দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় দোহার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী এবং এএসআই (নিঃ) সোহরাব হাসান তালুকদার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ আইন-শৃঙ্খলা ডিউটি ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ২ জন সিআর সাজাপ্রাপ্ত এবং ২ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
-
মোঃ আবিদ হোসেন, পিতা- মোঃ কিরন খান, সাং- শিলাকোঠা, দোহার, ঢাকা।
-
জিহাদ শেখ (১৯), পিতা- চুন্নু শেখ, সাং- চর কুশাই (দেওভোগ স্কুলের পূর্ব পাশে), দোহার, ঢাকা।
-
মোঃ আরিফ, পিতা- বারেক আকন (প্রোঃ মিতুয়া বস্ত্রালয়, লন্ডন প্লাজা), গ্রাম- বটিয়া, জয়পাড়া, দোহার, ঢাকা।
-
মিসেস আরিফা আক্তার, স্বামী- জনাব শাহিন, সাং- উত্তর জয়পাড়া, দোহার, ঢাকা।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে কোনো আলামত উদ্ধার করা যায়নি। তবে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
দোহার থানা পুলিশ জানায়, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
