
রোববার সকাল ১০টায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়নে অতিরিক্ত ক্লাস কর্মসূচি বাস্তবায়নের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে রিসোর্স টিচারদের ৬ দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
নুরুল ইসলাম নাহিদ এই স্কেল সম্পর্কে জানান, এই আলাদা স্কেলের পরিমাণ হবে অন্য সব সেক্টরের চেয়ে বেশি। মন্ত্রী এসময় বলেন, যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন তারা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে তাদের পক্ষে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা কঠিন হবে।
তিনি আরো বলেন, একটি জাতি বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটা অগ্রদূতের প্রয়োজন হয়। আমাদের বর্তমান প্রজন্ম সেই অগ্রদূত। তারাই পারে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আর এজন্যই নতুন প্রজন্মকে যোগ্যভাবে গড়ে তোলার জন্য এ শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তাদের যোগ্য করে গড়ে তোলা সম্ভব ছিল না। এই শিক্ষানীতির প্রতি দেশের সকল শ্রেণির মানুষের সমর্থন রয়েছে।