ধনী ব্যক্তির তালিকা প্রসঙ্গে এফ রহমানঃ এটা আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ নয়

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা, দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এক বিবৃতিতে বলেছেন, বেশকিছু নিউজ৩৯, ঢাকা ট্রিবিউন সহ বেশ কিছু অনলাইন পত্রিকায় ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান’ শীর্ষক একটি সংবাদ আমার নজরে এসেছে। চীনা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমার সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার। প্রতিষ্ঠানটি কিভাবে এই সম্পদের হিসাব করেছে তা আমার জানা নেই। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের নিট সম্পদের পরিমাণ এর কাছাকাছি হতে পারে। আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটা নয়।

উল্লেখ্য, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)-র যাত্রা শুরু ১৯৭২ সালে। প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আশির দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ শুরু করে। পরে টেক্সটাইলস খাতেও আসে সাফল্য।

৯০-এর দশকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান রাজনীতিতে সক্রিয় হন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সৌদিতে নতুন ইমিগ্রেশন আইন;বিপদে ৫০ লক্ষ অভিবাসী

সৌদি আরবের সরকার নতুন কিছু অভিবাসী আইন প্রণয়নের লক্ষ্যে এখন আলোচনা করছে যার ফলে সে দেশে প্রায় ৫০ লক্ষ অভিবাসীর এক বিরাট অংশকে বহিষ্কার করা হতে পারে।সৌদি দৈনিক আল-হায়াতের এক খবরে বলা হয়েছে, সৌদি শুরা কাউন্সিল অবৈধ অভিবাসন নির্মূল করার লক্ষ্য নিয়ে একটি বিশেষ কমিশন গঠনের প্রশ্নে আলোচনা করছে।

সৌদি আরবের অবৈধ অভিবাসী সমস্যা সম্পর্কে এই কাউন্সিলের জন্য একটি রিপোর্ট তৈরি করেছেন কাউন্সিল সদস্য ড. সাদকা ফাদেল।বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ড. ফাদেল বলছেন, হজ, উমরা কিংবা ভিজিটার ভিসা নিয়ে এশিয়া এবং আফ্রিকার নানা দেশে থেকে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবে প্রবেশ করেছেন।কিন্তু এদের বেশিরভাগই আর কখনই নিজ দেশে ফিরে যাননি।
নিজেদের পাসপোর্ট ফেলে দিয়ে তারা রাজধানী রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা এবং তাইফের মত শহরে লুকিয়ে কাজকর্ম করছেন।স্থানীয়ভাবে কেউ কেউ বিয়েও করেছেন।এদের মধ্যে একটা বড় অংশ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে পড়েছেন। তিনি জানান, এই সমস্যাটিকে সৌদি সরকার জাতীয় নিরাপত্তার প্রতি বড় একটি হুমকি হিসেবে বিবেচনা করছে।
আর সেজন্যই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের চিন্তাভাবনা চলছে।কিন্তু অবৈধ অভিবাসীদের বৈধভাবে সৌদিতে থাকার ব্যবস্থা করে এদের অপরাধের পথ থেকে সরে আসার সুযোগ কেন সৌদি সরকার দিচ্ছে না? বিবিসির এমন প্রশ্নের জবাবে ড. ফাদেল জানান, এসব অবৈধ অভিবাসীরা যাতে বৈধ হতে পারে সৌদি সরকার প্রাথমিকভাবে সেই চেষ্টাই করবে।পাশাপাশি এসব মানুষের মানবাধিকারের প্রশ্নটিও জড়িত রয়েছে।তিনি বলেন, যাদের কাগজপত্র ঠিক করা যাবে, তারা বৈধভাবে থাকার অনুমতি পাবেন।
কোন কোন ক্ষেত্রে সৌদি নাগরিকত্ব দেয়ার প্রশ্নটিও বিবেচনার মধ্যে রয়েছে।কিন্তু বহু অবৈধ অভিবাসী রয়েছেন যারা অপরাধের সঙ্গে যুক্ত।এদের সৌদি আরব ছাড়তে হবে বলে তিনি জানান।

 

আজ ৯ মার্চ; ৭১ এর এই দিনে

৯ মার্চ,১৯৭১ এর এই দিনে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মধ্যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিকেলে পল্টন ময়দানের জনসভায় তুমুল করতালির মধ্যে মওলানা ভাসানী ঘোষণা করেন: ইয়াহিয়া সাহেব অনেক হয়েছে, আর নয়। তিক্ততা বাড়িয়ে লাভ নেই। ‘তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার’ নিয়মে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নাও। তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশ মতো আগামী ২৫ তারিখের মধ্যে কোন কিছু না করা হলে আমি মুজিবের সাথে মিলে ১৯৫২ সালের মতো তুমুল আন্দোলন শুরু করবো।

আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয়-সহ সারাদেশে সকল সরকারি ও আধাসরকারী অফিস, হাইকোর্ট ও জেলাকোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। বঙ্গবন্ধু যেসব সরকারি অফিস খুলে রাখার নির্দেশ দিয়েছেন কেবল সেসব অফিস চালু থাকে।

গভীর রাতে ইসলামাবাদে লে. জেনারেল টিক্কা খানকে ‘খ’ অঞ্চলের সামরিক শাসক নিয়োগ করা হয়। এই নিয়োগ ৭ মার্চ থেকে কার্যকর করা হয়েছে বলে ঘোষণা করা হয়। টিক্কা খান ৭ মার্চ ঢাকা আসেন। ৬মার্চ তাঁকে পূর্বাঞ্চলের গভর্নর নিয়োগ করা হয়। আজ তাঁর গভর্নর হিসেবে কাররর‌্যভার গ্রহণের কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে হরতাল চলাকালে ঢাকা হাইকোর্টের কোনো বিচারপতি নবনিযুক্ত সামরিক গভর্নরের শপথ অনুষ্ঠান পরিচালনা করতে অস্বীকার করেন।

জাতিসংঘের মহাসচিব উ থান্ট প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের স্টাফ ও তাঁদের পরিবারবর্গকে প্রত্যাহারের জন্য ঢাকাস্থ জাতিসংঘের উপ আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। জাপানের পররাষ্ট্র দফতর পূর্ববঙ্গে অবস্থিত তার দেশের নাগরিকদেরও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পশ্চিম জার্মান সরকার তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ছাত্রলীগ ও ডাকসুর নেতৃত্বে গঠিত ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ’ এর ছাত্রসভায় গৃহীত ‘স্বাধীন বাংলাদেশ’ ঘোষনার প্রস্তাব অনুমোদন করা হয়।

সামরিক কর্তৃপক্ষ রাত ৯টা থেকে রাজশাহী শহরে ৮ ঘন্টার জন্য কারফিউ জারি করেন। রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন নৈশ কারফিউ জারির পর আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে ঘোষণার পর রাজশাহীতে হঠাৎ সান্ধ্য আইন জারির কারণ বোধগম্য নয়। এই সান্ধ্য আইন জারি জনসাধারণের জন্য উস্কানি ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবি জানানো হয়।

সকালে পিআইএ-র বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর বাসভবনে এলে তিনি তাঁদের সাক্ষাৎদান করেন।

 

এরশাদকে বিএনএ’র চেয়ারম্যান করবেন নাজমুল হুদা!

0

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে বাংলাদেশ জাতীয় জোট-বিএনএর নেতৃত্ব ছেড়ে দিতে প্রস্তুত এর চেয়ারম্যান নাজমুল হুদা। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এরশাদ তার জোটের কিছু দলকে লোভ দেখাচ্ছেন জানিয়ে জনাব হুদা বলেন, জাপা চেয়ারম্যানের জোট করার ইচ্ছা থাকলে তাদের সঙ্গে তিনি যোগ দিতে পারেন। আর এরশাদ যোগ দিলে এই জোটের প্রধান হবেন তিনিই।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় নাজমুল হুদা এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন, জোটের নীতি এবং সমকালীন রাজনীতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে বিএনএ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাজমুল হুদার নেতৃত্বে ৩১ দলের জোট গঠন করা হয়েছে। তারা আগামী নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ারও ঘোষণা দিয়েছে। তারা নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নিয়েছেন সোনালী আঁশ।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের চেষ্টায় আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদও। বেশ কিছু ছোট ছোট দল এই জোটে যোগ দেবে বলে জাতিয়েছেন জাপা চেয়ারম্যান। তবে কোন কোন দল জোটে আসছে-এ বিষয়ে কিছু জানাননি তিনি।
নাজমুল হুদা বলেন, ‘আমাদের জোট এখন আর ৩১ দলেই থেমে নেই, আরও বেশ কিছু দল যোগ দেবে। এরশাদের জোট গঠনের এতই ইচ্ছা, তবে আসুন আপনি এই জোটে যোগদিয়ে ৩২ দলের নেতৃত্ব দেন। আমি আমার চেয়ারম্যানশিপ ছেড়ে আপনাকে চেয়ারম্যান করব।’
নাজমুল হুদা বলেন, ‘এরশাদ আমাদের কয়েকটি দলকে প্রলুব্ধ করে জোট গঠনের চেষ্টা করছেন। তার এই অপচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। গণতান্ত্রিক সুষ্ঠু ব্যবস্থায় এটা অশনি সংকেত। এই রাজনৈতিক অপকৌশল থেকে বিরত থাকুন।’
আলোচনা সভায় নিজের সাবেক দল বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ারও সমালোচনা করেন নাজমুল হুদা। তিনি বলেন, ‘খালেদা জিয়া বার বার ভোট বর্জনের ঘোষণা দেন, যা গণতন্ত্রের জন্য অশানি সংকেত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনএ ৩০০ আসনে নির্বাচন করবে। কার অধীনে, কোন সিইসির অধীনে, এটা আমাদের বিষয় নয়, নির্বাচন আমরা করবই।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনএর কো-চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ, দলের কেন্দ্রীয় নেতা আহমেদ শরীফ, জাগো বাঙালির চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান প্রমুখ।

