মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এই দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। ঢাকা জেলা সার্কেল বিআরটিএ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, বিআরটিএ কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান সুমন ও দোহার প্রেসক্লাবের সদস্যরা।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক গঠনে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। তারা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
সচেতনতামূলক বার্তা:
#গতিসীমা মেনে চলুন, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।
#হেলমেট ও সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক।
#মোবাইল ফোন ব্যবহার না করে পূর্ণ মনোযোগে গাড়ি চালান।
#উল্টোপথে চলাচল ও অতিরিক্ত হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।
#যাত্রীদের প্রতি সম্মান ও সহযোগিতামূলক আচরণ বজায় রাখুন।
#চালক ও মোটরযান মালিকদের সঠিক ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
#পথচারীদের জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করতে হবে।
“সকলের সচেতনতাই গড়তে পারে নিরাপদ সড়ক”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
