ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই মেলায় দোহার উপজেলার চারটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়ে উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রজেক্ট উপস্থাপন করে।
সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক উৎসব বৈরাগী এবং সহকারী অফিসার ম্যাথিউ সুজন মণ্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।
উদ্বোধনী বক্তব্যে বিমল গোলদার শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে উৎসব বৈরাগী ও অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প উন্নয়নে দিকনির্দেশনা দেন।
মেলায় প্রতিবেশী যুব সংস্থার সভাপতি মুক্তার খান ও সহ-সভাপতি হামিম খানও উপস্থিত ছিলেন। তারা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত মেলায় তিন সদস্যের বিচারক প্যানেল প্রজেক্টগুলো মূল্যায়নের পর সেরা উদ্ভাবন নির্বাচন করেন। অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীরা জানায়, ভবিষ্যতে তারা আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞানচর্চায় অবদান রাখতে চায়।
বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে বিজ্ঞান মেলার সমাপ্তি ঘোষণা করেন বিমল গোলদার ও প্রধান শিক্ষক আইয়ুব আলী। সংশ্লিষ্টদের দাবি—এ ধরনের বিজ্ঞানমুখী আয়োজন আগামী দিনে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইতিবাচক পরিবর্তন আনবে।
