প্রতিবেদক, মোঃ আল-আমিনঃ ঢাকার দোহার উপজেলায় জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হলো ভূমি মেলা ২০২৫। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলা, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার, ২৫ মে সকাল ১১টায় দোহার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। তিনি উদ্বোধনী ভাষণে ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এবং সবার উদ্দেশে নিয়মিত খাজনা পরিশোধ ও অনলাইন ভূমি সেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। মেলায় আগতদের প্রশ্নের উত্তর দিয়ে তিনি অংশগ্রহণকারীদের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ভূমি সেবার সুযোগ-সুবিধা, ভূমি সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সেবাগ্রহণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংক্রান্ত বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প-এর সহযোগিতায় আয়োজিত এই ভূমি মেলায় অংশগ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ।
মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি এবং ভূমি সেবাসমূহ প্রদর্শনকারী স্টল, যেখানে ভূমি রেকর্ড যাচাই, খাজনা পরিশোধ, নামজারি প্রক্রিয়া সহ বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।
উক্ত আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ডিজিটাল ভূমি সেবার গ্রহণযোগ্যতা আরও একধাপ এগিয়ে যাবে।
