নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সাদা অ্যাপ্রন পরে রোগীদের সেবা দেওয়াই ছিল তাঁর ব্রত। প্রতিদিনের মতো আজও ঘর থেকে বেরিয়েছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে গেল একটি সেবাময় প্রাণ। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা হালদার (৪৯) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অদ্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রিটা হালদার নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জে নিজ কর্মস্থলে ফিরছিলেন। সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পথিমধ্যে একটি আকস্মিক দুর্ঘটনায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হর গোবিন্দ পাল অনুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রিটা হালদার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নিবেদিতপ্রাণ সিনিয়র স্টাফ নার্স হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা জানান, তিনি রোগীদের প্রতি অত্যন্ত মানবিক ও আন্তরিক ছিলেন—হাসপাতালের প্রতিটি জরুরি মুহূর্তে তাঁকে সবার আগে পাশে পাওয়া যেত।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা সড়কে অতিরিক্ত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাকের বেপরোয়া গতি রোধ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।
রিটা হালদারের মৃত্যুতে পরিবার, সহকর্মী, রোগী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
