জয়পাড়া বাজারে অবৈধ দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান শুরু করেছে দোহার পৌরসভা প্রশাসক ও উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) সকালে, দোহার পৌরসভা, উপজেলা প্রশাসন, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ফুটপাথের রাস্তা দখল করে কাঁচামাল বিক্রেতারা ব্যবসা চলাচল করছিলেন। অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করে পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ব্যবসায়ীদের জয়পাড়া তোহা বাজারে ব্যবসা পরিচালনার জন্য অনুমতি প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, এবং জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ অন্যান্য ব্যবসায়ীরা।

দোহারে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই হাজার ছাত্রী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। তিনি বলেন, “নারীদের উন্নয়নের জন্য সবচেয়ে প্রয়োজন সুশিক্ষা। একজন শিক্ষিত নারী শুধু নিজের পরিবারকেই নয়, পুরো সমাজকে আলোকিত করতে পারে। ছাত্রীদের শুধু পরীক্ষা পাস করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়েও গড়ে উঠতে হবে।” তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনারা মেয়েদের পাশে থাকুন, তাদের উৎসাহ দিন। প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ,দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমি দ্বায়িত্ব নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে আসছি। শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে পড়াশোনার মানে  জাতীয় পর্যায়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা আক্তার বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পাঠদানে শৃঙ্খলা, মনোযোগ এবং সহানুভূতির পরিবেশ তৈরি করেছি। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ত করে আমরা শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছি।” তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।

অভিভাবকেরা বলেন, এমন আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আত্মবিশ্বাস ও বিদ্যালয়ের প্রতি আস্থা বৃদ্ধি করে।

মৈনট ঘাটে জেনারেটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর: রইল অসহায় দুই সন্তান

মাহমুদুল হাসান সুমন: ঢাকার দোহারের পর্যটনকেন্দ্র “মিনি কক্সবাজার” খ্যাত মৈনট ঘাটে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। নৌভ্রমণ শেষে ঘাটে ফেরার পথে ওড়না জেনারেটরে পেঁচিয়ে প্রাণ হারালেন শাহিদা আক্তার (২৮) নামে এক নারী। শুক্রবার মাগরিবের আগ মুহূর্তে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শাহিদা উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় এক বেসরকারি কোম্পানির প্রতিনিধি সুজন হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর পরিবারের সাথে বেড়াতে গিয়েছিলেন তিনি। আনন্দঘন মুহূর্ত থেকে ফিরে আসার সময়ই ঘটে বিপর্যয়।

চোখের পলকে মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহিদা, বোট থেকে নামার সময় তার পরিহিত ওড়না হঠাৎ করে চলন্ত জেনারেটরে পেঁচিয়ে যায়। মুহূর্তেই মাথাও আটকে যায় ভয়ঙ্কর যন্ত্রে। চারপাশের লোকজন চিৎকারে ছুটে এলেও আর কিছুই করার ছিল না। গুরুতর আহত অবস্থায় দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই শিশু সন্তান মায়ের ডাক হারাল চিরদিনের জন্য, মাত্র পাঁচ ও সাত বছরের দুই সন্তানের আহাজারি হৃদয় বিদারক দৃশ্য তৈরি করেছে। অসহায় পরিবারটির শোকে ভেঙে পড়েছে পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, শাহিদা ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত একজন নারী। তাঁর অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া ও নিস্তব্ধতা।

নিরাপত্তাহীন মৈনট ঘাট, স্থানীয়রা অভিযোগ করেছেন, মৈনট ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রায়ই ঘটে নানা দুর্ঘটনা। প্রশাসনের প্রতি তাদের আহ্বান— এমন অবহেলা আর যেন নিরীহ মানুষের জীবন না কেড়ে নেয়। এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল এক মায়ের জীবন, অথচ রেখে গেল বুকভাঙা কান্না আর অপূর্ণ স্বপ্নের গল্প।

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় বিচার শুরুর আদেশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পুড়িয়ে ফেলার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচার শুরুর আদেশ দিয়েছেন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট ১৬ জনের বিচার শুরু হবে। একই সঙ্গে আলোচিত মামলার পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

এর আগে, ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

সম্প্রতি প্রসিকিউশন ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর পাঁচজনের লাশ এবং আহত এক ব্যক্তিকে পুড়িয়ে ফেলা হয়েছিল। এছাড়া ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যা করার অভিযোগও আনা হয়েছে।

নৃশংস এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠা তথ্যসূত্র, ৬২ সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। তবে মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন আসামি এখনও পলাতক।

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উলটে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। আরও দু’জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উলটে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যানচলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যানচলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

দোহার পৌরসভা ও এলাকাবাসীর উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির শুভ উদ্বোধন

মাহমুদুল হাসান সুমন : দোহার পৌরসভা ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে উত্তর জয়াপাড়া ও খাড়াকান্দা সংযোগ খাল পরিস্কার কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার প্রশাসক জনাব তানিয়া তাবাসসুম এবং ইঞ্জিনিয়ার এম. এম. মামুনুর রশীদ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, বিএনপি নেতা জুলহাস উদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুল জলিল, জাকির হোসেন, আব্দুল গণি, সফি উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সবার উপস্থিতিতে এই জনকল্যাণমূলক উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ মশা দিবস: স্বাস্থ্য সচেতনতা ও ঝুঁকি মোকাবিলার আহ্বান

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে মশা দিবস। দেশে বর্তমানে মশাবাহিত রোগের প্রকোপ দিন দিন বাড়ছে, যা এক বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের পরিবার, সমাজ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন সরকার, স্থানীয় প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন এবং জনগণের সম্মিলিত উদ্যোগ। মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে দরকার সচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশে জমে থাকা পানির পাত্র পরিষ্কার রাখা, ড্রেন ও রাস্তার ধারে পানি জমতে না দেওয়া, নিয়মিত মশানিধন অভিযান চালানো এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা।

সাথে সাথেই গুরুত্বপূর্ণ হলো সরকারি সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি করা, পরিবেশবান্ধব মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা এবং ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা।

দোহারে ‘ইয়াবা রানী’ টুনি ও সহযোগী গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত টুনি ওরফে ‘ইয়াবা রানী’ টুনি এবং তার সহযোগী জসীমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া কাইটাচান সড়ক এলাকা থেকে শাইনপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তার সঙ্গে ছিলেন এসআই হাবিব, এএসআই শাহ আলম ও কনস্টেবল রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, টুনি ও জসীম রিকশাযোগে চলাচল করার সময় তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। এসময় টুনির কাছে থেকে ২৬ পিস ইয়াবা এবং জসীমের কাছে থেকে ১০ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির সময় টুনি পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং কর্মকর্তাদের হুমকি-ধামকি দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, টুনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

শাইনপুকুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, টুনিকে এর আগে কক্সবাজার ও ঢাকায় একাধিকবার মাদকসহ গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে বেরিয়ে এসে সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

স্থানীয়দের প্রশ্ন, “বারবার গ্রেফতার হলেও টুনির মতো মাদক ব্যবসায়ীরা যখন বলে—গ্রেফতার করে কিছুই হবে না, আবার মুক্ত হয়ে একই কাজ করবে—তাহলে সমাজ থেকে কীভাবে মাদক নির্মূল হবে?”

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে সোমবার এই অধ্যাদেশ জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হলো।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা।

অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল

নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সব কিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’

এক প্রশ্নে জবাবে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেনই। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।’

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।’