বিশেষ প্রতিনিধি, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের এক রাত্রিকালীন বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট। সোমবার (২২ জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার মাদক ব্যবসায়ী, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে। আজ দুপুরের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেফতার যারা:
পুলিশ জানায়, অভিযানে রাইপাড়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) যুগ্ম সাধারণ সম্পাদক রিসাদ খান (২২)-কে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার কাঠালিঘাটা (নয়কান্দা) এলাকার মোঃ শাহজাহান খাঁনের ছেলে।
এছাড়া অন্যান্য আসামিরা হলো:
মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলা: ফারুক হাওলাদার (৪৫), প্রিন্স বেপারী (২৪), লিমন ফকির (২৮), মোঃ মিরাজ হোসেন (৩৬), মুনিবুর রহমান মাসুম (৩৮), এবং তুষার (৩০)।
নারী আসামি: ছায়েরা (স্বামী- আয়েন খা), সাং- লস্করকান্দা। তার বিরুদ্ধে সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল।
যেভাবে চলল অভিযান:
দোহার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার এসআই (নিঃ) আতাউর রহমান, এসআই (নিঃ) রবিউল ইসলাম, এসআই (নিঃ) ছানোয়ার হোসেন এবং এএসআই (নিঃ) সোহরাব হাসান তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতভর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, দস্যুতা এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, দোহার উপজেলাকে অপরাধ ও মাদকমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত সবাইকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
