জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে দোহার পৌরবাসী

দীর্ঘদিন বৃষ্টির ফলে জলাবদ্ধতার চরম ভোগান্তির স্বীকার ঢাকার দোহার উপজেলার দোহার পৌর এলাকার বাসিন্দারা। পৌরসভা গঠনের পর থেকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টানা কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে তলিয়ে যায় বাড়িঘর। দোহার পৌরসভার এই স্থায়ী জলাবব্ধতা এখন পৌরবাসির নিত্যদিনের সঙ্গী। সামান্য বৃষ্টি নামলেই পৌর এলাকায় পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে ।

জানা যায়, বর্তমানে দোহার পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও গঠনের পর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌর এলাকার জনগন। দোহার পৌরবাসীর প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে জলবদ্ধতা।

পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। অতি বর্ষনে কোন কোন এলাকা হাঁটু পরিমান পানি জমে আবার রাস্তা-ঘাটও পানিতে তলিয়ে যায়। ফলে পৌরবাসীর চলাচলে ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে; ব্যহত হচ্ছে কাজ কর্মও।

দোহার পৌরসভার লটাখোলা নতুন বাজার রাস্তা, জয়পাড়া, খাড়াকান্দা, চৌধুরীপাড়া, ইউসুফপুর, এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এতে করে দেখা যাচ্ছে মশা সেই জলাবদ্ধতার পানিতে ডিম পাড়ছে আর এই মশা বংশ বিস্তার করছে।

এই জলাবদ্ধতার কারনে  দেখা যাচ্ছে কোন কোন এলাকায় ঘরের ভিতরে পানি উঠে গেছে । পানি জমে থাকার কারনে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম ও ঘর গৃহস্থালীর কাজ করতে মারাক্তক বিঘ্ন ঘটে। বিশেষ করে তাঁত শিল্প অধ্যুষিত এলাকাগুলো বৃষ্টির পানি জমে থাকায় তাঁতীদের লুঙ্গি তৈরির কাজকর্ম বন্ধ থাকে। ফলে সময়মতো পাইকারদের লুঙ্গি সরবরাহ করতে পারছেন না তারা।

বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পানি পায়ে মাড়িয়ে তারপর স্কুলে যেতে হয়। দোহার পৌরসভার  উত্তর জয়পাড়া চৌধুরী পাড়ার বাসিন্দা  জাহানারা বেগম জানান, বৃষ্টির পানি জমে বছরের অধিকাশং সময় এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় বাড়ি থেকে বের হওয়া যায় না।

খাড়াকান্দা এলাকার রাসেল জানান, পৌরসভার গঠনের পর থেকে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না নেওয়ায় বছরের পর বছর আমাদের চরম ভোগান্তি পোতাহে হচ্ছে। তাছাড়া পৌরসভা নাকের ডগায় রাস্তা খাড়াকান্দা মসজিদ থেকে আবেদ আলী বাড়ি পর্যন্ত এই রাস্তাটি একটু বৃষ্টি নামলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় আর তখন মানুষ চলাচলের জন্য সমস্যা হয় আমরা শুধু পৌরসভায় টেস্ক দিয়ে যাচ্ছি কিন্তু কোন রকম সুবিধা পাচ্ছি না।

এলাকার অন্যান্য বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন, এ সমস্যা দীর্ঘদিনের হলেও দোহার পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকরী কোন উদ্যোগ না নেওয়ায় বছরের পর বছর সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে আমাদের । এ এলাকার শিশুরা সারাদিন পানির মধ্যে হাটাচলার কারনে বিভিন্ন পানিবাহিত রোগের সমস্যা সৃষ্টি হতে পারে। এ অবস্থা দীর্ঘদিনের হলে এ থেকে পরিত্রান পাচ্ছে না দোহার পৌরসভার জনগন। নিয়মিত দোহার পৌরসভার জনগন উন্নয়ন কর পরিশোধ করে আসলেও বৃষ্টির পানি নিস্কাষনের কোন উদ্যোগ হাতে না নেওয়ায় এভাবেই কাটছে বছরের পর বছর।

পবিত্র মক্কায় দোহারের হাজীর ইন্তেকাল

হজ পালনের উদ্দেশ্যে পবিত্র বাংলাদেশ ছেড়ে যাওয়া দোহারের নারিশা পশ্চিমচর নিবাসী মরহুম আব্দুস সামাদ বেপারী সাহেবের ছোট ছেলে জনাব আব্দুস সালাম বেপারী ইন্তেকাল করেছেন। তিনি মক্কায় ১৬ জুলাই সৌদি আরব সময় রাত ১.৩০ মিনিটে ইন্তেকাল করেন।

নবাবগঞ্জের সোনাহাজরা থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে মো. শাকিল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সোনাহাজরা গ্রামে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানান। মৃত শাকিল ওই গ্রামের মো. শাহজাহানের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা শুক্রবার সকালে প্রতিবেশীর বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। শাকিলকে বারবার যাওয়ার জন্য বললেও সে যেতে রাজি হননি। পরিবারের লোকজন কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শাকিলকে  ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

