বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা এলাকায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে ৩ জন মাদক কারবারি এবং ৭ জন জুয়াড়িসহ মোট ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২৫ জুলাই) রাত ১০টা থেকে রাত অনুমান ৩টা পর্যন্ত দোহার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার এসআই (নিঃ) হামিদুর রহমান, এসআই (নিঃ) মোঃ মাহতাব উদ্দিন ও এসআই (নিঃ) আতাউর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মারুফ হাসানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শামসুর রহমান ওরফে শামসু (৪৫), সজীব (২৯), সজল খান (২৫), ফারুক মাতবর (৫০), নয়ন খা (৩০), জুলহাস মাতবর (৩৫), জামাল চোকদার (৪০), বিদ্যুৎ রায় (৩৬), মোঃ হালিম (৩২) এবং মোঃ আলমগীর (৩৫)।
দোহার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
