দোহার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্জ। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, সময়ের সঠিক ব্যবহার এবং অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ, দোহার উপজেলা সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলীসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সফলতার জন্য শুভকামনা জানানো হয়।
পরে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, দেশ-জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা অধ্যবসায়, নৈতিকতা ও আল্লাহভীতির সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
