

ফ্রান্সের টানা ২৩ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গ্রুপ পর্বেই ভেঙ্গে দিয়েছিলো সুইডেন। কাল রাতের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে অপরাজেয় থাকার রেকর্ডও খুয়ালো করিম বেনজামা সামির নাসরিরা।
জাভি আলোনসোর জোড়া গোলে স্পেনের কাছে ২-০ হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়লো ফ্রান্স । কোনা প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম ফ্রান্সকে হারালো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এখন সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ডনব্যাস অ্যারেনায় এদিন স্পেনের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন আলোনসো। চমৎকার হেড থেকে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জানান দেন দিনটি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন তিনি। এটি তার চতুর্দশ আন্তর্জাতিক গোল। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার।
১৯ মিনিটে গোল পায় স্পেন। আন্দ্রে ইনিয়েস্তার বাড়িয়ে দেওয়া বল পেয়ে জরদি আলবা বাঁ দিক দিয়ে ওপরে উঠেন। একজনকে কাটিয়ে মাপা ক্রস নেন। জাভি আলোনসো ছুটে গিয়ে হেডে দর্শনীয় গোল করেন। জাতীয় দলের হয়ে তার শততম গোল।
৩৫ মিনিটে ফ্রি কিক থেকে প্রথমবারের মতো গোলে শট নেয় ফ্রান্স। ৩৫ গজ দূর থেকে ইউহান ক্যাবের শট কোনা দিয়ে জালে প্রবেশের আগে ইকার ক্যাসিয়াস তা পাঞ্চ করে বিপদ মুক্ত করেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় লা ব্লুজের শিষ্যরা। ফ্রাঙ্ক রিবেরি, করিম বেনজামা, নাসরিরা তাদের সামর্থের সবটুকু উজাড় করে খেলেন। পেছন থেকে বলের যোগান পেলেও আক্রমণে গিয়ে তাল হারিয়েছে।
৭১ মিনিটে সুবর্ণ সুযোগ হাত ছাড়া হয় ফ্রান্সের। আলবেরো ছয় গজ দূরে থেকেও নিশানা ভেদ করতে পারেননি। ফ্রান্স চাপিয়ে খেললে দুম করে ঘুরে দাঁড়ায় স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আলনসো গোল করে ২-০ তে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।