ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলামকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
শিক্ষাজীবনে অসামান্য সাফল্যের অধিকারী ব্যারিস্টার নজরুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি শুধু বিভাগেই নয়, পুরো ফ্যাকাল্টিতেও প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন রেকর্ড স্থাপন করেন।
এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা তাঁর এই অসামান্য অর্জনে অভিভূত হন।
ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার নজরুল ইসলাম। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে ন্যায় ও আদর্শের পথে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
দোহার ও নবাবগঞ্জের স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষায়, নীতিতে ও নেতৃত্বগুণে ব্যারিস্টার নজরুল ইসলাম এ অঞ্চলের তরুণদের অনুপ্রেরণার উৎস। নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
এক স্থানীয় নেতা বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে ব্যারিস্টার নজরুল ইসলামের মতো শিক্ষিত ও নীতিনিষ্ঠ প্রার্থীই আমাদের প্রয়োজন।”