এব্যাপারে নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুর রাশিদ বলেন, শাকিল দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিলেন। এছাড়া সে ইউরোপে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের চাপ দিচ্ছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা ভাল ভিসা না পাওয়ায় তারা তাকে প্রবাসে পাঠাতে পারেনি। হতাশার কারনেই সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

দোহারে ইয়াবাসহ যুবক আটক

ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ জাহাঙ্গীর বেপারী (৩৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। আটককৃত জাহাঙ্গীর উপজেলার পশ্চিম মালিকান্দা গ্রামের মৃত ফয়জল বেপারীর ছেলে। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  উপজেলার মালিকান্দা-মেঘুলা বাজারের নদীর ঘাট সংলগ্ন কাঁচা রাস্তা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।  তার বিরুদ্ধে দোহার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিদিনের হাদিস: ঈমান

হাদিস নং ১৯: মুহাম্মদ ইবনু সালাম (রহঃ) … ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোন আমলের নির্দেশ দিতেন তখন তাঁরা যতটুকু সমর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। একবার তাঁরা বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমরা তো আপনার মত নই। আল্লাহ্ তা’আলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। একথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তাঁর চেহারা মুবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বললেনঃ তোমাদের চাইতে আল্লাহকে আমিই বেশি ভয় করি ও বেশি জানি।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আয়িশা (রাঃ)

হাদিস নং ২০: সুলায়মান ইবনু হারব (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিনটি গুণ যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পায়—(১) যার কাছে আল্লাহ্ ও তাঁর রাসূল  অন্য সব কিছু থেকে প্রিয়; (২) যে একমাত্র আল্লাহ্‌রই জন্য কোন বান্দাকে মুহব্বত করে এবং (৩) আল্লাহ্ তা’আলা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফর-এ ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

গ্রন্থঃ সহীহ বুখারী

অধ্যায়ঃ ঈমান

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

ঢাকা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক পদে দোহারের ইব্রাহিম নাইম

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহারের মো. ইব্রাহিম নাঈম। সে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া ঘোনা গ্রামের হাজী আব্দুল লতিফ এর ছেলে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এর সুপারিশক্রমে গত ৩১ জুন এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলদেশ ছাত্রলীগের সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সংবাদমাধ্যমকে ইব্রাহিম নাইম বলেন, শুরু থেকেইে আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা তিন ভাই বর্তমানে অওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছি। আমার চাচা দোহার উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযাদ্ধা ডা: বোরহান উদ্দিনের কাছ থেকে আমি রাজনীতির অনেক কিছুই শিখেছি। আমি ছাত্রলীগের মহানগরের সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে আনন্দিত। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে আমি সারা জীবন কাজ করে যাব।

নবাবগঞ্জে দুই ভাইয়ের কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বিক্রয় ও সেবনের অপরাধে মো. নাসির উদ্দিন (৭০) ও মো. ওয়াছেক (৬০) নামে আপন দুই ভাইকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃতরা উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের মৃত সমন মোড়লের ছেলে। সোমবার দুপুরে উত্তর চৌকিঘাটা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তাগণ তাদের আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দয়াময় দেব বলেন, নাসির ও ওয়াছেক দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো। সোমবার দুপুরে উত্তর চৌকিঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুই’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে মাদক বিক্রয় ও সেবনের দায়ে নাসির উদ্দিনকে ১ বছর ও ওয়াছেককে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

ভালো ফল করেও এমপিও পাচ্ছে না পিকেবি স্কুল

নবাবগঞ্জ উপজেলার আগলা, বক্সনগর ও গালিমপুর ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের পাশে বর্দ্ধনপাড়া এলাকায় ১৯৯৮ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত অর্থায়নে পিকেবি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্দুল বাতেন মিয়া নিজ অর্থায়নে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শিক্ষার মান ভালো হওয়ায় ২০১৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিকে (একাদশ শ্রেণি) উন্নীত করা হয়। তবে ভালো ফলাফল করেও প্রতিষ্ঠানের এমপিও মিলছে না।

শিক্ষানুরাগী আব্দুল বাতেন মিয়া উপজেলার পাঠানকান্দা-কোমরগঞ্জ-বর্দ্ধনপাড়া এই তিনটি গ্রামের নামের আদ্যক্ষর নিয়ে পিকেবি উচ্চ বিদ্যালয় নাম দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেখানে বর্তমানে ষষ্ঠ শ্রেণি-দ্বাদশ শ্রেণি পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটি ৪৮ জন শিক্ষক-কর্মচারী নিয়ে গভর্নিং বডি দ্বারা পরিচালিত হচ্ছে।

