দোহার (ঢাকা) প্রতিনিধি: “সমবায়ে গড়বো দেশ, উন্নয়ন হবে সর্বশেষ” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) ঢাকার দোহারে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। এ উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসফিক সিবগাত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান আলী, অফিসার ইনচার্জ, দোহার থানা; মো. তুরাগ, কৃষি সম্প্রসারণ অফিসার, দোহার; এবং মো. নাফিজ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশন ও বিশিষ্ট সমবায়ী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস সাত্তার ও দেওয়ান শাহজাহান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. নাসির উদ্দিন। বক্তারা বলেন, সমবায় হলো গ্রামীণ অর্থনীতির প্রাণ, যা সামাজিক ঐক্য ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা জয়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, দোহার, ঢাকা।
