

আন্তর্জাতিক ডেস্ক ♦ ইউরোপে উগ্রবাদী ও অভিবাসন বিরোধী আন্দোলনের উত্থানের নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট হারমেন ভ্যান রোমপুই। রোমানিয়া সফরের সময় স্থানীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই নিন্দা জানান।
তিনি রুমানিয়ায় বলেছেন, আইন অনুযায়ী ইউরোপে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর কোনো অবকাশ নেই। নেদারল্যান্ড এবং ফ্রান্সের নির্বাচনে অভিবাসন বিরোধী রাজনৈতিক দলগুলো তুলনামূলক ভালো করার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন প্রেসিডেন্ট হারমেন ভ্যান রোমপুই। ফ্রান্সে গত রোববার প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র জাতীয়তাবাদী দলের নেতা মেরিন লি পেন ১৮ শতাংশ ভোট পেয়েছেন।
প্রেসিডেন্ট হারমেন ভ্যান রোমপুই আরো বলেন, উগ্রবাদী ভাবধারা উত্থানের কারণে ইউরোপের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে চলাচল বাধাগ্রস্ত হতে চলেছে। ১৯৮৫ সালের জুনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য পাসপোর্ট পরীক্ষার প্রয়োজন পড়ে না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশসহ ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত দেশ আইসল্যান্ড, নরওয়ে এবং সুইজারল্যান্ড এ চুক্তি বাস্তবায়ন করেছে। কিন্তু সম্প্রতি ফ্রান্স ও জার্মানি ইউরোপীয় দেশগুলোর সীমান্তে আরো কড়াকড়ি আরোপের আহবান জানিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় হেরে যাওয়ার একদিন পর অর্থাৎ গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিও সীমান্তে কড়াকড়ি করার আহবান জানিয়েছেন।