দোহার – নবাবগঞ্জে কত কর দিয়ে অবৈধ জমি – ফ্ল্যাট বৈধ করা যাবে

আবু বকর, বিশেষ সংবাদদাতা, news39.net:আগামী জুলাই থেকে এক বছরের জন্য অবৈধ বা অপ্রদর্শিত জমি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধ ঘোষণা দেওয়া যাবে। তাই একেক এলাকার জন্য বর্গমিটার অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করে জমি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট বৈধ করা যাবে।

অর্থবিলে বলা হয়েছে, ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা; চট্টগ্রাম জেলার আকবর শাহ থানা, ইপিজেড, কর্ণফুলী, চকবাজার, চান্দগাঁও, ডবলমুরিং, পতেঙ্গা, বন্দর, বাকলিয়া, বায়েজিদ বোস্তামি ও সদরঘাট থানা; গাজীপুর জেলার জয়দেবপুর থানা, কালীগঞ্জ, বাসন, কোনাবাড়ী, গাছা, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ও আড়াইহাজার উপজেলার অন্তর্গত সব মৌজার স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ব্যবহারের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ১ হাজার ৫০০ টাকা এবং ভূমির করহার প্রতি বর্গমিটারে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

দোহারে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফ/সুমন; স্টাফ রিপোর্টার, news39.net: ঢাকার দোহার উপজেলায় বিপুল পরিমাণ গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১০ এর একটি বিশেষ দল। উপজেলার দোহার ঘাটা এলাকা হতে ৫২ কেজি গাঁজাসহ সোনিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১০।সোনিয়া দোহার পৌরসভার ৮নং ওয়ার্ডের বানাঘাটা গ্রামের শেখ শহিদের মেয়ে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৬ জুন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালানসহ ঢাকা জেলার দোহার থানাধীন দোহার ঘাটা এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মহিলা মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে, র‌্যাবের নারী সদস্যের সহায়তায় মাদক ব্যবসায়ী সোনিয়াকে আটক করা হয়। এসময় তার ভাড়াকৃত বাসার কক্ষ হতে পলিব্যাগে রক্ষিত ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় তার ভাড়াকৃত বাসার কক্ষের সামনে থাকা মাইক্রোবাসে অবৈধ আরও মাদকদ্রব্য রয়েছে। এরপর মাইক্রোবাসে র‌্যাবের আভিযানিক দল তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের সিটের পাটাতনের নিচ হতে আরও ৪২ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১৫,৬০,০০০/- (পনের লক্ষ ষাট হাজার) টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দোহারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।

আম খাওয়ার পর ভুলেও খাবেন না যেসব খাবার

গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় আর লোভনীয় ফল হলো পাকা আম। রসালো আম কেবল সুমিষ্টই নয়, বরং এর রয়েছে অনেক উপকারিতাও। আমের মৌসুম এলেই কাঁচা পাকা আমের চাহিদা অনেক বেড়ে যায়। আমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি পাওয়া যায়। অনেকেই আছেন, যারা আমের সময় সকাল, দুপুর এমনকি রাতেও আম খান। তবে আমের সঙ্গে কিছু খাবার খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। জেনে নিন, আমের সঙ্গে ভুলেও কোন খাবারগুলি খাওয়া চলবে না।

আম

কোমল পানীয়

আম খাওয়ার পর ভুলেও ঠান্ডা কোমল পানীয় খাবেন না। কারণ, আম এবং এই ধরনের পানীয় দুটোতেই চিনির পরিমাণ অনেক বেশি। ফলে এই দুটি জিনিস একসঙ্গে খেলে হঠাৎই শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।

দই

চিঁড়া, দই, আম, কলা একসঙ্গে মেখে খেতে ভালোবাসেন অনেকেই। খেতে মন্দও লাগে না। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, আমের সঙ্গে দইয়ের একেবারেই সদ্ভাব নেই। দুটি খাবার একসঙ্গে খেলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। এমনকি আম খাওয়ার পরেও দই খেতে বারণ করা হয়। এতে পেটের সমস্যা দেখা দিতে পারে।