২০০৩ খ্রিষ্টাব্দে মাধ্যমিক স্তরের প্রাথমিক পাঠদানের অনুমতি সাপেক্ষে ২০০৫ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলায় প্রথম স্থান অধিকার করে। এ ছাড়া ২০১২ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ৩৯টি বিদ্যালয়ের মধ্যে উপজেলায় প্রথম স্থান অধিকার করে। এরপর থেকে প্রতি বছরই উপজেলায় ভালো অবস্থানে থাকছে প্রতিষ্ঠানটি।

২০১৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি একাদশ শ্রেণি চালুর মাধ্যমে ‘পিকেবি স্কুল অ্যান্ড কলেজ’-এর যাত্রা শুরু করে। ২০১৮ খ্রিষ্টাব্দে উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে উপজেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। তবে এখনও উচ্চমাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি মেলেনি। এমপিওভুক্ত না হওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ শাহ আজিজুর রহমান বলেন, আমাদের স্কুল শাখাটি এমপিওভুক্ত রয়েছে। কলেজ শাখাটি হলে শিক্ষার মান বাড়বে। বর্তমানে স্কুলের ফান্ড থেকে কলেজ চালাতে হিমশিম খাচ্ছি। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. জোনায়েত বাতেন বলেন, প্রতি বছরই উপজেলার মধ্যে ভালো ফল করে পিকেবি স্কুল অ্যান্ড কলেজ। কলেজ শাখাটি এমপিওভুক্ত হলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে।

প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক; পটুয়াখালী থেকে উদ্ধার দোহারের রহিম 

দীর্ঘ ১৪ মাস পর অপহরণ নাটক উদঘাটন করলো পিবিআই ঢাকা জেলা। দীর্ঘ ১৪ মাস ধরে আত্মগোপনে থাকার পর ঢাকা জেলার দোহার থানার অপহরণ মামলার ভিকটিম আঃ রহিম (৩০) কে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। গত ০৩ জুলাই পিবিআই ঢাকা জেলার উপ পুলিশ পরিদর্শক সালেহ ইমরান এর নেতৃত্বে পিবিআই পুলিশের একটি দল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার বানাতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম আঃ রহিম কে উদ্ধার করে। আঃ রহিম ঢাকা জেলার দোহার থানার পশ্চিম নারিশা চর এলাকার মৃত মাতাব আলী আকনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম আব্দুর রহীম একজন ব্যবসায়ী। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা কেনাবেচা করেন। অটোরিকশা বেচাকেনা নিয়ে কামরুল হাওলাদার (৪০) ও লিটন মাদবর (৩০) নামে দুই ব্যক্তির সঙ্গে ২০১৮ সালের মার্চে তার লেনদেন হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হলে রহীম থানায় একটি জিডি করে একদিন পরেই আত্মগোপনে চলে যায়।’ পরে তার ছেলে মো. সিফাত বাদী হয়ে কামরুল হাওলাদার, লিটন মাদবর, আলতাফ ও অজ্ঞাত আরও এক ব্যক্তিকে আসামি করে আদালতে অপহরণের একটি নালিশি মামলা করেন। আদালত সিফাতের অভিযোগটি দোহার থানাকে এফআইআর করে তদন্তের নির্দেশ দেন। এরপর দোহার থানা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তারা কিছুদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। তবে আব্দুর রহীমের কোনও সন্ধান পায়নি দোহার থানা পুলিশ। ১১ মাস থানা পুলিশ মামলাটি তদন্ত করেও কোনও হদিস না পাওয়ায় পিবিআই ঢাকা জেলাকে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর পিবিআই ঢাকা জেলা এক মাসের তদন্ত শেষে আত্মগোপনে থাকা রহীমকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা থেকে উদ্ধার করে।

পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান বলেন, দোহার থানা পুলিশ মামলাটি দীর্ঘ ১১ মাস তদন্ত করে ভিকটিম উদ্ধারে ব্যার্থ হলে পুলিশ হেডকোয়ার্টার্স এর আদেশে পিবিআই ঢাকা জেলায় আমার উপর তদন্তভার অর্পিত হয়। দায়িত্ব পাওয়ার এক মাসের মাথায় ভিকটিম উদ্ধার করে বিজ্ঞ আদালতে পাঠিয়ে জবানবন্দি রেকর্ড করা হয় বলেও জানান তিনি৷

ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দোহারের সানাউল্লাহ

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অত্র কমিটিতে সহ-সভাপতি হলেন ঢাকার দোহার উপজেলার মেঘুলা গ্রামের মো. সানাউল্লাহ।

মো. সানাউল্লাহ নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এবং সাবেক চকবাজার থানা ছাত্রলীগ ১ম যুগ্ন সাধারন সম্পাদক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগ, সাবেক চকবাজার থানার সাংগঠনিক সম্পাদক চকবাজার থানা ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারন সম্পাদক গোলাম রাব্বানী এক প্রেস বিজ্ঞপ্তীতে উক্ত নব গঠিত কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন মুজিব আদর্শ আমার শক্তি ও অনুপ্রেরনা। ছাত্রলীগের সকল কর্মকান্ডে ছিলাম আছি থাকবো।