বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান, মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীবান্ধব অন্যান্য কর্মসূচি রয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষা খাতের অগ্রগতি এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করবে সরকার।
বাল্যবিবাহের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত না হওয়ায় অনেক অভিভাবক কিন্ডারগার্টেন স্কুলের দিকে ঝুঁকছেন। তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো সরকার নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।
