স্বাস্থ্যবিধি মানুন, করোনা শেষ হয়নি, আমরা মাঝামাঝি সময়ে আছি – ইউএনও দোহার

নবনিযুক্ত দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ বলেছেন, মহামারি করোনা যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি,আমরা যুদ্ধের মাঝামাঝি সময়ে অবস্থান করছি। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সরকারের পাশাপাশি অন্যান্য সকল সংগঠণকে মানুষের পাশে সহায়তার প্রদান করতে। এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সব সময় দোহার বাসীর খবর রাখছেন। বুধবার দোহার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

গুড নেইবারের আয়োজিত এই ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরনে প্রধান অতিথি ছিলেন সদ্য নিযুক্ত দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, করোনার এই কঠিন সময়ে সারা দেশই আজ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ হাতে সব কিছুর সামাল দিচ্ছেন। আমাকে দোহারে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আমি চেষ্টা করবো সেই দায়িত্ব সফল ভাবে পালন করতে। মাননীয় সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি মহোদয়ও নিয়মিত দোহারের খোজ খবর রাখছেন। করোনার এই কঠিন সময়ে কিভাবে পরিস্থিতি উন্নত ও জন সাধারনের মাঝে সচেতনতা তৈরি করা যায় সেই ব্যাপারে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

নয়াবাড়িতে শিশু ধর্ষনের চেষ্টা

ঢাকা জেলার নয়াবাড়ি ইউনিয়নে পূর্ব ধোয়াইর গ্রামে দুই শিশু ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। ৭ জুন সন্ধ্যায় এই ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে। এই ধর্ষনের চেষ্টা করেন ঐ এলাকারই মুদি দোকানদার ফজল মাদবর ও ওয়াসেফ দেওয়ান। ধর্ষন চেষ্টার শুরুতে শিশুর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষনের চেষ্টাকারী ফজল মাদবর ও ওয়াসেফ দেওয়ান পালিয়ে যায়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ফজল মাদবরের বাসায় শিশুদের চাচা হারুন অর রশিদ গেলে তাকে আক্রমন করে আহত করে ফজল দেওয়ানের পরিবার।

জানা যায়, ৭ ও ১০ বছরের দুই বোনকে সন্ধ্যায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে স্থানীয় মুদি দোকানদার ফজল ও তার সহযোগী ওয়াসেফ দেওয়ান ফজল দেওয়ানের মুদি দোকানে ঢুকালে দুটি শিশুর একটি চিৎকার করলে এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে। এর পরিপ্রেক্ষিতে শিশু দুটির চাচা হারুন ফজল দেওয়ানের কাছে এই ব্যাপারে জানতে তার বাড়িতে গেলে ফজল দেওয়ানের মেয়ে ফারজানা হারুনকে টর্চ লাইট দিয়ে মাথায় বাড়ি দিয়ে আহত করে। ফলশ্রুতিতে এই ঘটনাকে কেন্দ্র করে হারুন দোহার থানায় এসে সাধারন ডায়েরি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব ধোয়াইর গ্রামের এক বাসিন্দা বলেন, এই রকম ন্যাক্কারজনক ঘটনা আসলে মেনে নেয়া যায় না। এর অতি দ্রুত প্রতিকার ও সঠিক বিচার হওয়া উচিত। দুপুরে পুলিশ এসেছিল কিন্তু তারপর চলে গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এলাকাতেই অবস্থান করছে।

এই ঘটনায় দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী অফিসার এস আই শাহ আলম নিউজ৩৯কে বলেন, ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই ঘৃন্য ঘটনায় নয়াবাড়িতে আলোড়ন সৃষ্টি করেছে। অতি দ্রুত দোষীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েন এলাকাবাসী।

দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু, লাশ দাফন করলো স্বেচ্ছাসেবক টিম

দোহারে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ জুলাই) দোহারের বিলাশপুরের
রামনাথপুরে শেখ কাজিমুদ্দিন নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
করোনা উপসর্গ নিয়ে মৃত লাশ দাফন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার স্বেচ্ছাসেবক টিম। এ নিয়ে দোহারে ৪ জন করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো তারা।
স্থানীয় ইউপি সদস্য জনাব সারওয়ার মোল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার স্বেচ্ছাসেবক টিমকে মৃত্যুর বিষয়টি অবহিত করে এবং লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
পরবর্তীতে বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন কে জানানো হয়। তার অনুমতিক্রমে মৃত ব্যক্তির লাশ দাফন করেন ইসলামী আন্দোলন দোহার শাখার স্বেচ্ছাসেবক টিম।

