মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে ৩০ জুন মংগলবার মাদকবিরোধী সমাবেশ ও সিসি ক্যামেরা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাসেম বেপারী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম বেপারী বলেন, “মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বাজার ও জনবহুল এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।”
আবুল হাসেম বেপারী সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে বাজারের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনের জন্য সিসি ক্যামেরা বিতরণ করা হয়।
