যানবাহন চলাচলের জন্য চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

0

দীর্ঘ প্রতীক্ষার পর টিটিপাড়া আন্ডারপাস সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সকালে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে এটি চালু করার নির্দেশ দেন।

একপাশে অতিশী দীপঙ্কর রোড, আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড— মাঝখানে এই টিটিপাড়ার লেভেল ক্রসিং। সড়কপথের যানবাহন ও ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে লেভেল ক্রসিংটিকে আন্ডারপাসে রূপান্তর করা হয়। এ কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজধানীর ব্যস্ত এই সংযোগপথ। ফলে অফিসগামী, শিক্ষার্থী এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী লাখো মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছরের কর্মযজ্ঞ শেষে তৈরি হয়েছে এই আন্ডারপাস। নিচ দিয়ে ছয় লেনের সড়কের মধ্যে চার লেন থাকবে যান্ত্রিক যানবাহনের জন্য। পাঁচ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এই পথে। দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে প্রশস্ত ফুটপাত।

প্যাডেলচালিত যানবাহনের জন্য ঢাল কম রাখতে দুই পাশের লেন মাঝের চার লেনের তুলনায় কিছুটা উঁচু করা হয়েছে। এখন ওপরে ট্রেন আর নিচে অন্যান্য যানবাহনের চলাচল হবে বাধাহীনভাবে। রোড মার্কিং, মাঝের ডিভাইডারে ফুলের গাছ, সড়কের দুই পাশে ল্যাম্পপোস্ট— সব মিলিয়ে আন্ডারপাসটি এখন চোখে পড়ার মতো সৌন্দর্য পেয়েছে।

মূল সড়ক থেকে ১১ মিটার নিচ দিয়ে তৈরি এই আন্ডারপাসে বর্ষাকালে যেন পানি না জমে— এমন আধুনিক নিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় খন্দকার আবু আশফাককে নবাবগঞ্জ ছাত্রদলের শুভেচ্ছা

নবাবগঞ্জ (ঢাকা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল।

শুভেচ্ছা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, এবং ছাত্রদল নেতা আসিফ হোসেন, ইমন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতারা বলেন, খন্দকার আবু আশফাক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তা তাঁকে ঢাকা-১ আসনের যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তারা আশা প্রকাশ করেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে খন্দকার আবু আশফাক বিজয়ী হবেন এবং দোহার-নবাবগঞ্জ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করবেন এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবে সর্বদা।

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১৫ই নভেম্বরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।

আজ বুধবার (৫ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

এখন পর্যন্ত এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিলেও ‘জুলাই সনদে’ কোনো দলের সাথে মিল হলে ঐক্যের বিষয়টি ভাবা হবে বলে জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম আরও জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে কয়েকটি আসনে প্রার্থী না দেয়ার কথাও ভাবছে তার দল।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। নির্বাচনী ডামাডোলে তাদের নিরাপত্তার বিষয়টি যেন উপেক্ষিত না হয়, সেদিকে খেয়াল রাখার জন্যও তিনি আহ্বান জানান।

ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি ১০ টাকা হার নির্ধারণ করা হয়েছে। এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে।

এবারের সংশোধনায় নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রকাশের জন্য বিশেষভাবে নির্দেশনা যোগ করা হয়েছে, যা প্রার্থীরা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবেন।

চূড়ান্ত আরপিও-র অনুচ্ছেদ ৪৪-এ নতুন সংযোজন অনুসারে, প্রার্থীর নির্বাচনি ব্যয় ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অনুচ্ছেদ ১৩-এ প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা জামানত, যা আগে ২০ হাজার টাকা ছিল।

এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও খরচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

দোহারে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ব্যারিস্টার জাকির খান

মোঃ আল-আমিন, (দোহার): ঢাকা জেলার দোহার উপজেলার ৪০নং হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোহারের কৃতি সন্তান ব্যারিস্টার মো. জাকির খান। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক কার্যক্রম এবং প্রতিদিনের পাঠদানের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে ব্যারিস্টার জাকির খান বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী প্রদান এবং অভিভাবকদের বসার জন্য ছাউনি নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দেন।

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

পরে তিনি তাঁর শিক্ষাগুরু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামাদ মাস্টার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর সার্বিক খোঁজখবর নেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জাকির খান দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেন।

উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে তিনি যুক্তরাজ্যে গিয়ে নর্থউম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লিংকন’স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

ব্যারিস্টার জাকির খান দোহারের মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি হাজী আবুল কাশেম খান ও হাজেরা খানম দম্পতির সুযোগ্য সন্তান।

স্কুল ব্যাংকিং বিষয়ে টাচস্টোন স্কুলে ঢাকা ব্যাংকের বিশেষ আয়োজন

রিপোর্টার:আল-আমিন: ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত টাচস্টোন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং বিষয়ক বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনটি করেছে ঢাকা ব্যাংকের জয়পাড়া শাখা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক জয়পাড়া শাখার ব্যবস্থাপক এবং টাচস্টোন স্কুলের প্রধান শিক্ষক।

আলোচনায় স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের ব্যাংক লেনদেনের সাথে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।

ঢাকা ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন,

“শুধুমাত্র পাঠ্যপুস্তুকের সীমাবদ্ধ জ্ঞান থেকে বেড়িয়ে এসে হাতে-কলমে ব্যাংকিং জ্ঞান অর্জন করাই আমাদের উদ্দেশ্য। স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য ঢাকা ব্যাংক দিয়েছে ‘স্টুডেন্ট লেজার একাউন্ট’-এর সুযোগ, যেখানে ১৮ বছরের আগেই একাউন্ট খোলা ও পরিচালনা করা যায়।”

