

আন্তর্জাতিক ডেস্ক ♦ বর্তমানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের জনগনের হাতে ধাওয়া খাওয়া বা জনতার জুতার আঘাতে আহত হওয়া যেন সাধারন ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এরকম ধাওয়া খেয়েছেন। এবার এর শিকার হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার অভিযান চালাতে গিয়ে তিনি ধাওয়া খেয়ে পালিয়েছেন।
বৃহস্পতিবার বাস্ক অঞ্চলের বেয়োনি শহরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালাতে যান সারকোজি। কড়া পুলিশ প্রহরায় শহরটিতে বেশ কয়েকটি জনসভায় তিনি ভাষণ দেন। তবে প্রতিটি জনসভায় প্রবল জনরোষের সম্মুখিন হন তিনি। এক পর্যায়ে শত শত বিক্ষোভকারীর প্রেসিডেন্ট সারকোজি'র দিতে তেড়ে আসলে তিনি নিকটবর্তী একটি মদের বারে ঢুকে পড়েন। এ সময় দাঙ্গা পুলিশ বারটিকে পাহারা দিয়ে রাখে। তবে বারে ঢুকেও রেহাই পাননি ফরাসি প্রেসিডেন্ট। বিক্ষোভকারীরা ওই ভবন লক্ষ্য করে পঁচা ডিম নিক্ষেপ করতে থাকে। এসব ডিম এসে বারের জানালায় আছড়ে পড়তে থাকে।
এ অবস্থায় তিনি সেখানে প্রায় এক ঘন্টা আটকে থাকেন। এ সময় তিনি বারের মধ্যে থাকা তার সমর্থকদের উদ্দেশে বলেন, বিক্ষোভকারীদের সংখ্যা অত্যন্ত কম এবং তারা সমাজবাদী প্রার্থী ফ্রান্সোইস হল্যান্ডের সমর্থক। এক ঘন্টা পর অতিরিক্ত পুলিশ বাহিনীর কঠোর প্রহরায় তিনি বারটি ত্যাগ করেন। এ সময়ও বিক্ষোভকারীরা তার দিকে কটু মন্তব্য ও কাগজ ছুঁড়ে মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগামী এপ্রিল ও মে মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সমাজবাদী প্রার্থী হল্যান্ডের সঙ্গে সারকোজির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।