দোহারে জেনারেটর ও মাইক ব্যবসায়ীদের মানববন্ধন

সারা দেশের মতো দোহারেও ছড়িয়ে পরেছে মহামারী করোনা ভাইরাস। এখন পরিস্থিতি অনেকটা উন্নত হলেও স্বাভাবিক হয় নি জনজীবন। ফলে স্বাভাবিক না হওয়ার কারনে বিপদে পরেছেন দোহার-নবাবগঞ্জ উপজেলার জেনারেটর ও মাইক ব্যবসায়ীরা। বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকার কারনে এক প্রকার অসহায় জীবন যাপন করছেন এই পেশার সংশ্লিষ্টরা।  সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় তিন মাসেরও বেশি সময় ধরে কর্মহীন এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা কিংবা ঋণ সহায়তা পাওয়ার দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন করেছেন উপজেলার জেনারেটর-লাইটিং-সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা।

৬ জুন সোমবার সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা করোনা ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা কিংবা ঋণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

সংগঠনের নেতারা বলছেন, গত তিনমাস ধরে করোনার পরিস্থিতির কারনে সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকার কারনে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন এই পেশার নিয়োজিত দোহারের প্রায় তিন শতাধিক পরিবার। অনুষ্ঠান না থাকায় অনেকের পেটে খাবারও নেই। আমরা এখন দিশেহারা হয়ে পরেছি।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সজল সরকার, সিনিয়র সহ-সভাপতি সনি গমেজ প্রমুখ।

নবাবগঞ্জে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় হচ্ছে একটি বড় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নবাবগঞ্জ উপজেলায় ৮৭৪ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এ জন্য বেজা ১ হাজার ৭০২ কোটি টাকা ব্যয়ের একটি বিস্তারিত প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, এই অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক অনুমোদন আগেই নেওয়া ছিল। এবার প্রকল্পের অনুমোদন পেলে দ্রুত কাজ শুরুর আশা করা যায়।

বেজা বলছে, এ প্রকল্পের দুটি উদ্দেশ্য। প্রথমত, ঢাকা শহরে যত বিপজ্জনক শিল্পকারখানা আছে, সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য জমির ব্যবস্থা করা। দ্বিতীয়ত, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যাঁরা ঢাকার আশপাশে জমি চান, তাঁদের জন্য জমির ব্যবস্থা করা।

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি ঢাকা থেকে ৩৯ কিলোমিটার, কমলাপুর রেলস্টেশন থেকে ২৩ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে ২৫৬ কিলোমিটার দূরে। এর ৮৭৪ একর জমির মধ্যে ৮৩৪ একরই ব্যক্তিমালিকানাধীন। এসব জমিতে কোনো বসতি নেই, বছরের একটা সময় পানির নিচে থাকে, বাকি সময় কৃষিকাজ হয়।

সম্ভাব্য স্থানটির কাছেই ধলেশ্বরী ও ইছামতী নদী। পিডব্লিউসির প্রাক্‌-সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রথম শ্রেণির রুট হলো ধলেশ্বরী নদী। এর গভীরতা আড়াই থেকে সাড়ে তিন মিটার। ফলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটির নৌপথেও যোগাযোগ সুবিধা থাকবে।

নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে সম্ভাব্য বিনিয়োগের খাত কী কী চান, তা জানতে ১৫৮টি প্রতিষ্ঠানের ওপর জরিপ করেছে পিডব্লিউসি। এগুলোর মধ্যে ১২৮টি দেশি প্রতিষ্ঠান, বাকিগুলো বিদেশি বিনিয়োগকারীরা। জরিপে উঠে আসে যে সেখানে মোট ৯টি খাতে বিনিয়োগ করতে বেশি আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। সেগুলো হলো খাদ্য ও পানীয়, বস্ত্র ও পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, নন–মেটালিক মিনারেলস, ওষুধ, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, হালকা প্রকৌশল ও আসবাব, রাসায়নিক এবং প্লাস্টিক ও রাবার।

বেজা অবশ্য নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ২০২২ সালের মধ্যে শেষ করার কথা বলছে প্রকল্প প্রস্তাবে।

উল্লেখ্য নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে গত বছরের ৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নীতিগত অনুমোদন পায় বেজা। এরপর বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারসকে (পিডব্লিউসি) দিয়ে একটি প্রাক্‌-সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়।

করোনা থেকে সুস্থতা লাভ করেছেন নির্মল রঞ্জন গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও দোহারের কৃতি সন্তান করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। হোম আইসোলেশন শেষে ৬ জুলাই নতুন রিপোর্টে নির্মল রঞ্জন গুহ ও তার স্ত্রী আলো গুহের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। তিনি করোনার সময় সাধারন মানুষের মাঝে বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম চালানোর সময় করোনায় আক্রান্ত হন। হোম আইসোলেশন শেষে তিনি নতুন করে টেস্ট করলে তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। নিউজ৩৯ এর সাথে কথায় তিনি দোহার-নবাবগঞ্জ বাসীসহ সারা দেশ বাসীকে তার জন্য দোয়া করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর দোহার-নবাবগঞ্জ বাসী আমার পাশে থাকায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা মার জন্য দোয়া করেছেন, আমার সুসস্থতা কামনা করেছেন তার ঋণ শোধ করার নয়।

উল্লেখ্য ১৯ জুন নির্মল রঞ্জন গুহ ও তার স্ত্রী আলো গুহের করোনা পজেটিভ রেজাল্ট আসে।

জয়কৃষ্ণপুরে বাসায় ঢুকে সন্ত্রাসী হামলায় ২ জন আহত

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ের  বালেংগা গ্রামে শনিবার  দুর্বৃত্তের হামলায়  শেখ সফি উদ্দিন (৩৭) ও শেখ আরবালি(৩০)  নামে দুই ভাইকে পিটিয়ে মারত্মক আহত করা হয়েছে। বর্তমানে তারা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

সফি ও  আরাবালির স্বজনরা জানায়, স্থানীয় রজ্জবের নেতৃত্বে রনি,মিজান, মিন্টু ও দেলদুয়ার ও অজ্ঞাত পরিচয়ের ২০/২৫ জন  শনিবার  বেলা ১০ টা ৩০ মিনিটে হামলা চালিয়ে শফি উদ্দিন, আরবালি ও তার বৃদ্ধ পিতা মো. আলাউদ্দিনকে কে মারাত্মক আহত করে এবং ঘরের ভিতরে প্রবেশ করে আলমারি  ভাংচুর করে ও  স্বর্ন এবং নগদ টাকা নিয়ে যায়। বাড়ির দরজা জানালা ভাংচুর করে।

এ বিষয়ে নবাবগঞ্জ   উপপুলিশ পরিদর্শক মৃত্যুঞ্জয়ী কীর্তুনিয়া জয়  জানান -বিষয়টি শুনেছি উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও কে শুভেচ্ছা

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন ফিরোজ মাহমুদ। রবিবার (৫ জুন) সকাল ১১ টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় দোহার প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এর আগে জনাব ফিরোজ মাহমুদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

দোহারে যোগদানের পর তিনি জানান, দোহার প্রেসক্লাবের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি সাংবাদিকতের নিয়ে কাজ করতে ভালবাসি। দোহারের সকলের সহযোগিতা নিয়ে দোহারকে ঢাকার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে আবির্ভূত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, কোষাধ্যক্ষ মো. শাহজাহান, নিউজ৩৯ এর চিফ নিউজ রিপোর্টার আছিফুর রহমান, নিউজ৩৯ এর স্টাফ রিপোর্টার আছিফুর রহমানসহ  দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

দোহারে দায়িত্ব গ্রহন করলেন নবনিযুক্ত ইউএনও ফিরোজ মাহমুদ

 

 

 

দোহার উপজেলা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পদে দায়িত্ব গ্রহন করলেন এ এফ এম ফিরোজ মাহমুদ। রোববার সকালে দোহারের ইউএনও পদে যোগদান করেন।এর আগে তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ জুন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দোহারের ইউএনও পদে নিযুক্ত করা হয়।

 

 

 

