জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আয়োজন করা হয়েছে শোকরানা দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।
আজ বুধবার বিকেলে দোহার থানাধীন বাস্তা এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি নুর-এ-আলম ঝিলু এবং হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। এছাড়াও থানা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সংক্ষিপ্ত আলোচনার পর অনুষ্ঠিত দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাস্তা এতিমখানা ও মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বক্তারা এ টি এম আজহারুল ইসলামের মুক্তিকে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত বলে উল্লেখ করেন এবং তার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করেন।