জয়পাড়া হরিসভায় সালমা ইসলামের আর্থিক অনুদান প্রদান

ঢাকা -১ আসনের সাংসদ এডভোকেট সালমা ইসলাম বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের সমান অধিকার রয়েছে। এখানে আমরা সবাই ভাই ভাই। পৃথিবীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। মঙ্গলবার তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া খারাকান্দা হরিসভা মন্দির ও দুর্গামন্দিরের উন্নয়নের জন্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি নগদ এক লাখ টাকা অনুদান হস্তান্তর করেছেন।  তার হাত থেকে অনুদানের টাকা গ্রহণ করেন দুর্গামন্দির কমিটির সভাপতি সুবল সরকার ও সাধারণ সম্পাদক অখিল মালাকার। অন্যদের মধ্যে রয়েছেন মানিক রতন মালাকার, গোপাল সরকার, অ্যাডভোকেট রনজিত সাহা, বাসুদেব মালাকারসহ আরও অনেকে ।

ফিশ কাটলেট তৈরির নিয়ম

বিকেল যেমন গরম স্যুপে জমে তেমনি মুচমুচে খাবারেও কিন্তু কম জমে না। মুড়ি ভাজা, চিড়া ভাজা, মুচমুচে পুলি, পাক্কন এসবই বাঙ্গালির শীতের বিকেলের খাবার। সকালে হয় গরম ধোয়া ওঠা ভাঁপা, ভেজানো চিতই। তবে শহুরে শীতের বিকেল একটু আলাদা। এসময় হয় কাটলেট, চপ, স্যুপ, এগুলোই। আজকে বাংলা ট্রিবিউনের রেসিপি মুচমুচে ফিশ কাটলেট।

উপকরণ:

ভেটকি মাছ-৫০০ গ্রাম

পাউরুটি ভেজানো- ৩ পিস/আলু সিদ্ধ-২টি

লবণ-পরিমাণমতো

কাঁচামরিচ-২-৩টি

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

আদা ও রসুন বাটা -১ চা চামচ

ডিম- ১টি

কর্নফ্লাওয়ার-১ টেবিল চামচ

ধনেপাতা কুচি -১ টেবিল চামচ

জিরা গুড়া-১/২ চা চামচ

কাটলেট চুবানোর জন্য ডিম- ১ টি

বিস্কুটের গুঁড়া -পরিমাণমতো

তেল ভাজার জন্য

প্রণালি: মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিন। মাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিন। সব উপকরণ(ডিম, টোস্ট বিস্কিট এর গুড়া, তেল বাদে) দিয়ে ভালো করে মেখে গোল চ্যাপ্টা আকার করে নিন। এখন কড়াইতে তেল দিয়ে কাটলেট  ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে ডুবো তেল ভাজুন। গরম-গরম পরিবেশন করুন।

 

ঝটপট তৈরি করুন মাটন ফ্রাই

দুপুরে অথবা রাতের মেন্যুতে ঝটপট কোনও আইটেম রাখতে চাইলে মাটন ফ্রাই হতে পারে চমৎকার অপশন। নান রুটি অথবা গরম ভাতের সঙ্গে মজাদার এই আইটেমটি স্বাদেও নিয়ে আসবে ভিন্নতা।

