দোহারে অটোরিক্সাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, দেড় কেজি গাঁজা উদ্ধার

0

শরীফ হাসান স্টাফ রিপোর্ট :ঢাকার দোহার উপজেলার মৈনট এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও একটি অটোরিক্সাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির একটি দল। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাহমুদপুর ইউনিয়নের মৈনট পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১. বেদে আকাশ (২৮), পিতা- মৃত হানিফ, বর্তমান ঠিকানা- বাহ্রা চরকান্দি (ভাড়াটিয়া), ২. মোঃ রুবেল (৩৪), পিতা- ইমরান, সাং- বাহ্রা চরকান্দা, ৩. খোরশেদ আলম ওরফে রুবেল (৪৬), পিতা- গোলাম কাদের, সাং- আগলা কালোহাটি, থানা- নবাবগঞ্জ।

অভিযান ও উদ্ধার: পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ও দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জুবাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ মৈনট এলাকায় অবস্থান নেন।

অভিযানকালে একটি নীল রঙের ব্যাটারিচালিত তিন চাকার মিশুক অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামায়। তল্লাশি চালিয়ে অটোরিক্সাটি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ।

দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

দোহারে ৩ গরুসহ পেশাদার চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

0

শরীফ হাসান স্টাফ রিপোর্টার :ঢাকা জেলার দোহার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুইটি গাভী ও একটি ষাঁড় গরুসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বাইল্লারচর চক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১. আল হক (৫০), পিতা- আব্দুল হক (গ্রাম: দক্ষিণ গাজীর টেক), ২. মিঠুন মোল্লা (৩৫), পিতা- শামসু মোল্লা (গ্রাম: দক্ষিণ গাজীর টেক), ৩. জামিল মোল্লা (৩০), পিতা- মৃত আবুল বাশার (গ্রাম: পূর্ব সুতারপাড়া)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে দোহার থানা। এরই ধারাবাহিকতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই মোহাম্মদ মাহাতাব উদ্দিন ও পুলিশের একটি চৌকস দল শুক্রবার ভোরে বাইল্লারচর এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে ওই তিন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হবে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট মাদুরো অপহৃত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সকালে ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়েছে এবং দক্ষিণ আমেরিকার এই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে “আটক” করেছে। কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর রাতের আঁধারে এই নাটকীয় অপহরণ অভিযান চালানো হয়।

দিনের পরে ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আগে ট্রাম্প একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন যে ছবিটিতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা-তে থাকা নিকোলাস মাদুরোকে দেখা যাচ্ছে।

ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “ট্রুথ সোশ্যাল”-এ পোস্ট করা ছবিটিতে দেখা যায়, ধূসর রঙের ট্র্যাকসুট পরা এক ব্যক্তি—যার চোখে কালো ব্যান্ড বাঁধা এবং হাতে একটি পানির বোতল।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে” যতদিন না একটি “বিবেচনাপূর্ণ” সরকার পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ভেনেজুয়েলার সরকার জানায়, রাজধানী কারাকাস ছাড়াও যুক্তরাষ্ট্র তিনটি অঙ্গরাজ্যে হামলা চালিয়েছে। এদিকে প্রতিবেশী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আরও বিস্তৃত একটি তালিকা প্রকাশ করেন, যেখানে তার মতে হামলার শিকার হওয়া একাধিক স্থানের নাম রয়েছে।

এই অভিযানটির আধুনিক ইতিহাসে খুব কমই নজির রয়েছে, যদি আদৌ থাকে। যুক্তরাষ্ট্র এর আগেও বিদেশি নেতাদের আটক করেছে—যেমন ইরাকের সাদ্দাম হুসেইন ও পানামার ম্যানুয়েল নোরিয়েগা—তবে সেসব ঘটনা ঘটেছিল সংশ্লিষ্ট দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পূর্ণমাত্রার আগ্রাসনের পর।

নিচে যুক্তরাষ্ট্রের এই হামলা ও উত্তেজনা বৃদ্ধির পটভূমি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরা হলো:

হামলাটি কীভাবে ঘটল?

স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে (গ্রিনিচ মান সময় ০৬:০০) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রায় ৩০ লাখ জনসংখ্যার এই শহরের বাসিন্দারা জানান, তারা নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান দেখতে ও শুনতে পেয়েছেন।

আল জাজিরার লাতিন আমেরিকা সম্পাদক লুসিয়া নিউম্যান জানান, অন্তত একটি বিস্ফোরণ ভেনেজুয়েলার রাজধানীর প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট তিউনা এলাকার কাছ থেকে হয়েছে বলে মনে হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) মার্কিন বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দেয়।

বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট মাদুরো জরুরি অবস্থা ঘোষণা করেন। তার সরকার হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানায় যে, কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যেও হামলা চালানো হয়েছে।

কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বিস্ফোরণের খবরের কথা উল্লেখ করে এবং মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলায় না যাওয়ার আহ্বান জানায়। তবে কূটনৈতিক মিশনটি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিশ্চিত করেনি। সেই নিশ্চিতকরণ আসে বোমা হামলার তিন ঘণ্টারও বেশি সময় পর, স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে।

