মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলায় দক্ষিণ জয়পাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ জুন) রাত আনুমানিক ২টায় উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার কুটি মুন্সীর হল সংলগ্ন মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগী ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩) কে আটক করে যৌথ বাহিনী।
অভিযানে ২,০০০ পিস ইয়াবা, ১৬টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৮৫ হাজার টাকাসহ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, যেখানে দোহার থানা পুলিশের একটি দল সহায়তা করে।
সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে। দোহার থানার ওসি (তদন্ত) মো. নূর-উন- নবী ইসলাম জানিয়েছেন, শহীদ ও তার ভাইদের নামে পূর্বেও একাধিক মাদকের মামলা রয়েছে। আটককৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হবে।
