মাহমুদুল হাসান সুমন,দোহার প্রতিনিধি:ঢাকার দোহারে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দোহার থানায় এক আন্তঃধর্মীয় সম্প্রীতি ও বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন দোহার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রাজবংশী, দোহার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. শাহেদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম কুদ্দুস, জামায়াতের উপজেলা সেক্রেটারি নূর এ আলম ঝিলু, জেলা যুবদলের সাবেক নেতা শিপন মোল্লা, দোহার প্রেসক্লাবের প্রতিনিধি মাহমুদুল হাসান সুমন, এনসিপি নেতা আদর ইসলাম আকাশ, দোহার থানার কর্মকর্তাবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী প্রায় ৫০ জন ধর্মপ্রাণ লোক।
সভায় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রাজবংশী বলেন,
“প্রশাসনের আজকের এই উদ্যোগ আমাদের পূজা উদযাপনকে আরও নির্ভার ও নিরাপদ করবে। আমরা সনাতন ধর্মাবলম্বীরা আপনাদের ভাই মনে করি এবং চাই একসাথে শান্তিপূর্ণ সমাজ গড়তে। প্রশাসনের প্রতি অনুরোধ, পূজার সময় তারা যেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে।
সভাপতির বক্তব্যে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন,
“দোহার থানার পক্ষ থেকে আমরা পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। কেউ যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে আপনাদের পূজা পালন করবেন।”
দোহার উপজেলা জামায়াতের আমীর ডা. শাহেদুজ্জামান বলেন,
“আপনারা আমাদের ভাই। আমরা চাই একটি সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ। দুর্গাপূজায় প্রশাসনের সঙ্গে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।দূর্গাকে নিয়ে এক কবিতা আবৃত্তির মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন,
“আমি ছোটবেলা থেকেই আপনাদের পূজা মেলায় গিয়েছি। এবারও পূজার নিরাপত্তায় আমরা সক্রিয়ভাবে কাজ করবো।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম কুদ্দুস বলেন,
“ছোটবেলায় আপনাদের দুর্গোৎসবে অংশ নিয়ে লাড়ু-মুড়ি খেয়েছি, আলতিতে অংশগ্রহণ করেছি। সেই স্মৃতি আজও মনে আছে। আমি চাই, পূজার সময় সবাই মিলে নিরাপত্তায় কাজ করি।”
দোহার প্রেসক্লাবের প্রতিনিধি মাহমুদুল হাসান সুমন বলেন,
“প্রেসক্লাব সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে এসেছে। আমাদের সভাপতি মু. তারেক রাজীব পূজার সময় নিরাপত্তার সহযোগিতায় আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দোহার প্রেসক্লাব দোহার থানার সাথে সমন্বয় করে নিরাপত্তা বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব পালন করবে।”
এই সভা দোহার উপজেলায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। সকল রাজনৈতিক দল ও পেশার মানুষ একত্রে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও সহমর্মিতার বার্তা দিয়েছেন। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সাংবাদিক ও স্থানীয় জনগণ মিলে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তুলতে একযোগে কাজ করবে।