দোহারে মাদক মামলায় ৫ আসামি গ্রেপ্তার

0

ঢাকার দোহার থানায় দায়ের করা পৃথক দুটি মাদক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দোহার থানার এফআইআর নং–২, তারিখ ০১ জানুয়ারি ২০২৬, ভোর ৪টা ৩০ মিনিটে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলার এজাহারনামীয় আসামি উত্তর চর জয়পাড়া এলাকার মাসুদের ছেলে ইয়ামিন হোসেন প্রান্ত (২৫) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, দোহার থানার মামলা নং–৩/৩, তারিখ ০২ জানুয়ারি ২০২৫ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১৯(ক) অনুযায়ী মামলার এজাহারনামীয় আসামি মফিজুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা ছন্দা নন্দলালপুর (শাহিন মেম্বারের বাড়ির পাশে), থানা–কুমারখালী, জেলা–কুষ্টিয়া। বর্তমানে তিনি দোহার উপজেলার পালামগঞ্জ এলাকায় আওয়াল দেওয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এছাড়াও সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে— শিলাকোঠা গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক, উত্তর জয়পাড়া গ্রামের শামসুদ্দিন খোকা মিয়ার ছেলে সিফাত হোসেন মনি (২২) এবং ডায়ারকুম গ্রামের শেখ মুসলেমের ছেলে মোঃ তাজুল ইসলামকে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দোহারে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দোহার থানা পুলিশ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রয়োজনীয় পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়:
১. টিটু (৪০): তিনি উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা (গোদাবাড়ী) গ্রামের মৃত শেখ রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে ৩১ ডিসেম্বর দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-২২)।
২. শিপন শেখ (২২): তিনি উপজেলার চর লটাখোলা (মাছের খামার) এলাকার জিন্নাত শেখের ছেলে। ১ জানুয়ারি তাকে মাদকসহ গ্রেফতার করে নতুন বছরের প্রথম মামলাটি (মামলা নং-০১) দায়ের করা হয়।
পুলিশি ব্যবস্থা:

দোহার থানা পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল জনসাধারণের জন্য উন্মুক্ত

0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য এ সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়।

সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মীদের অনেকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় বিজয় স্মরণি মোড়ে প্রবেশ মুখে ব্যারিকেডে অপেক্ষায় থাকেন অনেকে। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন।

এর আগে, সকালে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্যে মোনাজাত করেন।

জানা গেছে, সংস্কার কাজ চলমান থাকায় বন্ধ রাখা হয় ভেতরে প্রবেশ। এখন তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছে অন্য বাহিনীর সদস্যরাও।

গতকাল বুধবার বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

0

ডেস্ক রিপোর্টঃ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।

সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে আর অধ্যাদেশে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার-এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল, দুপুর ২টায় জানাজা

0

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় অংশ নিতে ও শেষ বারের মতো খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসেছিলেন অনেকে। কারো হাতে দেশের ও দলের পতাকা রয়েছে। আবার কারো হাতে  রয়েছে কালো পতাকা।

দোহারে ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামী আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, দোহার: ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার অন্যতম আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শের আলী মাদবর বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিলাসপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

শের আলী মাদবর বিলাসপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বড় রামনাথপুর গ্রামের বাসিন্দা এবং সৈজুদ্দিন মাদবরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শের আলী মাদবরের নিজ বাড়িতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মোল্লা। তাদের হাতে ফুল গ্রহণের মধ্য দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে দোহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তালিকাভুক্ত আসামিদের মধ্যে শের আলী মাদবরও রয়েছেন। এর আগে, গত ১৪ নভেম্বর পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার করেছিল।

ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি হিসেবে অভিযুক্ত একজন সাবেক আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানুয়ারি থেকেই বন্ধ হতে পারে অতিরিক্ত সিম সংযোগ

0

মোবাইল সিম ব্যবহারে শৃঙ্খলা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বছর থেকেই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে অতিরিক্ত সিম কার্ড বন্ধের কার্যক্রম শুরু হবে, যার ফলে সারা দেশে লাখ লাখ সিম নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক একটি এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি সিম রাখতে পারবেন। এর বেশি সিম থাকলে সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। সংশ্লিষ্টদের ধারণা, এই প্রক্রিয়ায় প্রায় ৯০ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যেতে পারে।

এ অবস্থায় গ্রাহকদের নিজেদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানার জন্য সহজ একটি সেবা চালু রাখা হয়েছে। মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা প্রদান করলেই মুহূর্তে জানা যাবে নিজের নামে নিবন্ধিত মোট সিমের সংখ্যা।

বিটিআরসি সূত্র জানায়, অনেক সময় গ্রাহকদের অজান্তেই তাদের এনআইডি ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করা হয়, যা প্রতারণা, সাইবার অপরাধ ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি তৈরি করে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সিমের অপব্যবহার রোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং মোবাইল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো যাচাই না করলে অনেক ব্যবহারকারী হঠাৎ সিম বন্ধ হয়ে যাওয়ার ভোগান্তিতে পড়তে পারেন। তাই জানুয়ারি আসার আগেই প্রত্যেক গ্রাহকের উচিত নিজের নামে নিবন্ধিত সিম যাচাই করা এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সিম বন্ধ বা হালনাগাদ করা।

এ কারণে সকল মোবাইল গ্রাহককে দ্রুত *16001# ডায়াল করে এনআইডির শেষ চার সংখ্যা দিয়ে নিজেদের সিম নিবন্ধনের তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।