দীর্ঘদিন পর বোতলজাত জ্বালানি এলপি গ্যাসের দাম কেজিতে প্রায় ৩০ টাকা কমেছে। ফলে জুলাই মাস থেকে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার ভোক্তা সর্বোচ্চ ১ হাজার ৫২৮ টাকায় কিনতে পারবেন, যা আগের মাসে ১ হাজার ৮৮৫ টাকায় নির্ধারিত ছিল।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানান, জুন মাসে সৌদি কন্ট্রাক্ট প্রাইস বা সৌদির সিপি ছিল প্রতি টন ৭৯৯ ডলার, যা চলতি মাসে প্রতি টন ৫৯৩ ডলারে নেমেছে। অর্থাৎ, এ ক্ষেত্রে সৌদি সিপি কমেছে প্রতি টনে ২০৬ ডলার।
জালাল আহমেদ আরও জানান, এই মাসে ডলারের বিনিময় হার একটু বেড়েছে। গত মাসে ছিল ১২২ টাকা ৮১ পয়সা আর চলতি মাসে ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনা করা হয়েছে। অর্থাৎ, ২৭ পয়সা বেড়েছে। জাহাজভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলার হয়েছে। সেই অনুযায়ী, প্রতি কেজি এলপিজির মূল্য যেটি জুন মাসে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা, সেটি জুলাই মাসে এসে হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ, কেজিপ্রতি কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসে নতুন দর অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫২৮ টাকা হবে। প্রতি ১২ কেজিতে ৩৫৭ টাকা কমেছে। ১২ কেজি সিলিন্ডার কোম্পানি বিক্রি করবে ১ হাজার ৪৩৩ টাকা, পাইকারি পর্যায়ে ১ হাজার ৪৮৩ ও খুচরা পর্যায়ে বিক্রি হবে ১ হাজার ৫২৮ টাকায়। একই সঙ্গে অন্যান্য পরিমাণের এলপিজি সিলিন্ডারও বিক্রি হবে।
একই সঙ্গে জুলাই মাসে বাসাবাড়িতে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির গ্যাস বিক্রি হবে প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সায়। আর যানবাহনে ব্যবহৃত অটো গ্যাস বিক্রি হবে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা।
