তিন কোটির বেশি পাঠ্যবই এখনও অনুপস্থিত, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

105

ডেস্ক রিপোর্ট: বছরের দুই মাস পার হলেও দেশের শিক্ষার্থীদের জন্য তিন কোটির মতো পাঠ্যবই এখনও ছাপানো শুরু হয়নি। এছাড়া ছয় কোটি বই ছাপানো শেষ হলেও তা এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি, যার ফলে পড়াশোনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এক সপ্তাহের মধ্যে সব বই বিতরণের প্রতিশ্রুতি দিলেও কাগজ সংকট এবং মুদ্রণ সমস্যার কারণে তা বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার আগের শিক্ষাক্রম বাতিল করে পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। ডিসেম্বর নাগাদ ৪০ কোটি বই ছাপানোর কাজ শুরু হলেও কাগজ সংকটে মুদ্রণ থমকে গেছে। চীন থেকে আট হাজার টন কাগজ আমদানি করা হলেও এখন পর্যন্ত মাত্র দুই হাজার টন দেশে পৌঁছেছে। মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান জানিয়েছেন, কাগজ না থাকায় ছাপানোর কাজ বন্ধ আছে।এদিকে, স্কুল বন্ধ থাকায় ছাপানো বই কীভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৪০ দিনের রোজা ও ঈদের ছুটিও বিতরণে বিলম্ব ঘটাতে পারে। শিক্ষাবিদরা বলছেন, বই না পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক শিক্ষার সেতুবন্ধন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেছেন, “শিক্ষকেরা অনলাইনে বই পেলেও শিক্ষার্থীরা পাচ্ছে না, যা ডিজিটাল শিক্ষার পথে বড় বাধা।” শিক্ষার্থীদের এই দুর্ভোগ কত দ্রুত কাটবে, তা নিয়ে নীতিনির্ধারকরা এখনো নিরুত্তর।

আপনার মতামত দিন