ডেস্ক রিপোর্টঃ ঢাকার কেরানীগঞ্জে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত বেকারি শ্রমিক মো. আলাল মিয়াকে উদ্ধার করেছে র্যাব–১০। এ ঘটনায় অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে সৈকত সরকার (২৩),শিহাব রহমান সিন(২১),মোঃ সজিব (৩০),মোসাম্মৎ কুলসুম ২১),মোঃ রাসেল(৩০) ও মোঃ মেহেদী হাসান (২৮)।
র্যাব–১০ জানায়, অপহরণকারী চক্রের নারী সদস্য মোসাম্মৎ কুলসুম প্রেমের সম্পর্ক গড়ে তোলে আলাল মিয়ার সঙ্গে। এরপর ৬ জানুয়ারি তাকে কৌশলে কেরানীগঞ্জে নিয়ে আটকানো হয় এবং মুক্তিপণের জন্য নির্যাতন করে ভিডিও পাঠানো হয় তার পরিবারের কাছে।
পরিবার প্রথমে ২০ হাজার টাকা বিকাশে পাঠালেও অপহরণকারীরা তাকে মুক্তি দেয়নি। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে র্যাব–১০ অভিযান চালিয়ে গত বুধবার গভীর রাতে আলালকে উদ্ধার এবং ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় একটি সিএনজি, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
