ঢাকার দোহার-নবাবগঞ্জের প্রতিটি বাড়ি ও রাস্তার ধারে এখন শোভা পাচ্ছে কাঠলিচু বা পিচফল নামে পরিচিত এক মিষ্টি ফল। এক সময় অবহেলিত থাকা এই ফল আজ রাজধানী ঢাকার বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মতে, পিচফলের গাছ সহজে বেড়ে ওঠে, তেমন কোনো সার বা পরিচর্যার প্রয়োজন হয় না। ফলে খরচ ছাড়াই বেশি ফলন পাওয়া যায়। বাজারে ফলটির চাহিদা ও দাম দুই-ই বাড়ছে, ফলে লাভবান হচ্ছেন গাছের মালিক থেকে শুরু করে মৌসুমি পাইকার ও খুচরা বিক্রেতারা।
প্রতিদিন নবাবগঞ্জ সদর কাশিমপুরে বসে পিচফলের পাইকারি বাজার। এখান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। বাজারে প্রতি কেজি ৪০০–৫০০ টাকায় বিক্রি হচ্ছে এই সুস্বাদু ফল।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান জানান, “পিচফল খুব দ্রুত ফল দেয় এবং জলবায়ু সহনশীল। দেশের যেকোনো জেলায় বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। সম্পূর্ণ ফরমালিনমুক্ত ও সাশ্রয়ী দামের ফলে এটি লিচুর বিকল্প হতে পারে।”
তবে স্থানীয়দের অভিযোগ, চাহিদা বাড়লেও নতুন গাছ লাগানো বা বাগান সম্প্রসারণ তেমন হচ্ছে না। যথাযথ উদ্যোগ নেওয়া হলে দেশের চাহিদা মিটিয়ে পিচফল বিদেশেও রপ্তানি করা সম্ভব।
