দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় অবস্থিত অক্সফোর্ড মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক মোঃ এমারত হোসেন এমরান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ শিহার, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার জিয়া উদ্দীব ভূইয়া, দোহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি একলাল উদ্দীন আহমেদ এবং দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা বৃদ্ধি করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
