭, আরএস দাগ নং ৯৬৮ মোট জমির পরিমাণ ৩৪ শতাংশ ইহার কাতে ০৯.৯৩ শতাংশ নাল জমির বিষয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালতে ৮৯৩/২০১৫ নং মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া মোকাম ঢাকা, দেঃ মাঃ নং ৫৬/২০১৬ তাং ৩০/১/২০১৭ এর ১১নং আদেশ মূলে ওই সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে নালিশি সম্পত্তিতে আবদুল লতিফ মোল্লা গংয়ের প্রবেশ নিষেধ করেছে আদালত।

লতিফ মোল্লা ও তার সহযোগীরা আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রবেশ করাসহ মামলার বাদীকে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। এ ব্যাপারে রাশেদা বেগম দোহার থানায় একটি অভিযোগ করেন। এ বিষয়ে লতিফ মোল্লা বলেন, আমরা কোনো জবরদখল করতে যাইনি। বাদী পক্ষই হুমকি-ধামকি করছে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, বিষয়টি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে। তাই উভয় পক্ষের উচিত রায় পর্যন্ত অপেক্ষা করা।

 

আজ ৬ মার্চ; ৭১ এর এই দিনে

৬ মার্চ,৭১ এর এই দিনে সংগ্রামী বাংলা এখন সভা-সমাবেশ-মিছিলে উত্তাল। ঢাকায় ষষ্ঠ দিনের মতো হরতাল পালনকালে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শান্তিপূর্ণ হরতাল পালন শেষে তাঁরই নির্দেশে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন ব্যাংক এবং যেসব বেসরকারি অফিসে ইতিপূর্বে বেতন দেয়া হয়নি সেসব অফিস বেতন প্রদানের জন্য খোলা থাকে।

সকাল ১১ টার দিকে সেন্ট্রাল জেলের গেট ভেঙ্গে ৩৪১ জন কয়েদি পালিয়ে যায়। পালানোর সময় পুলিশের গুলিতে ৭ জন কয়েদি নিহত এবং ৩০ জন আহত হয়।

পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে এক বেতার ভাষণে ২৫ মার্চ জাতীয় পরষদের অধিবেশন আহবান করেন। ভাষণে তিনি বলেন, যাই ঘটুক না কেন যদ্দিন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী আমার হুকুমে রয়েছে এবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি তদ্দিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশভাবে পাকিস্তানের সংহতিরে নিশ্চয়তা বিধান করবো।

প্রেসিডেন্টের বেতার ভাষণের অব্যবহিত পরেই বঙ্গবন্ধুর বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির এক যুক্ত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্টের বেতার ভাষণের আলোকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইয়াহিয়া খানের বেতার ভাষণের পরপরই ঢাকা ও নারায়নগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল বের হয়। রাওয়ালপিন্ডিতে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাঁর দল ২৫ মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনের আগেই আলোচনার মাধ্যমে শাসনতন্ত্রের মোটামুটি একটি কাঠামো স্থির করতে চায়।

লাহোরে কাউন্সিল মুসলিম লীগ নেতা এয়ার মার্শাল নূর খান এক সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিবুর রহমানের দেশ-শাসনের বৈধ অধিকার রয়েছে। ক্ষমতা হস্তান্তারের সব বাধা অবিলম্বে দূর করতে হবে। প্রেসিডেন্টের বেতার ভাষণে পরিস্থিতি অবনতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর দোষারোপ করায় নূর খান দুঃখ প্রকাশ করেন।

পেশোয়ারে পাকিস্তান মুসলিম লীগ প্রধান খান আবদুল কাইয়ুম খান ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহবানের সিদ্ধান্তকে অভিনন্দিত করে বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পিডিপি প্রধান নবাবজাদা নসরুল্লাহ খান ও কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা ইয়াহিয়া খানের ঘোষণাকে স্বাগত জানান।

প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান লে. জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করেন।

ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ এক বিবৃতিতে ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে সরাসরি বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশের সকল বেতার কেন্দ্র থেকে রিলে করার দাবি জানান।