

Tec39 ♦ গতকাল ছিল পহেলা এপ্রিল মানে এপ্রিল ফুল দিবস। পশ্চিমা দেশগুলোতে এ দিনটি পালন করা হয় মানুষকে বোকা বানানোর দিন বা এপ্রিল ফুল হিসেবে। এ দিন মিথ্যা বলে, ধোঁকা কিংবা কষ্ট দিয়ে এবং প্রতারণা করে হাস্যরস সৃষ্টির চেষ্টা করা হয়। এই প্রবণতায় এবার ইন্টারনেট বিশ্বছিল দারুন মূখর। তাই ১ এপ্রিল ইন্টারনেটজুড়েই ছিল নকল প্রযুক্তিপণ্যের খবরে সয়লাব। প্রযুক্তি-বিশ্লেষকেরা, এ দিনটিকে তাই প্রযুক্তি-প্রেমীদের জন্য `ভয়ংকর' এক দিন বলে উল্লেখ করেছেন। এপ্রিলের প্রথম দিনটিতে ইন্টারনেটজুড়েই ছিল গুগলের বিভিন্ন সেবা, রিচার্ড ব্র্যানসন, তোশিবা, ফ্লিকার, সনির বিভিন্ন নকল পণ্যের খবর।
এ তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল গুগল। `নাসকার' নামে গুগলের চালকবিহীন গাড়ি, আগ্নেয়গিরির মধ্যে দিয়ে রিচার্ড ব্র্যানসনের পৃথিবীর কেন্দ্রে যাত্রা, তোশিবার নতুন আকারের ল্যাপটপ, ফ্লিকারের পুরোনো নকশায় ফিরে যাওয়ার মতো খবরগুলো বেশ জমজমাট করে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। ম্যাশেবল জানিয়েছে, ১ এপ্রিলের নতুন উদ্ভাবনগুলো স্রেফ মজা করা ও বোকা বানানোর জন্যই বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
গুগল এমন সব উদ্ভাবন দেখিয়েছে, যা ইন্টারনেটজুড়েই ছিল আলোচনার কেন্দ্রে। গুগলের প্রোফাইল নির্বাচন, ৮ বিটের ম্যাপ, নাসকার নামে চালকবিহীন গাড়ি, গুগল ক্রোমের মাল্টিটাস্কিং, অস্ট্রেলিয়ান স্ট্রিটভিউ, জিমেইল ট্যাপ ও ক্লিক-টু-টেলিপোর্ট অ্যাডওয়ার্ডস ছিল আলোচনার কেন্দ্রে। তবে গুগল ছাড়াও প্রযুক্তির অন্যান্য পণ্যনির্মাতা প্রতিষ্ঠানগুলোও যোগ দিয়েছিল এ `নকল' পণ্যের খবরের মিছিলে।
নকিয়ার কাছ থেকে এসেছে `নকিয়া লুমিয়া ১০০০', এয়ারন্যাবের কাছ থেকে চার হাজার ১১২ ডলারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বাড়ি ভাড়া নেওয়ার সুযোগ, ফ্লিকারের কাছ থেকে নতুন ছবি শেয়ারের প্ল্যাটফর্ম, ওয়েস্টজেটের কাছ থেকে শিশুদের ছাড়া ভ্রমণের সুযোগ ও আলাদাভাবে শিশুদের বিমানভ্রমণের সুযোগ, ব্র্যানসনের ককস্ক্রর মতো দেখতে ভার্জিন ভলক্যানিক নামের একটি যান, সনির ভায়ো কিউ মডেলের বিশ্বের ক্ষুদ্রতম ল্যাপটপও ইন্টারনেটে আলোচনায় এসেছে। টেকক্রাঞ্চ, কোরা, ভেঞ্চারবিট, পিসিম্যাগের মতো প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে নকল পণ্যের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
প্রযুক্তির নতুন উদ্ভাবনের এ খবরগুলোর ভিত্তি আছে কি না, তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও প্রযুক্তিবিদেরা এসব পণ্য তৈরি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি। তবে ইন্টারনেটের ওপর বিশ্বাস না করে `ভয়ংকর' দিনটির মজার কেৌতুক এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশে্লষকেরা।