জেনে নিন কীভাবে তৈরি করবেন মাটন ফ্রাই-

উপকরণ
খাসির সেদ্ধ ও পানি ঝরানো মাংস- আধা কেজি
রসুন – ৪টি (বাটা)
টমেটো- ১টি
লাল মরিচ- ১০টি (বাটা)
ভিনেগার- ১ চা চামচ
সরিষার তেল- ১ চা চামচ
আদা- ১টি (বাটা)
পেঁয়াজ- ১টি
জিরা- ১ চা চামচ (বাটা)
লবণ- স্বাদ মতো
হলুদ- ২ চিমটি
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন পানিতে। লবণ ও হলুদ দিয়ে খাস্যার মাংস সেদ্ধ করুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিন। কিছুক্ষণ মৃদু আঁচে নাড়ুন। পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। জিরা ও মরিচ বাটা এবং সেদ্ধ খাসির মাংস দিয়ে দিন প্যানে। কিছুক্ষণ নেড়ে ভিনেগার দিন। মাংসে কালচে রং ধরে আসলে নামিয়ে রুটি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

একাকিত্ব বাড়ায় সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া যেখানে সমগ্র বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’ বলতে শিখিয়েছে, সেখানে আসলে দেখা যাচ্ছে যে, কাজটা হচ্ছে একেবারেই ঠিক উল্টো। সোশ্যাল মিডিয়া প্রতিদিন মানুষকে একা ও অবসাদগ্রস্ত তৈরি করছে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ পিটসবার্গের এক গবেষণা বলছে, যারা যত বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাদের মধ্যে একাকিত্ব সবচেয়ে বেশি। সেই সঙ্গে বাড়ছে অবসাদও।

পিটসবার্গ ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত ১ হাজার ৭৮৭ জনের উপর এই গবেষণা চালান। সেই সঙ্গে পর্যবেক্ষণ করা হয় ১১টি সোশ্যাল মিডিয়ার উপর। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল প্লাস, স্ন্যাপচ্যাট, রেডিট, টাম্বলার ও লিঙ্কডইন। এরপর দেখা যায়, এই ১১টি সোশ্যাল মিডিয়ায় যে মানুষগুলি দিনের বেশির ভাগ সময় ব্যয় করনে, তাদের মধ্যে একাকিত্ব প্রবল।

এছাড়াও গবেষ্ণার ফলাফল বলছে, যারা প্রতি সপ্তাহে ৫৮ বারের বেশি সোশ্যাল মিডিয়ায় ভিজিট করেন, তাদের একাকিত্ব ৩ গুণ বেশি তাদের চেয়ে, যারা কিনা সপ্তাহে ৯ বার বা তার কম অনলাইন হন।

 

কম্পিউটার পরিষ্কার রাখার উপায়

ঘর কিংবা অফিসে সবচেয়ে বেশি ময়লা হওয়ার তালিকার মধ্যে যেই জিনিসটি রয়েছে, সেটি হলো কম্পিউটার। অথচ এই যন্ত্রটি ছাড়া আমাদের একদিন পার করাও অসম্ভব। শুধু তাই নয়, কম্পিউটার পরিষ্কার রাখলে তা কাজও করে বেশী ভালো ও দ্রুত। আর ঘরের কিছু উপাদান দিয়েই আপনি পরিষ্কার রাখতে পারেন আপনার কম্পিউটার। দেখে নিন কীভাবে ঘরোয়া উপাদানে মাত্র ৫ মিনিটেই কম্পিউটার পরিষ্কার করতে পারেন আপনি।

শুরুতেই কম্পিউটার এবং সব ডিভাইস পাওয়ার অফ করে নিন। এরপর একটি নরম মাইক্রোফাইবার কাপড় (চশমা বা ক্যামেরার লেন্স পরিষ্কারের কাপড়) দিয়ে ধুলো মুছে নিন। পেপার টাওয়েল বা টিস্যু ব্যবহার করবেন না কারণ এতে স্ক্রিনে আঁচড় পড়তে পারে। এরপর ব্যবহার করতে পারেন নিচের চারটি উপায়ের যে কোনো একটি-

বেবি ওয়াইপ
এই উপকরণটি আপনার কীবোর্ড পরিষ্কারের কাজে লাগবে। কীবোর্ড মাঝে মাঝে ঝাঁকিয়ে নিলে এর ভেতর থাকা ধুলো কিছুটা পরিষ্কার হয় বটে। কিন্তু ভালোভাবে পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন বেবি ওয়াইপ। এটা কীবোর্ডের ওপ পড়ে থাকা খাবারের গুঁড়ো, শুকিয়ে যাওয়া পানীয় এবং অন্যান্য ময়লা দূর করতে সাহায্য করে।