তেল-মসলাদার খাবার

গরমে দুপুরে জমিয়ে ভূরিভোজের পর একটু আম না খেলে চলে না। কিন্তু তেল-মসলাদার খাবারের সঙ্গে আম খেলে হিতেবিপরীত হতে পারে। আমে থাকা অ্যাসিড মসলার সঙ্গে বিক্রিয়া করে হজমের সমস্যা হতে পারে।

দোহারের ইউসুফপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলার ইউসুফপুর গ্রামে পানিতে ডুবে জান্নাতুল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ঐ এলাকার মো.শরিফের একমাত্র কন্যা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলা করছিলো জান্নাতুল। বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা জান্নাতুলকে না পেয়ে চারিদিকে খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে জান্নাতুলের লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ভুয়া র‍্যাব পরিচয়ে স্বর্ন ছিনতাই: আটক ৫

শরীফ হাসানঃ ঢাকার দোহার উপজেলা থেকে ১০০ ভরি স্বর্ণালংকার নিয়ে মানিকগঞ্জে উদ্দেশ্য যাচ্ছিলেন দোহারের সোনা ব্যবসায়ী সুমন বৈদ্য। পথে র‍্যাবের পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে দুর্বৃত্তদের গাড়ি যানজটে পড়লে ব্যবসায়ীর সুমন বৈদ্য চিৎকারে গাড়িটি আটক করে স্থানীয় জনতা। এরপর ওই ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে জনসাধারণ।

আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলার সীমান্তবর্তী জামশা বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আটক হলেও ছিনতাই করা সোনা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীর জানান, তাদের সাথে থাকা দুই-তিনজন সোনা নিয়ে পালাতে পারেন।

পুলিশ, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহারের জয়পাড়া বাজারের ‘নির্ঝর অলংকার নিকেতন’-এর মালিক সুমন বৈদ্য ১০০ ভরি স্বর্ণালংকার নিয়ে অটোরিকশায় মানিকগঞ্জে যাচ্ছিলেন। পথে নবাবগঞ্জের নয়নশ্রী এলাকা থেকে একটি মাইক্রোবাস তাঁর পিছু নেয়। সুমনের অটোরিকশাটি সিঙ্গাইরের জামশা বাজারের কাছে গেলে মাইক্রোবাস থেকে পাঁচ থেকে ছয়জন নেমে র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর সুমনকে চোখ বেঁধে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গাড়িটি জামশা বাজার অতিক্রমের সময় যানজটে পড়ে। চলন্ত গাড়িতে চিৎকারের শব্দ শুনে স্থানীয় জনতা গাড়িটি ঘিরে ফেলে। এ সময় পরিস্থিতি বুঝে দুই-তিনজন সোনা নিয়ে পালিয়ে যান। বাকি পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

ভুক্তভোগী স্বর্ন ব্যবসায়ী সুমন বৈদ্য বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগে র‍্যাব পরিচয় দিয়ে পাঁচ থেকে ছয়জন লোক আমাকে অটোরিকশা থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর আমাকে চোখ বেধে ফেলা হয়।পরে
আমার কাছে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। পরে জামশা বাজারে স্থানীয় লোকজন গাড়িটি আটকে তাঁকে উদ্ধার করেন।

সিঙ্গাইর থানা সূত্রে জানা গেছে, সকাল ১০টার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ফোন করে পুলিশকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক পাঁচজনকে তাঁদের হেফাজতে নেয়। তাঁরা হলেন ফরিদপুরের নগরকান্দার মিরাজুল শেখ (২৮), মো. সম্রাট (২৮), পাবনার আটঘরিয়ার আমিজুদ্দিন (৫০), মাইক্রোবাসের চালক জানিব (৬২) ও নগরকান্দার তালমা এলাকার মো. শামিম (৪৪)।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে অধিকতর খোঁজখবর নেওয়া হচ্ছে।

