অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বৈঠকে এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা আজ বেলা ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আজ সন্ধ্যা ৬টায় লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
বাংলা একাডেমিতে সভা শেষে নতুন সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করা হবে।’ সরকারের এমন সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। বইমেলায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।’
নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।
জাতীয় সংসদ নির্বাচনের কারণে পহেলা ফেব্রুয়ারি এবার বইমেলা শুরু হয়নি। তবে সাবেক অন্তর্বর্তী সরকার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা জানিয়েছিল।
