

স্পোর্টস ডেস্ক ♦ অবশেষে ভারতে দরজা খুলতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য।বাণিজ্যিক লাভ-ক্ষতির হিসাবে অলিখিত ভাবে ভারত সফর থেকে এক প্রকার নিষিদ্ধই ছিল বাংলাদেশ দল।
বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল জানান বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন বাংলাদেশের ভারত সফরে সম্মতি জানিয়েছেন। সে অনুযায়ী এ বছরের শেষ দিকে বাংলাদেশ ভারতে যাবে একটি পুর্ণাঙ্গ সফরে। টেষ্ট স্ট্যাটাস পাবার পর থেকে বাংলাদেশ ভারতে কোন পুর্ণাঙ্গ সফর করতে পারেনি। সে কারনে ভারতে সফরের ব্যাপারটি বাংলাদেশ দলের কাছে বিশেষ কিছু।
বিসিবির এক প্রেস রিলিজে বলা হয়, "বিসিবি সভাপতি মুস্তফা কামাল বোর্ডকে জানান বিসিসিআই সভাপতির সাথে আলোচনা করার পর তিনি বাংলাদেশের সাথে সিরিজ আয়োজন করতে রাজি হয়েছেন। সফরটি এই বছরের শেষের দিকে হবে।"
মুস্তফা কামাল আইপিএল এর পঞ্চম সংস্করনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভারত গিয়েছিলেন।সেখানে তিনি বাংলাদেশ ক্রিকেটের ভারত সফর নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ প্রথম ভারতে গিয়েছিল একটি ওয়ানডে টুর্নামেন্ট খেলার জন্য ১৯৯০ সালে। এরপর যায় ১৯৯৮ সালের এশিয়া কাপ খেলতে এবং সর্বশেষ গিয়েছিল ২০০৬ সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। অথচ ভারতের বিরুদ্ধেই ঢাকায় অভিষেক টেষ্ট খেলেছিল বাংলাদেশ।