বেনজীরের দায় নেবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। বেনজীরের দায় পুলিশ নেবে না। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন।

তিনি বলেন, ‘তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল মামলা ভারতেই হয়েছে। তাই ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে।

তিনি বলেন, যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে। পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়/বেনজীরের দায় নেবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নবাবগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ভূয়া পুলিশ গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে আলকাম ওরফে কামরুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অপহরণের দুই মাস পর বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করেন নবাবগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

গত শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আলকাম নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, আসামি আলকাম ওরফে কামরুল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে সর্ম্পক গড়েন এবং বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ওই ছাত্রীর বয়স (১৮) কম হওয়ায় পরিবার থেকে পরে বিয়ের কথা জানিয়ে দেওয়া হয়। এর মধ্যে গত ৩১ মার্চ দুপুরে গালিমপুর বাজার এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে রাজধানী ঢাকায় নিয়ে যান কামরুল। কিছুদিন পর ঢাকা থেকে পঞ্চগড়ে নিয়ে যান। এ সময় মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করেন কামরুল। পরে পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার বিষয়টি পুলিশকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল, মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মো. আমিরুল ইসলামসসহ পুলিশের একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার মিরপুরের একটি ভাড়া বাড়ি থেকে কামরুলকে আটক করে। এ সময় তাঁর ব্যবহার করা পুলিশের পোশাক, একটি মুঠোফোন এবং পুলিশের বুট, বেল্ট ও কাউন্টার টেররিজম লোগোযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকের পর আলকাম পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, এ ঘটনায় আলকামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দোহারে বীর মুক্তিযোদ্ধার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় “দোহার জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড” চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে এবং ২ পুত্র সন্তান রেখে গিয়েছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২৪ মে(শুক্রবার) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে জয়পাড়ায় অবস্থিত “প্রাইভেট হাসপাতালে” ভর্তি করা হয়।

তার জানাজায় অংশগ্রহণ করেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, তার বড় ছেলে মো:মাসুম,ছোট ছেলে মেজবাহ, দোহার উপজেলায় চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ তার ছাত্র ও এলাকাবাসী।

এখন থেকে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটি মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে। এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এটি চূড়ান্ত হবে।

প্রতিবেদনে বলা হয়, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক– শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য, আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক।

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম, চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। ২০২৫ সালে পঞ্চম ও দশম, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এ শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৬ সালে হবে এসএসসি পরীক্ষা। এরপর নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

দোহারে ব্যবসায়ীর উপর হামলাকারী ইউনিয়ন মেম্বার আটক

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলায় সাম্প্রতিক সময়ে আলোচিত পালামগঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুল হালিম ও নৈশ পাহারাদার শ্যামলের ওপর হামলার ঘটনায় জড়িত ইউপি সদস্যকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দোকান থেকে উদ্ধারকৃত সিসি ফুটেজ থেকে তাকে সনাক্ত করা হয়েছে।

সাদ্দাম মাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এছাড়াও, অপর ৩ (তিন) জনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- দোহারের বটিয়া গ্রামের আব্দুল খলিল (৩৫), দক্ষিণ জয়পাড়ার জামিল মাহমুদ (২৫) এবং কার্তিকপুর গ্রামের মো. নাসিরকে (২৩) ।

দোহার থানার ওসি হারুনুর রশিদ বলেন, দোকানিকে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত ৪ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। বাকিদের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে একাধিক মামলা রয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম।

উল্লেখ্য পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পালামগঞ্জ বাজারে আব্দুল হালিমের দোকানে চা পান করতে আসেন। পরে সিগারেট বাকি নেওয়াকে কেন্দ্র করে দোকানদারের ওপর হামলা করেন। এতে হালিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। এখনো হালিমের জ্ঞান ফিরে আসেনি। মিরপুরের কেয়ার হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে।