ডেস্ক নিউজঃ দক্ষিণ কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা আগানগরে শ্রী শ্রী রাধেশ্যাম পঞ্চায়েত মন্দির থেকে চুরি হওয়া রাধা, কৃষ্ণ ও নৃসিংহদেবের ৩টি বিগ্রহ চুরির ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তারা মিয়া (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গত ৫ মার্চ সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দ্বীপন কুমার বর্মন নামে একজন ভক্ত দেখতে পান বিগ্রহগুলো মন্দিরে নেই। তিনি বিষয়টি মন্দিরের সভাপতি সুজিত বর্মনকে জানান। পরবর্তীতে থানায় খবর দিলে এসআই সুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত আগানগর ঝাড়ু পট্টি এলাকার তারা মিয়ার ভাঙারি দোকানে অভিযান চালিয়ে বিগ্রহগুলো উদ্ধার করে। একই সঙ্গে দোকানদার তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।