২০১৩ সালে ৩১তম বিসিএস-এর মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন ফিরোজ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী এর আগে ২০১২ সালে অগ্রণী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইউএনও পদে যোগদান করেন। শিবালয়ের ইউএনও থাকাকালীন সেখানে জনবান্ধব বেশকিছু কর্মকান্ড করে প্রশংসিত হউন। এছাড়াও মানিকগঞ্জের পদ্মায় ইলিশ রক্ষায় রাতদিন অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উল্লেখযোগ্য অনেক কাজ করেন তিনি। বর্তমানে করোনা সংকটে নিজেকে অগ্রভাগে রেখে নিরলসভাবে কাজ করবেন বলে জানান ইউএনও এ এফ এম ফিরোজ মাহমুদ।

 

 

তিনি দোহারে যোগদান করেই সরকার নির্দেশনা সন্মানের সাথে দোহারের সর্বস্তরের জনগন সহ গণমাধ্যম কর্মিদের সাথে বর্তমান করোনা সংক্রমণ রোধে(কোভিড ১৯) প্রতিরোধে নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর বলে জানান। এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র চলতি দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য যোগদানকৃত ইউএনওকে।

 

 

উল্লেখ্য যে, দোহারে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা আফরোজা আক্তার রিবা পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিযুক্ত হোন গত ২ জুলাই বৃহস্পতিবার।

আক্কাচ উদ্দিন মোল্লার পৃষ্ঠপোষকতায় নবাবগঞ্জে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত

উসমান গ্রুপ অব কোম্পানী ও শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের কান্দাবাড়িল্যা গ্রামে প্রতিষ্ঠিত হলো বৃদ্ধাশ্রম সম্মান সাহাবী ওল্ড কেয়ার হোম। দোহার-নবাবগঞ্জসহ সারা বাংলাদেশের অবহেলিত যেকোন বৃদ্ধ বাবা-মায়ের সম্মান জনক পূর্নবাসনের উদ্দেশ্যে এই বৃদ্ধাশ্রম চালু করা হয়েছে। ১ জুলাই বুধবার এই বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

 

 

সারা জীবনের অর্থ দিয়ে, নিজের প্ররিশ্রমের টাকা দিয়ে, নিজে না খেয়ে সন্তানদের মানুষ করে অনেক বাবা-মা পাননা সন্তানদের কাছ থেকে প্রাপ্য সম্মান। তাদের কথা চিন্তা করে নবাবগঞ্জের পশ্চিম এলাকার গর্ব,অগনিত মানবসেবামূলক উন্নয়ন কাজের স্বপ্নদ্রষ্টা, সফল উদ্যোক্তা আক্কাচ উদ্দিন মোল্লা প্রতিষ্ঠা করেছেন এই বৃদ্ধাশ্রম। শুধু দোহার-নবাবগঞ্জ না, সারা দেশের অসহায় বৃদ্ধ মা-বাবা ও সন্তানহীন বৃদ্ধ লোকদের জন্য খোলা থাকবে এই বৃদ্ধাশ্রম। অসহায় বৃদ্ধ বাবা- মা’ দের শেষ জীবনের অন্ন,বস্ত্র,বাসস্থান,বিনোদন,ধর্মীয় শিক্ষা ও চিকিৎসা সেবাসহ সব ধরনের সেবার ব্যবস্থা থাকবে এই বৃদ্ধাশ্রমে।

 

 

এই সময় আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, শুধু বৃদ্ধ নয়, তিনি যুবকদের জন্যও কিছু করতে চান। চাকরির অভাবের এই সময় তিনি যুবকদের করতে চান স্বাবলম্বী। এই লক্ষে তিনি নবাবগঞ্জে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে চান এবং জনমানুষের সেবার জন্য প্রতিষ্ঠা করতে চান একটি হাসপাতাল। এই কাজগুলো বাস্তবায়ন করতে তিনি সহযোগীতা চান সকলের।

 

 

আক্কাচ উদ্দিন মোল্লার ব্যবসায় প্রতিষ্ঠানে তিনি ইতিমধ্যে চাকুরির ব্যবস্থা করেছেন নবাবগঞ্জের কয়েকশ শিক্ষিত যুবকের। শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন এলাকার ৫০০ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে তাদের লেখাপড়ার পথকে আরও সহজ করে দিচ্ছেন  এই মানুষটি। নবাবগঞ্জের পশ্চিম অঞ্চলকে তিনি গড়ে তুলতে চান স্বনির্ভর অঞ্চল হিসাবে।