তিনি আরও বলেন, “প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীকে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও ভবিষ্যতে ব্যাংকিং সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

দোহারে কৃষকদলের উদ্যোগে মাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল-আমিন, (দোহার): ঢাকা জেলার দোহার উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মাহমুদপুর ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জয়নাল খান এর বাড়ি প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা কৃষকদলের সভাপতি কাজী রুবেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও দোহার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ানুছ আলী (চেয়ারম্যান) অনুপস্থিত থাকায়, প্রধান অতিথির আসন অলংকৃত করেন দোহার উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার মোঃ জাকির খান।

ব্যারিস্টার জাকির খান তাঁর বক্তব্যে বলেন,

“৫ আগস্ট আমাদের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে স্বাধীনতা-পরবর্তী সময়ে পুনর্গঠনের যে দিকনির্দেশনা দিয়েছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা। শহীদ জিয়া ও তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক। ছাত্র আন্দোলন আজ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামনের সারিতে রয়েছে। বিএনপি ও কৃষক দলের কর্মীরা জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

সভায় সভাপতি কাজী রুবেল বলেন, “আমাদের কৃষক দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবে। দোহার-নবাবগঞ্জের অভিভাবক খন্দকার আবু আশফাক ভাইকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, কৃষকদলে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা অন্যায়কারীর জায়গা হবে না। দল হবে শৃঙ্খলাপূর্ণ ও আদর্শিক।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ-সভাপতি জসিম মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মাঝি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক ফারুক তালুকদার, প্রচার সম্পাদক জুলহাস উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, বিএনপি নেতা ইয়াকুব দেওয়ান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দোহার উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল লতিফ খান, আয়ূব আলী দেওয়ান ও যুগ্ম সম্পাদক হামিদ মাদবর।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের কৃষকদল ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দোহার উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দোহারে র‍্যাব অভিযানে ২৬৩ পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেফতার

0

ঢাকার দোহার উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) এর বিশেষ অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে দোহার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতের নাম আলহাজ মোল্লা (৫৪)। তিনি দোহার উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে। র‍্যাব জানায়, অভিযানে প্রায় ৭৮ হাজার ৯০০ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দোহার ও আশপাশের এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। মাদকসহ তাকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

র‍্যাব পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে রক্ষায় ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য নিশ্চিত করেছেন: তাপস কর্মকার
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া), র‌্যাব-১০

এবার জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন: সিইসি

0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এবার জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় ১০ লাখ লোক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকে মূলত তারা নিজেরাই ভোট দিতে পারেন না। আমরা এবার উদ্যোগ নিয়েছি, যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা যেন সবাই ভোট দিতে পারেন। একটি অ্যাপ চালু করা হবে।
যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।

আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন তারাও এ দেশের নাগরিক উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, তারাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি।

দোহার নবাবগঞ্জ মাদকমুক্ত করতে প্রয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা: হায়দার বেপারী

ইউরোপীয় ইউনিয়ন এর তৃণমূল বিএনপির মুখপাত্র মো: হায়দার আলী বেপারী’র মাদকবিরোধী সচেতনতা বিষয়ক বক্তব্য

প্রিয় দেশবাসী,
আজ আমি এমন এক ভয়াবহ সমস্যার কথা বলতে এসেছি, যা আমাদের সমাজ, আমাদের তরুণ প্রজন্ম, এমনকি আমাদের ভবিষ্যৎকে গ্রাস করছে — আর সেটি হলো মাদক। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকে, একটি সমাজকে এবং শেষ পর্যন্ত একটি জাতিকেও ধ্বংস করে দেয়।

আমরা সবাই জানি, মাদকাসক্তি মানুষকে তার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটি শিক্ষা, কর্ম, নৈতিকতা—সবকিছু কেড়ে নেয়। একজন মাদকাসক্ত যুবক যখন নিজের উপর নিয়ন্ত্রণ হারায়, তখন সে অপরাধ, চুরি, খুন, ধর্ষণসহ নানা অপরাধের পথে পা বাড়ায়। সমাজে শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়, পরিবারের সুখ-শান্তি নষ্ট হয়।

মাদকের কুফল শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও ভয়াবহ।

এটি মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে।

কর্মক্ষমতা কমিয়ে দেয়।

পরিবার ও সমাজে ভাঙন সৃষ্টি করে।

তরুণ প্রজন্মের স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।

আমাদের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের হাতে থাকবে দেশের ভবিষ্যৎ। তাই তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।

সচেতনতা বৃদ্ধিতে করণীয়:
1. পরিবারের ভূমিকা: বাবা-মা ও অভিভাবকদের সন্তানদের প্রতি সজাগ থাকতে হবে—তাদের বন্ধুবান্ধব, চলাফেরা ও আচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে।

2. শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি চালু করতে হবে।

3. ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ: মসজিদ, মন্দির, গির্জা ও সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

4. কঠোর আইন প্রয়োগ: মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কোনো প্রকার রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।

5. তরুণদের বিকল্প কর্মসংস্থান ও বিনোদন: খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, যাতে তারা মাদকের ফাঁদে না পড়ে।

6. গণমাধ্যমের ভূমিকা: টেলিভিশন, সামাজিক মাধ্যম ও সংবাদপত্রে নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালাতে হবে।

চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি –
মাদককে না বলি, মাদকাসক্তিকে নয়, জীবনকে ভালোবাসব।
আমরা আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করব, একটি সুন্দর, সুস্থ, ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ব।
মাদকমুক্ত সমাজই হবে শান্তি, অগ্রগতি ও উন্নয়নের ভিত্তি।