মাহমুদুল হাসান সুমন,দোহার প্রতিনিধি:
বিশ্ব অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে দোহারে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় দোহার উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আলোচনা শেষে উপজেলা চত্ত্বরে এক র্যালির আয়োজন করা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক,দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সেন্টারের কো-অর্ডিনেটর আলী নূরসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতারণা এড়াতে বিদেশগমনের আগে সঠিক তথ্য যাচাই ও সরকারি নিয়ম অনুসরণ করা জরুরি।
তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দোহার উপজেলা প্রশাসন প্রবাসী ও তাঁদের পরিবারের পাশে সবসময় রয়েছে।
শেষে বক্তারা প্রবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