মাউথওয়াশ
গ্লাস ক্লিনারের কাজ করতে পারে মাউথওয়াশ। আপনার কম্পিউটারের স্ক্রিন পরিষ্কারে একে ব্যবহার করতে পারেন। একটি কাপড় মাউথওয়াশে ভিজিয়ে সেটা ব্যবহার করে মুছে নিন আপনার গ্লাস স্ক্রিন। কিন্তু এলিসিডি স্ক্রিনের ক্ষেত্রে তা করবেন না।

নেইল পলিশ রিমুভার
কীবোর্ড পরিষ্কারে নেইল পলিশ রিমুভারও ব্যবহার করতে পারেন। একটি পুরনো টুথব্রাশ এতে ভিজিয়ে তা দিয়ে কীবোর্ড বেশ ভালোভাবে মুছে নিতে পারবেন। লুকিয়ে থাকা ময়লাও এতে পরিষ্কার করা যাবে।

ভিনেগার
শুধুমাত্র সাদা ভিনেগার ব্যবহার করবেন এক্ষেত্রে। সমপরিমাণ সাদা ভিনেগার এবং পানি একটি পাত্রে মিশিয়ে নিন। এরপর একটি কাপড় এতে ভিজিয়ে খুব ভালো করে নিংড়ে নিন। এরপর তা দিয়ে মুছে নিন কম্পিউটারের বাইরের অংশ। কিছু কটন বাড সাথে রাখুন। এই মিশ্রণে ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন কীবোর্ডের কী-গুলোর মাঝের ময়লা। পুরনো ধাঁচের বল-সহ মাউস থাকলে বল খুলে নিন। বল এবং মাউস আলাদাভাবে মুছে পরিষ্কার করে নিন এই কাপড় দিয়ে। বলটা ভালো করে শুকিয়ে তারপর মাউসের ভেতরে আবার রেখে দিন।

পকেটে মোবাইল ফোন রাখা ঝুঁকিপূর্ণ

বেশির ভাগ মানুষই মোবাইল ফোনটিকে রেখে দেন প্যান্টের পকেটে। এভাবে মোবাইল ফোনটি পকেটে রাখলে মানব শরীরে যে ক্ষতি হয়, সে বিষয়টি অনেকেরই অজানা। পকেটে মোবাইল ফোন রাখা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এর তড়িৎ-চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে মানুষে শরীরের স্নায়ুতন্ত্র ও প্রজনন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এমনটাই দাবি করেছে রাশিয়ার একদল গবেষক।

লিগ অব নেশন হেলফ অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ও রাশিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞ নিকোলাই কনোরোভ সম্প্রতি মোবাইল ফোন পকেটে রাখার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি বলেছেন, বর্তমানের মানুষ যতটা তড়িৎ-চৌম্বকীয় ক্ষেত্রের বিকিরণের শিকার হয় এর ৭০ শতাংশই ঘটে নিজের মোবাইল ফোন থেকে।

আর বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত, এমন বিকিরণের প্রতি মানুষের শরীর প্রতিক্রিয়াশীল। গবেষকদের মতে, তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রের বিকিরণের প্রাথমিক শিকার হয় মানুষের স্নায়ুতন্ত্র। এ ছাড়া প্রজনন অঙ্গও এমন বিকিরণে ক্ষতিগ্রস্ত হয়। তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রে সবেচেয়ে বেশি ক্ষতি করে শিশু ও গর্ভবতী মহিলাদের। নিকোলাই কনোরোভ অবশ্য স্বীকার করেছে মোবাইল ফোনসেটের তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের বিকিরণে মানব শরীরের ওপর ক্ষতি নিয়ে বিস্তারিত কোনো গবেষণা হয়নি। তবে এটি কেউ অস্বীকার করতে পারবে না যে, মোবাইল ফোনসেট ব্যবহারের অন্তত কিছুটা সতর্কতা মানা উচিত।

স্বাস্থ্য বিশেষক ওয়েবসাইট হেলদিফুডহাউজের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন হাতে বা ব্যাগে রাখা এবং স্বল্পতম সময়ে কথা শেষ করার মাধ্যমে তড়িৎ-চৌম্বকীয় ক্ষেত্রের ক্ষতি অনেকাংশেই কমানো যায়।