শরিফ হাসান, আল আমিন, এম এইচ সুমন: চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ উপলক্ষে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেন। রাজধানীর মাছরাঙা টেলিভিশন ভবনের সামনে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে সেখানে ফুল ও স্লোগান দিয়ে বেগম জিয়াকে শুভেচ্ছা জানানো হয়।
ঢাকা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা নিয়ে, পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে নেত্রীকে স্বাগত জানাতে আসেন। অনেকেই মাথায় দলের পতাকা বেঁধে বেগম জিয়ার আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা জহিরুল ইসলাম বলেন, “প্রায় চার মাস পর নেত্রীর আগমন আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তিনি অসুস্থ ছিলেন, আমরা প্রতিদিন তার জন্য দোয়া করেছি। আজ তার সুস্থ হয়ে ফেরা আমাদের জন্য সৌভাগ্যের।”
ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফুটপাতে অবস্থান করেছি, যাতে জনসাধারণের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। আমাদের সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন জেলা সভাপতি খন্দকার আবু আশফাক ভাই।”
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, “বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা শুধু আমাদের নয়, গোটা জাতির জন্য আনন্দের। গণতন্ত্রের উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার নেতৃত্বে দেশ সঠিক ও বৈষম্যহীন পথে এগিয়ে যাবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশে আগমনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা পূর্ণতা পাবে।”
