দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং অন্য মামলার আরও এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (২২ জুন, ২০২৬) রাত আনুমানিক ১১:০০ টায় দোহার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই (নিঃ) কৃষ্ণ পোদ্দার এবং এসআই (নিঃ) সালামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১০০ পিস ইয়াবাসহ শাহিন সরদার (৩১) নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। শাহিন ফরিদপুর জেলার চরভদ্রাশন থানার চর শালেপুর গ্রামের বিল্লাল সরদারের ছেলে।
একই অভিযানে অন্য একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রুমান (৩৭)-কে গ্রেফতার করে পুলিশ। রুমান দোহার থানার পশ্চিম বেথুয়া এলাকার আশ্রাফের ছেলে।
দোহার থানা পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ মঙ্গলবার (২৩ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে অপরাধ ও মাদক মুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
