মোঃ ফয়সাল, নবাবগঞ্জ (ঢাকা): “মাদকাসক্তরা দুর্বল, আমরা সংঘবদ্ধ। আপনারা ভয় পাবেন না; আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদককে চিরতরে মুছে ফেলতে পারব।” আজ শুক্রবার কলাকোপায় মাদক বিরোধী এক মতবিনিময় সভায় ৪নং ওয়ার্ডের বাসিন্দা ভুলু রহমান এ কথা বলেন।
‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩রা জুলাই (শুক্রবার) কলাকোপা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করা হয়। কলাকোপা ইউনিয়ন মাদক নির্মূল কমিটি (বিএনপি) এর উদ্যোগে আয়োজিত এই সভায় ইউনিয়নের সচেতন সুনাগরিকেরা অংশ নেন।
সভায় কলাকোপা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ১১ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত কলাকোপাবাসীরা নিজ নিজ ওয়ার্ডকে কীভাবে মাদকের মরণঘাতী ছোবল থেকে মুক্ত ও নিরাপদ রাখা যায়, সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক বক্তব্য তুলে ধরেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।
উক্ত মতবিনিময় সভায় কলাকোপা ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সকল সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই সমাজ থেকে মাদক নির্মূলে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
